জাতিসংঘের একটি তথ্য-অনুসন্ধানী মিশন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানের মিনাবের একটি স্কুল এবং লামের্দের একটি ক্রীড়া কেন্দ্রে চালানো দুটি সামরিক হামলায় মার্কিন বাহিনীর দায় থাকার ‘যৌক্তিক ভিত্তি’ পাওয়া গেছে। মিশনটির মতে, হামলাগুলো যুদ্ধাপরাধের শামিল। নতুন প্রতিবেদনটি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করা হবে।
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে প্রায় ১২০ জন ছিল স্কুলশিক্ষার্থী। মিশনের সদস্যদের ভাষ্য, বিদ্যালয়টি স্পষ্টভাবে চিহ্নিত বেসামরিক স্থাপনা ছিল এবং এটি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল—এমন কোনো প্রমাণ তারা পাননি।
লামের্দ শহরের ক্রীড়া কেন্দ্রে হামলার ক্ষেত্রেও বিশেষজ্ঞরা একই ধরনের সিদ্ধান্তে পৌঁছেছেন। মিশনটি ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড এবং ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ দমনে ইরান সরকারের পদক্ষেপও তদন্ত করেছে। তাদের মতে, বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষ মানবতাবিরোধী অপরাধ করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।