উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আমরা অনির্বাচিত এই কথা কে বলল। ছাত্র-জনতা, যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। তিনি বলেন, গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা বা যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার কেউ বলেনি এই অভ্যুত্থানে যোগ দিয়ে তারা ভুল করেছেন। তারা বলেছেন, শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই দেখতে চান। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ হাসিনা এবং যারা এই হত্যাকারী, তাদের বিচার করা। এটাতে কোনো রকম ভুলত্রুটি হতে পারবে না। বিচার আমাদের করতেই হবে। আরও বলেন, বিচার যদি হয়, ওরা অন্তত শান্তি পাবে। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, জুলাইকে অবশ্যই ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করি, একইভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতার প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকতে হবে।
বিএনপি নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলায় বাংলাদেশের জনগণ সরাসরি দেশের সরকারের হস্তক্ষেপ চায়। কারণ অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহূর্তে সচেতন মানুষ হিসেবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান। তিনি বলেন, একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বরে বিশ্বব্যাপী প্রতিবাদই পারে রাফা ও গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত এই বর্বরতার অবসান ঘটাতে। আরো বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসঙ্গে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে নৃশংস এ হামলার অবসান ঘটানোর মধ্য দিয়ে সমাধান চাচ্ছি।
গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ শহর রাফাহ পুরোপুরি দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করছে আইডিএফ। দাবি অনুযায়ী, খান ইউনিস ও রাফাহর মধ্যকার অঞ্চলের ‘মোরাগ’ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে শহরটিকে অবশিষ্ট গাজা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরাইলী দখলদার বাহিনী। যুদ্ধবিরতির পর গাজাবাসীর আশ্রয়স্থল ছিল এই শহরটি। এখন এখান থেকেও তাদের সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ করে হামাসকে নির্বাসিত করার এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার এটাই শেষ সুযোগ। যদি গাজার বাসিন্দারা কথামতো কাজ না করে, তবে পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি অভিযান ছড়িয়ে পড়বে।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত গণতন্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। এই নীতি-আদর্শের মধ্যে যদি শান্তি আসতো, তাহলে সারাবিশ্বে শান্তি দেখা যেতো। তিনি বলেন, গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি অশান্তির আগুনে জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনসহ সারাবিশ্বে যে অশান্তির আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, শান্তির জন্য রাষ্ট্র, সমাজসহ সর্বত্র ইসলামী নীতি-আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামি শাসনব্যবস্থা ছাড়া মানবতার প্রকৃত মুক্তি মিলবে না।
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালীর অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাই আন্দোলনকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে। উপদেষ্টা বলেন, অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। সিলেট সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে উপদেষ্টা বলেন, এবার সব ধর্ম-জাতি, সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে- শুধু বৈশাখকে কেন্দ্র করে, যার মাধ্যমে দেশকে নতুনভাবে চিনবে মানুষ। ফারুকী বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব। চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখ আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃংখলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। এখনো আন্দোলন শেষ হয়নি। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরে বা তার দুই এক মাস আগে পরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিএনপি নির্বাচনের নির্ধারিত রোড ম্যাপ দেখতে চায়। রোড ম্যাপ হয়ে গেলেই নির্বাচনের পদক্ষেপ স্বরুপ নির্বাচনী বোর্ড গঠন ও প্রার্থী ঘোষণা করা থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। তখন বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। এ নেতা বলেন, আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। আরও বলেন, আমরা একটি দানবিক ও খুনি হাসিনা সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার বাংলাদেশকে, বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে। বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে।
