সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের ৫০ টাকা পাওনা নিয়ে মারধরের ঘটনায় এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৬ বছর বয়সী ইমরান হোসেন। গত ২৪ মার্চ রাতে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত ইমরান দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে সৈয়দপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশা চার্জের ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ মিয়া ও তার সহযোগী জাকির ক্ষিপ্ত হয়ে ইমরানকে লোহার পাইপ, মুগুর ও কাঠের কঞ্চি দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেটে পাঠানো হয়, যেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
ঘটনার পর পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে, তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া পলাতক রয়েছেন। নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং পুলিশ অপর আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।