নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি রোববার বলেছেন, টোকিও বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে অর্থায়ন সহায়তা ও সহযোগিতা প্রদানের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে সমর্থন অব্যাহত রাখবে। রোহিঙ্গা শিবিরে তার প্রথম পরিদর্শনকালে বলেন, জাপান রোহিঙ্গা সমস্যার সমাধানে কাজ চালিয়ে যাবে। ২০১৭ সাল থেকে জাপান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলির মাধ্যমে কক্সবাজার ও ভাসান চরে বিভিন্ন পদক্ষেপ নিয়ে ২৫ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রদান করেছে।
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে, যা সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস ও নৈতিকতার সঙ্গেও বৈসাদৃশ্যপূর্ণ। প্রতিবেদনের পরতে পরতে আঁকা হয়েছে পরিবার ব্যবস্থা ভেঙে ফেলার নীলনকশা। তিনি লিখেছেন, কমিশন গঠিত হয়েছে পশ্চিমাদের অন্ধ অনুসারী একটি বিশেষ শ্রেণির নারীদের নিয়ে— যারা দীর্ঘদিন ধরে আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি এই কমিশন বিলুপ্ত করে এদেশের মানুষের চিন্তা-চেতনা এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষদের নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের দাবি জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি চায়ের দোকানে চার দিন ধরে তালা রাখার অভিযোগ উঠেছে ছাত্রদল হাসান সজীবের বিরুদ্ধে। তিনি বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য। ভুক্তভোগী গোবিন্দ বলেন,‘আমি দৈনিক ভিত্তিতে কাজ করা একজন কর্মচারী। সামান্য আয়ে সংসার চলে না বলে চার বছর আগে বাড়তি আয়ের জন্য দোকানটি নেই। রনি নামে একজন কর্মচারী রাখি। এখন সজীব দোকানে তালা দিয়েছে। শনিবার রাতে আমি তালা ভেঙে দোকানে বসি। এরপর সজীব ফোন করে পাঁচ মিনিটের মধ্যে ক্যাম্পাসে দেখা করতে বলে।’ সজীব বলেন, ‘দোকানটি আগে রনি ভাই চালাতেন। তিনি আমাকে দোকানের চাবি দিয়ে গেছেন। একজন তৃতীয় শ্রেণির কর্মচারী কি টিএসসির দোকানের মালিক হতে পারে?
তুরস্কের ইস্তাম্বুল তিজারাত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ‘বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স’- এর মূল বক্তব্যে এরদোয়ানের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াসিন আকতাই বলেন, ‘নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে।’ ড. মাহমুদুর রহমান বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তিই ছিল জুলাই বিপ্লবের মূল রাজনৈতিক দর্শন, যা আগামীর বাংলাদেশের ভিত্তি হবে।’ বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক বলেন, ‘জুলাই বিপ্লবের পর তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক খাতে নতুন মাত্রা পেয়েছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনা দাখিল করেছে- তা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বোধ-বিশ্বাস ও সভ্যতা-সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, এ প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। ইমতিয়াজ আলম বলেন, ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর শাস্তির বিধানও কুরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করতে হবে।অন্যথায় দেশের মানুষ ফুঁসে ওঠলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ।
ভ্লাদিমির পুতিন শনিবার একতরফাভাবে ৩০ ঘণ্টার জন্য ‘ইস্টার যুদ্ধবিরতি’র ঘোষণা দিয়েছেন। তবে এর কয়েকঘণ্টা পরই পরস্পরের বিরুদ্ধে ওই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়া ও ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি জানান, ‘সকাল ৬টা পর্যন্ত ইউক্রেনীয়সেনাপ্রধান সিরস্কির প্রতিবেদন অনুযায়ী, রুশ বাহিনীর বিভিন্ন ফ্রন্টে ৫৯টি গোলাবর্ষণ এবং আক্রমণের ৫টি ঘটনা ঘটেছে’। ইউক্রেন যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ৪৮টি ড্রোন ব্যবহার করেছে। ৪৪৪ বার গুলি ও মর্টার হামলা চালানো হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী বেলগোরোদ, ব্রিয়ানস্ক ও কুরস্ক অঞ্চলে ৯০০ ড্রোন হামলা চালিয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোবাবর চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল—কথিত প্রতিশ্রুতিগুলোকে কাগজ থেকে মাঠ পর্যায়ে নিয়ে আসা। দুই-তিন বছর অপেক্ষা নয়; এখনই প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু করতে চায় উভয় দেশ। মোংলা ও আনোয়ারার অর্থনৈতিক অঞ্চল দুটি নিয়ে প্রস্তুতি প্রায় শেষ। প্রস্তুতি সম্পন্ন হলেই তা দ্রুত ডেভেলপারদের কাছে হস্তান্তর করা হবে। চীন থেকে চারটি নতুন জাহাজ সংগ্রহের চুক্তি চূড়ান্ত পর্যায়ে, যা জুনের মধ্যেই বাস্তবায়িত হবে। একইসঙ্গে কুনমিং–চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাও চলছে। চট্টগ্রামে বিশেষ বার্ন ইউনিটের পাশাপাশি ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে চীনের অঙ্গীকার বাংলাদেশের স্বাস্থ্যখাতের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। ৫০ বছরের জল ব্যবস্থাপনা পরিকল্পনা হাতে নিচ্ছে, যার মধ্যে রয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা।
