প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ‘ডঃ খলিলুর ছিলেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশি কূটনীতিকদের মধ্যে প্রথম বিসিএস নিয়োগপ্রাপ্ত। তিনি পররাষ্ট্র নীতিতে ব্যাপক গতিশীলতা সঞ্চার করেছেন। জাতিসংঘ প্রধানকে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার সফরে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ইউনূস একটি ধন্যবাদ পত্রও দিয়েছেন।’ শফিকুল আলম বলেন, প্রথমে তিনি মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৫ মিনিট কথা বলেন। তারপর তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এক ঘণ্টা কথা বলেন। এই আলোচনায় কিছু দীর্ঘ তালাবদ্ধ দরজা খুলে যায়। যার ফলাফল দেখতে পেলেন।’ আরো বলেন, আমাদের তৌহিদ হোসেন আছেন, দলে ডঃ খলিলের অন্তর্ভুক্তি মেকআপে কিছুটা শক্তি যোগ করেছে।’ শফিকুল আলম, ‘বাংলাদেশ ভীতু এবং নতজানু কূটনীতির জন্য পরিচিত ছিল। তা আর নয়!
শরীয়তপুরের জাজিরায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। জানা যায়, বিলাসপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধের জেরে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকরা ফের সংঘর্ষে জড়ায়। হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওতে দেখা যায়, খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি, সেখানে অনেকে বালতি থেকে নিয়ে হাতবোমা নিক্ষেপ করছে। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।
সিএমজি'কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রেসিডেন্ট শির সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে সহায়তা ও সমর্থন দরকার। চীন তাতে আগ্রহীও। তিনি বলেন, অর্থনীতি ও বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সবার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে, চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশে আসবে, নতুন করে কী করা যায় তা পর্যবেক্ষণ করবেন। ড. ইউনূস বলেন, ‘পৃথিবীর সব জায়গায় দারিদ্র্যের চেহারা একই রকম। এটি জয়ের সমাধান হলো মানুষের সৃজনশীলতাকে স্বীকৃতি দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা। ক্ষুদ্রঋণে পাওয়া অর্থ দরিদ্রদের কাছে একটা শক্তি, এই শক্তি ব্যবহার করে জীবন বদলে ফেলা সম্ভব।’ নিজের তিন শূন্য তত্ত্ব ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন শৈলীর আধুনিকায়ণ তত্ত্বের মিল প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘বিষয়গুলো একই। অনেক সামঞ্জস্য রয়েছে।' এই সময় সাক্ষাৎকারে উপস্থিত অধ্যাপক দু প্রধান উপদেষ্টার বৈশ্বিক অবদান তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই থাকসিন বাংলাদেশে এসে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেন। তিনি ইউনুসের মাইক্রোক্রেডিট মডেল অনুপ্রাণিত হয়ে নিজ দেশে একটি মাইক্রোক্রেডিট কর্মসূচি চালু করেন। এর জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস ছিলেন প্রধান অতিথি। সাক্ষাতে চিয়াং মাই ও চট্টগ্রামের মধ্যকার বিমান চলাচল পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা যাত্রার সময় মাত্র এক ঘণ্টায় সীমিত হয়েছিল। থাকসিন স্মরণ করেন, খালেদা জিয়া উদ্বোধনী ফ্লাইটে চট্টগ্রাম থেকে চিয়াং মাই একসঙ্গে ভ্রমণ করেছিলেন। আসিয়ান সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টায় থাকসিনের সমর্থন কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, থাইল্যান্ডের সহযোগিতায় রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক পরিবেশ তৈরি হবে।
ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে শুক্রবার বিক্ষোভে উত্তাল কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো।। রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। আন্দোলনকারীদের ওপর পুলিশকে চড়াও হতে দেখা গেছে। ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ জানিয়ে প্রবীণরা রাস্তায় বসলে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ। চেন্নাইয়ে প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বাংলার মুসলমানদের অধিকার ক্ষুণ্ন হতে দেবেন না।
সাভারে ইতিহাস পরিবহণের যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল। এটি সাভারে সাম্প্রতিক ঘটা তৃতীয় ঘটনা। এ ঘটনায় বাসচালক রজব আলী ও বাসের সহকারী এমদাদুল হককে শনিবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলমান অবস্থায় বাসে থাকা যাত্রীবেশি কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে সব যাত্রীকে জিম্মি করে। যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যান।
মিয়ানমারের প্রধানমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান মিন অং হ্লাইং শুক্রবার ব্যাংককে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে অধ্যাপক ইউনুস ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের জনগণের পাশে আছে। উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে, প্রয়োজনে আরও সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। জাহাজও প্রস্তুত রয়েছে।’ মিয়ানমারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এছাড়া সম্মেলনে মিয়ানমার কর্তৃপক্ষ ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার নাম-পরিচয় চূড়ান্ত করেছে, যাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।
