টানা তৃতীয় বছরের মতো ইসরাইলের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ সালে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে জাতিসংঘ ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে। ইসরাইল সরকারকে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের তালিকায় শীর্ষে রাখা হয়েছে, এরপর রয়েছে রাশিয়া। আগের বছরের তুলনায় শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা যথাক্রমে ৩৪ ও ১০ শতাংশ বেড়েছে। শুধু ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেই ১২ হাজার ৪৪৫টি ঘটনা রেকর্ড করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সহিংসতার মাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রতিবেদনটি জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক ম্যান্ডেটের ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারি বাহিনীকে শিশু অধিকার লঙ্ঘনের প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।