১৯ এপ্রিল ২০২৫ তারিখে দলের তৃতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত মোতাবেক এনসিপি'র সংগঠনের সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করেছে। শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। কমিটির সদস্যরা হলেন- ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভূঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান এবং সাইয়েদ জামিল।
অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রামাল্লার গ্রামগুলোতে কমপক্ষে ১১৯টি লোহার গেট স্থাপন করেছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের নির্দেশেই খোলা রাখা হয় গেটগুলো। ঘরে ফিরতে দেরি হলেই বন্ধ করে দেওয়া হয় প্রবেশপথগুলো। ফলে মাঝে মধ্যে তীব্র ঠান্ডায় রাস্তায় দিন কাটাতে হয় বাসিন্দাদের। বারঘৌতি বলেছেন, ‘প্রতিটি গ্রামে এখন একটি গেট আছে এবং খোঁয়ারে যেমন ভেড়া আটকে রাখা হয় ঠিক সেভাবেই তারা আমাদেরকে আটকে রাখে।' পশ্চিম তীরে এখন প্রায় ৯০০টি বাধা রয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এসব বাধা কেবল চলাচল নিয়ন্ত্রণ করে না, বরং কৃষি, সামাজিক ও জীবিকার সুযোগ, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনীতিতেও প্রভাব ফেলে।
বিএনপি নেতা আমির খসরু বলেছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্রিত করে ঐকমত্য হওয়া বিষয়গুলো প্রকাশে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। সে ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার নেই। ঐকমত্যের পরিপ্রেক্ষিতে, আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে, আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আরো বলেন, যেগুলো ঐকমত্য হবে না, সেগুলো নির্বাচনের পরে যার যার ম্যান্ডেটের জন্য যাবে এবং ম্যান্ডেট নিয়ে সংসদে এসে এটা পাস করবে। আমির খসরু বলেন, বিচার বিভাগ বিচার করবে। সে জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।
ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির বলেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নিজেদের মতামত সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে জুলুম নির্যাতন করত। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ধর্ষণসহ নানাভাবে শিক্ষাপ্রতিষ্ঠানকে কলুষিত করেছিল। সেই অন্ধকার কাটিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে নেতৃত্ব বাছাই করে যাচ্ছে। তিনি বলেন, সারা দেশে ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কাঠামো গড়ে তোলা হয়েছে। পরবর্তীতে সারা দেশে আড়াই হাজার সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। আরো বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের খুনি হাসিনা অনেক দূরে রেখেছিল। বৈষম্য তৈরি করেছিল। বর্তমানে প্রতিটি মাদ্রাসায় আমরা কাজ করে যাচ্ছি।
টঙ্গীতে মালিহা আক্তার (৬) ও মো. আব্দুল্লাহ ইবনে ওমর (৪) নামে দুই সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার মা আলেয়া বেগম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এর আগে একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাথা একটি বঁটি উদ্ধার করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার তোয়াক্কা না করে বিভিন্ন পদ থেকে ডজনখানেক কর্মকর্তাকে সরিয়ে শিক্ষাগত যোগ্যতা নেই এমন ব্যক্তিদের পদায়ন করেছেন। এ ছাড়া মতের মিল না হওয়ায় সিন্ডিকেট থেকে সরিয়ে দিয়েছেন এক অধ্যাপকসহ তিন শিক্ষককে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আরো অভিযোগ, বারবার দাবি জানানোর পরও প্রতিটি দপ্তরে এখনও ফ্যাসিবাদী আমলের সেটআপে স্বৈরচারীর দোসরদের বহাল রেখে শহিদদের রক্তের সাথে প্রতিনিয়ত মশকরা করেই যাচ্ছেন।
জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার বলেন, ‘১৬ ও ১৭ এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে স্থানীয় "উপজাতিদের" নিয়ে জলকেলি উৎসব পালন করে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।' পরওয়ার বলেন, ‘উৎসবের সচিত্র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। এ ঘটনা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর মারাত্মক হুমকি। তিনি প্রশ্ন রাখেন, ‘ওই সময় আমাদের সরকার, বিজিবি ও সশস্ত্র বাহিনী কী করছিল? এটা বর্তমান সরকার ও সামরিক বাহিনীর জন্য চরম ব্যর্থতা। তিনি এর জবাবদিহিতা চেয়েছেন।
বিএনপি নেতা আব্দুস সালাম বলেছেন, ভোটের অধিকার দেয়নি বলে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে; স্বাধীনতার এতগুলো বছর পরেও আজকে ভোটের অধিকারের জন্য আমাদের আবার লড়াই করতে হচ্ছে। অনেকেই বলছেন এ সরকার আমরা বসিয়েছি। এ সরকারের বিরুদ্ধেও যদি আবার আমাদের আন্দোলন করতে হয় তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। এটা আমরা অবশ্যই চাই না। তিনি বলেন, নির্বাচন ছাড়া একটি সরকার বেশি দিন ক্ষমতায় থাকলেই ফ্যাসিবাদের জন্ম হয়। ড. ইউনূস সাহেবের সারা বিশ্বে যেমন পরিচিত ও গ্রহণযোগ্যতা আছে তেমনি বাংলাদেশেও আছে। আমরা আশা করব তার নেতৃত্বে অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেবেন। এই পতিত ফ্যাসিস্টের অস্থিতিশীলতা থেকে রক্ষার জন্য হলেও নির্বাচন চেয়েছেন তিনি।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।