সাভারের হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি বাস উলটে ৪০ জন আহত হয়েছেন। ভাষাশহিদ রফিক সেতুর ওপর ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব গঙ্গাস্নানে অংশ নিতে বাসে করে যাচ্ছিলেন অর্ধশতাধিক পুণ্যার্থী। মানিকগঞ্জের কালীবাড়ি মন্দির থেকে রওনা হয়ে নারায়ণগঞ্জের নাঙ্গলবান্ধায় গঙ্গাস্নানে যাওয়ার জন্য শুভযাত্রা পরিবহণ নামে বাসটি রিজার্ভ করা হয়েছিল। যেটি পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছে।
বৃহস্পতিবার গোল্ড কার্ড ভিসা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা একটি প্রোটোটাইপ রয়েছে। ট্রাম্প বলেন, ‘বিশেষ এই ভিসা সম্ভবত আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে। আমিই প্রথম ক্রেতা।" এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং জাতীয় ঘাটতি কমাতে ব্যবহার করা যাবে।’ ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছেন, ১০ লাখের মতো’ কার্ড বিক্রির আশা করছি।
ইসরাইলের কাছে ২০ হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত মাসেই যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া শুরু করে। জো বাইডেন এই অস্ত্র বিক্রি স্থগিত রেখেছিলেন। কারণ এই অস্ত্র উগ্রপন্থি ইসরাইলিরা বসতি স্থাপনে ব্যবহার করতে পারে এমন ধারণা করেছিলেন তিনি। রয়টার্সের প্রাপ্ত নথিতে দেখা যায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ৬ মার্চ কংগ্রেসে একটি নোটিফিকেশন পাঠায়। যেখানে ২৪ মিলিয়ন ডলারে ৫.৫৬ মিলিমিটার ক্যালিবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোল্ট কারবাইন রাইফেলের বিক্রির কথা উল্লেখ করা হয়। এর আগে জো বাইডেন পশ্চিম তীরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ও সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যা ট্রাম্প প্রথম দিনই প্রত্যাহার করে।
ইউক্রেনের ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে এবং মস্কোর ওপর আরও চাপ প্রয়োগের জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। গর্ভনর সেরহি লিসাক টেলিগ্রামে লিখেছেন, শুক্রবারের হামলায় আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিভি শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশী প্রশিক্ষকদের একটি সমাবেশে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে শত্রুপক্ষের ৮৫ জন বিদেশী সেনা এবং অফিসারের পাশাপাশি ২০টি যানবাহণেরও বেশি ক্ষতি হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পে আহতদের মধ্যে মোট ২২৭ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুধু শুক্রবার চিকিৎসা দেওয়া হয় ১৫০ জনকে। এর মধ্যে দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনরা একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। শুক্রবার ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি জেনারেল হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসক দল এই সেবা প্রদান করেছে।
ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় স্কুলশিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারক মোহাম্মদ ইউসুফকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। ৭ বছর পর ২০২৪ সালের ১১ অক্টোবর যুবদল নেতা সুলতান মো. সিকান্দার এ ঘটনায় মামলা দায়ের করেন। ইউসুফ ওই মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে ছাত্রদল নেতা শিবলুকে হত্যাচেষ্টার অভিযোগেও মামলা রয়েছে। এছাড়া বিধিবহির্ভূতভাবে কাজী নিয়োগ পাওয়ারও অভিযোগ রয়েছে।
বরগুনা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, তার বিরুদ্ধে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিষোদগার করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বরগুনা সদর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযুক্ত আসামি। ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ডেভিল হান্ট অপারেশন পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করা হয়।
সাদিক খান ৩০ মার্চ ঈদুল ফিতরের উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, ‘অনেকের জন্য এই ঈদের আনন্দ বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে যাবে, কারণ সুদান ও ফিলিস্তিনে চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় ও হত্যাযজ্ঞ আমাদের মনে গভীর কষ্ট সৃষ্টি করছে। ইসরাইলের সামরিক অভিযানের ফলে গাজায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত পনেরো হাজার শিশু রয়েছে। সুদানে চলমান ধ্বংসাত্মক যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং কোটি কোটি বাস্তুচ্যুত হয়েছেন।’ পরে যুক্তরাজ্যে ইসরাইলি দূতাবাস এক বিবৃতিতে বলে, মেয়রের এই বার্তায় হামাসের নাম উচ্চারণ করা হয়নি, সন্ত্রাসবাদের নিন্দা করা হয়নি, গৃহবন্দি নিরপরাধ ব্যক্তিদের মুক্তির আহ্বানও জানানো হয়নি।’ এছাড়া পরিসংখ্যান একতরফা হামাসের বলে খারিজ করে দূতাবাস। মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘মেয়র বহুবার হামাস কর্তৃক সংঘটিত হামলাগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রতিটি প্রাণহানিতে শোকাহত এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন।’
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।