গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৫১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। যুদ্ধবিরতি ভাঙার পর গত ৩৮ দিনে গাজায় নিহত হয়েছেন ২০৬০ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি।
পেহেলগামে হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রেস বিবৃতিতে কাউন্সিলের সদস্যরা পেহেলগাম হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য জবাবদিহিতা এবং আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে জারি করা প্রেস বিবৃতিটি একটি সরকারী নথি হিসাবে প্রকাশ করেছে। যেখানে পেহেলগাম হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শাহবাজ শরিফ।
রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ শনিবার পুতিনের সাথে একটি ভিডিও কনফারেন্সের সময় ঘোষণা দেন, রাশিয়ান সৈন্যরা ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন কুরস্কের শেষ গ্রাম ‘গোর্নাল’ মুক্ত করেছে। পুতিন গেরাসিমভকে বলেন, কিয়েভ শাসনের অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের প্রধান কর্মী বলেছেন, ইউক্রেনীয় সৈন্যদের পরাজয় সম্পর্কে শত্রু নেতৃত্বের বিবৃতি প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়। তিনি স্বীকার করেছেন এই অঞ্চলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অবস্থান কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেখানে রাশিয়ান বাহিনী সাম্প্রতিক মাসগুলিতে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। এদিকে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের ভূমিকার প্রশংসা করেছে। প্রায় দশ হাজার সৈন্য যুদ্ধ করছে।
অস্ট্রেলিয়ার ‘মোজাইক ব্র্যান্ডে’র আত্মসাৎকৃত অর্থ ফেরত আনা ও প্রতারণার হাত থেকে শ্রমিক এবং শিল্প রক্ষায় আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিসহ পাঁচ দফা দাবিতে অস্ট্রেলীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন ২২টি ক্ষতিগ্রস্ত কারখানার শ্রমিক এবং প্রতিনিধিরা। তাসলিমা আখতার বলেন, বাংলাদেশের শ্রমিকরা আশা করেন শ্রমিকদের পাওনা ও জীবন জীবিকা নিশ্চিতে এবং ২২ কারখানা রক্ষায় হাইকমিশনারের মাধ্যমে অস্ট্রেলিয়া সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুত শ্রমিক ও ২২ কারখানার পাওনা প্রায় ২৫০ কোটি টাকা ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
শিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার নির্দেশে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। তাই শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে বিচার করতে হবে, তবেই জুলাইয়ের শহিদরা যে আকাঙ্ক্ষা ও দাবি থেকে জীবন দিয়েছেন, তা পূর্ণতা পাবে। আরও বলেন, আমরা পিলখানায় ও শাপলা চত্বরে কিভাবে হত্যা করা হয়েছে তা দেখেছি। বিগত দিনে দেশের প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ছিল না। ছাত্রলীগ ও তাদের সহযোগীরা শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যসহ অস্থিতিশীল এক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। জুলাই বিপ্লবে অনেক আত্মত্যাগের মাধ্যমে সে অবস্থার পরিবর্তন হয়েছে। তাই এখন সব রাজনৈতিক ও সব ইসলামী ছাত্রসংগঠনের অবস্থান নিশ্চিতের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে।
গণঅধিকার পরিষদের নেতা শহিদুল ফাহিম বলেন, লামিয়ার মা ও জুলাই শহিদ জসীম উদ্দীনের স্ত্রী রুমা বেগম অসুস্থ হয়ে পরেছেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, লামিয়া আমার এলাকার মেয়ে। তার সঙ্গে অনেকবার কথা হয়েছে। মেয়েটি অনেক শক্ত মানসিকতার ছিল। ধর্ষণের ঘটনার পরে নিজেই থানায় গিয়ে অভিযোগ করেছিল। হঠাৎ তার সঙ্গে এমন কী ঘটল যে আজ আত্মহত্যা করলো? এটা তদন্ত করে বের করতে হবে। আরও বলেন, এ ধরনের ঘটনার দায় রাষ্ট্র এড়াতে পারে না। ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করার কথা থাকলেও তা দৃশ্যমান নয়। লামিয়া-আছিয়াসহ সকল ধর্ষণের ঘটনার বিচারের জন্য আমাদের আবার জেগে উঠতে হবে। উল্লেখ্য, ১৮ মার্চ পিতার কবর জিয়ারত শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহীদ কন্যা। শনিবার রাতে তিনি আত্মহত্যা করেছেন।
বিজিএমইএকে জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ২০২৫-২৭ বছরের নির্বাচনী জোট ‘ফোরাম’ এর প্যানেল লিডার মাহমুদ হাসান খান। তিনি বলেন, যারা ব্যবসা করেন, ব্যবসা বোঝেন এবং বিজিএমইএকে সময় দেবে তাদেরকে নিয়ে আমরা ফোরাম গঠন করেছি। ফোরাম নবীন-প্রবীণ ও অভিজ্ঞদের নিয়ে গঠিত। ফোরাম মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিজিএমইএকে যেন আর কেউ চোরাবালিতে নিয়ে যেতে না পারে সেজন্য আমরা কাজ করব। বিজিএমইএকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করে পোশাক শিল্পের উন্নয়নে ব্যবহার করতে হবে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এই সময়ে যাবতীয় সংস্কার কাজ চলতে থাকবে। এটাই প্রধান উপদেষ্টার কথা। এরপর কোন পার্টি কী বলল সেটা আমাদের দেখবার বিষয় না। তিনি বলেন, সংস্কার কাজ সম্পন্ন হলেই নির্বাচনের তারিখ জানানো হবে। পুরো বিষয়টি চলমান। নির্বাচনের বিষয়ে সরকার যথেষ্ট সজাগ। তাছাড়া আমরা অপ্রয়োজনীয় কারণে একটি দিনও দেরি করবো না। সংস্কার শেষ হলেই নির্বাচন। আরও বলেন, ইতালির রোমে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন মিডিয়া মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিতে সময় চেয়েছেন। সংবাদ সম্মেলনের সময় ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন।
জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সংবাদমাধ্যমগুলো যেন কোনো রিয়েল-টাইম কভারেজ না করে বা সেই জাতীয় কোনো ভিজ্যুয়াল না দেখায়। কারণ ওই অভিযান চলাকালীন লাইভ সম্প্রচার করলে যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা এই বিষয়ে আগাম জেনে যেতে পারে। উল্লেখ করা হয়েছে যে সূত্রের ভিত্তিতে প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা যাবে না। এছাড়া সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের সময় বিদ্যমান নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।
ক্রীড়াঙ্গনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল। গত ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি তাদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার আনুষ্ঠানিকভাবে কমিটির মেয়াদ ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ৫২ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত ৩১টির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বাকি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলোর কমিটির প্রস্তাব জমা দিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছিল সার্চ কমিটি।
একযোগে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ এনে ফের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের আবারও অবরুদ্ধ করে রেখেছেন। শিক্ষার্থীরা দাবি জানান, উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল হুদা ছাড়া বাকি ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের পদত্যাগপত্র প্রত্যাহার করতে হবে। তাহলেই তারা কর্মসূচি তুলে নিয়ে ক্লাসে ফিরে যাবেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করায় সিএসই বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদাকে চাকরি থেকে অব্যাহতিসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে। ডিএমপি ইতোমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই রাতে অভিযান করে এগুলো বন্ধ করে দেওয়া হবে। এলাকায় অবৈধ অটোরিকশা ঢোকার অনুমতি না দিতে বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে অনুরোধ ডিএনসিসি প্রশাসক। আরো বলেন, স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ অটোরিকশা, অবৈধ হকার বন্ধ করা সহজ হবে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তার মতে, এর মাধ্যমে অবৈধ ওই সব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত। উল্লেখ্য, আদালতের রায় পেয়ে মেয়র পদে প্রথম বসেন চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত। আসিফ মাহমুদ বলেন, আমরা মামলায় পক্ষভুক্ত নই, ফলত অফিসিয়াল অবস্থান নেই।
বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল। গত ১৬ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের অফিস হিসেবে ব্যবহার হয়েছে। তিনি বলেন, শিক্ষকতা হচ্ছে সমাজের সবচেয়ে সম্মানিত পেশা। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। কিন্তু শিক্ষকরা দুর্নীতি করলে মহান শিক্ষকতা পেশা কলঙ্কিত হয়। আরো বলেন, প্রাইভেট স্কুলগুলো কর্মসংস্থান ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও পেশার মর্যাদা রক্ষা করে শিক্ষকতা করার আহ্বান জানান।
এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, ‘একটা ইনফরমেশন পেলেন, সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন, মিথ্যাচার বুঝে কয়েক ঘণ্টা পর ডিলিটও করলেন। মাঝ দিয়ে এদেশের ও দেশের বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি আব্দুল হান্নান মাসউদ বিতর্কিতভাবে উপস্থাপিত হলো। কালের কণ্ঠের বিতর্কিত থাম্বনেইল দেখে, পুরো সাক্ষাৎকার না শুনেই বহু অ্যাক্টিভিস্টকে আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম-যেন কেউ আমাকে সারাজীবনের জন্যে গাড়ি গিফট করে দিয়েছে, অথচ বলেছিলাম হাতিয়ায় থাকাকালীন ব্যবহারের জন্যে হাতিয়ারই একজন ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছেন। ইলিয়াস হোসাইন, জুলকারনাইন সায়ের, বনি আমিনও এইরকম ভুল মেসেজ ছড়িয়েছেন।' তিনি এসব ভুল তথ্য ছড়ানোর আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়েছেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।