মুসলমানবিরোধী ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে জারি করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, তা হলে হিংসা কেন? যারা এই হিংসায় উসকানি দিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মমতা বলেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। প্রসঙ্গত, সারা দেশে বিক্ষোভের মতো মমতার রাজ্য জুড়েও ওয়াকফ আইনবিরোধী বিক্ষোভ চলছে। সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি থাকা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে। মুজাফফরনগরে জুমার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন শতাধিক ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু ২ লাখ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যৌতুক দেওয়া-নেওয়া অপরাধ। শুধু কাগুজে কথায় কাজ হবে না। যৌতুক নিরুৎসাহিত করতে ইমাম-খতিবদেরকে কথা বলতে হবে। তিনি বাল্যবিবাহ রোধে নিকাহ রেজিস্ট্রার ফোরামের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন। দাবিগুলো হলো, কনের স্থায়ী ঠিকানার কাজী কর্তৃক বিবাহ ও তালাক নিবন্ধন আইন প্রণয়ন এবং বাংলাদেশ সরকারের সংস্কার কমিশন কর্তৃক বিবাহ নিবন্ধন ফি তিন ভাগে ভাগ করা। এছাড়া কাজীদের ন্যায্য নির্ধারিত ফি নেওয়ার কথা বলে অতিরিক্ত ফি নিতে নিষেধ করেন। ড. খালিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম সড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তিনি এই সড়কের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানান। এ ছাড়া অল্পদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেনে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নিখিল হাওলাদার নামে এক জেলে শনিবার জানান, পটুয়াখালীর চরমোন্তাজ ইউনিয়নের সাগর মোহনায় মাছ ধরতে হলে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম মুন্সিকে চাঁদা দিতে হয়। নজরুলের দলবলের বিরুদ্ধে চাঁদা দাবির পাশাপাশি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন নিখিল। সংবাদ সম্মেলনে জানান, একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করলে ট্রলার নিয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের কাছে বিচার দেওয়ার ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়। পরে নজরুলের দলবল মিলে এসে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। যদিও এ অভিযোগ অভিযুক্ত অস্বীকার করেছেন।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্ৰুপের বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট কারিগরি ত্রুটির অযুহাত দেখিয়ে বন্ধ করে দিয়েছে। গত ৮ এপ্রিল বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সেটি থেকে বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল দিবাগত রাত ১টার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে। কিন্তু ১১ এপ্রিল রাতে দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিং বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও পিডিবির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। এর আগেও একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানী। আদানীর সাথে বিগত লীগ সরকার এক অসম চুক্তির মাধ্যমে বিদ্যুৎ আমদানী শুরু করে, যেখানে বাংলাদেশ সবদিক থেকে ক্ষতির সন্মুখীন হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্মার্টফোন, কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যকে নতুন পাল্টা শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন, যার মধ্যে চীনা পণ্যের ওপর ১২৫% শুল্কও রয়েছে। মার্কিন প্রযুক্তি কোম্পানিরা হুঁশিয়ারি দিয়েছিল—এই শুল্ক কার্যকর হলে আইফোনসহ বিভিন্ন ডিভাইসের দাম তিনগুণ বেড়ে যেতে পারে। অ্যাপলের অনেক পণ্য চীনে তৈরি হলেও এখন উৎপাদন ভারত ও ভিয়েতনামে স্থানান্তর করা হচ্ছে। এই অব্যাহতি আপাতত স্বস্তি এনে দিলেও, চীনের ওপর শুল্ক বাড়ানো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র এখন ভালো বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনায় রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে, আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে। আরও জানান, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনার থেকে রোডম্যাপ বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেসব মতামত অন্তর্ভুক্ত করে অচিরেই সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সার্বিক আধুনিকায়নে একটি স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির কাজ শুরু করবে। প্ল্যান সফল বাস্তবায়নের মাধ্যমে জুলাই বিপ্লব-উত্তর দেশের বিচার বিভাগ যে নতুন যাত্রা শুরু করেছে, তা পূর্ণতা পাবে। জনগণ বিচার বিভাগের ওপর হারানো আস্থা ফিরে পাবে। তিনি বলেন, সরকারের আন্তরিক সহযোগিতায় দেশের আদালতগুলোতে বিরাজমান মামলাজট নিরসনে বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য সংখ্যক বিচারকের পদ তৈরি হয়েছে, যা অদূর ভবিষ্যতে মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট দ্রুত চালু করার বিষয়ে দুটি বিশেষ কমিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছে আইসিটি'র চিফ প্রসিকিউটর কার্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে তদন্ত কার্যক্রম এবং প্রসিকিউটরদের সম্পর্কে গুজব বা ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে বা মিথ্যা অপবাদ প্রদান করে জনমনে বিশেষত শহিদ পরিবারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করে প্রসিকিউশন। অপপ্রচারের জন্য বিপুল অর্থ ব্যয়ে ব্রিটেনের বিখ্যাত ল’ ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্সকে নিয়োগ দেওয়া হয়েছে।
তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। ওমর বোলাত বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক সরকারের আগ্রহ রয়েছে। এ বছর ঢাকায় তুরস্ক-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের সভা করার আগ্রহ ব্যক্ত করেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।