বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর আজ যে শুনানি হওয়ার কথা ছিল, সেটি হয়নি। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এটিএম আজহারের আপিল শুনানি দীর্ঘ সময় ধরে চলায় আজ সেটি হয়নি। নিবন্ধন মামলা আবার কার্যতালিকায় আসলে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
ধর্ষণের শিকার ও আত্মহত্যা করা জুলাই শহিদ কন্যা লামিয়ার মা রুমা বেগমের মানসিক বিপর্যয় রোধে কাউন্সেলিং নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, ওসি মো. জাকির হোসেন লামিয়ার মায়ের মানসিক ট্রমার বিষয়টি আদালতকে অবহিত করেছেন। আদালতের আদেশে বলা হয়েছে- সাইকোসোশ্যাল কাউন্সেলর এই আদেশ প্রাপ্তির পর দ্রুত দুমকি থানার ওসির সঙ্গে সমন্বয় করে লামিয়ার মা রুমা বেগমের বাড়িতে বা উপযুক্ত স্থানে কাউন্সেলিং করবেন। একইসঙ্গে কাউন্সেলিং শেষে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যয়নপত্রসহ বিষয়টি আদালতকে অবহিত করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি ঘোষণা করেছে সরকার। উপদেষ্টা পরিষদের সভার পর প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। এর আগে, পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। জানা গেছে, কোরবানির ঈদে নির্ধারিত ছুটি কাটানোর আগে চলতি মাসে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হবে।
মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন। এর আগে ববির গ্রাউন্ড ফ্লোরে আধা ঘণ্টা বিক্ষোভ করে এক দফা দাবির বাস্তবায়ন চায় তারা। শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের ২২ দাবি বাস্তবায়ন না করা ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ায় তার অপসারণ দাবি করেন। গত ১৫ দিনেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনের গত রোববার উপাচার্যের অপসারণে এক দফা দাবিতে রূপ নেয়। দাবি আদায় না হলে গোটা দক্ষিণ অঞ্চল শাট ডাউন করার হুমকি দেওয়া হয়। উপাচার্যের বিরুদ্ধে নিপীড়ক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং ক্যান্সার আক্রান্ত মরহুম শিক্ষার্থীকে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।
মালয়েশিয়ার ভারুতে অভিযান চালিয়ে ১১৪ অবৈধ অভিবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। একজন ভারতীয়কেও আটক করে ইমিগ্রেশন পুলিশ। জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। আটক ব্যক্তিদের সবার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তারা শ্রমিক হিসেবে কাজ করত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে, যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকাও অন্তর্ভুক্ত।
ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে কালপ্রিট যুবলীগ নেতা এম শাহাদাত হোসেন তসলিম এবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তার নিয়ন্ত্রণেই থাকছে হজের ফ্লাইট। আওয়ামী লীগ সরকারের প্রভাবে ৬ বছরের বেশি সময় ধরে তিনি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতির দায়িত্বে থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নিজের ‘ডাইন্যাস্টি’ ট্রাভেলের মাধ্যমে তিনি সৌদির বেসরকারি বিমান সংস্থার জিএসএর দায়িত্ব নেন। অতিরিক্ত ভাড়া নিয়ে তিনি হজযাত্রীদের নিম্নমানের বিমান সেবা দিয়েছেন। ফ্লাইনাস এয়ালাইন্সের নিজস্ব অ্যাকাউন্টে পে-অর্ডার না করে তিনি নিজের অ্যাকাউন্টের মাধ্যইে সব আর্থিক লেনদেন করেছেন। প্রতি হজযাত্রীর কাছ থেকে অর্ধলাখের বেশি কমিশন বাগিয়েছেন। এখন আত্মগোপনে আছেন। তার বিরুদ্ধে গোপনে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ফ্যাসিস্ট কর্মকর্তা ও সৌদির সঙ্গে সমাঝোতা করে ফের ফ্লাইনাসের জিএসএ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। জামায়াত নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নিতে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের পাশাপাশি উচ্চারিত হচ্ছে তারেকের স্ত্রী জোবাইদা রহমানের নাম। ঢাকা-ময়মনসিংহ সড়ক এবং বিমানবন্দরের বাইরে অবস্থান নেওয়া নেতাকর্মীদের ব্যানার ও প্ল্যাকার্ডে জোবাইদার রহমানের ছবিও শোভা পেতে দেখা যায়। ১৭ বছরের ‘নির্বাসিত জীবন শেষে’ জোবাইদার আগমনকেও বিশেষভাবে উদযাপন করছেন তারা। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন জোবাইদা। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি। তারেক রহমান ও জায়মা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন জোবাইদা।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনি ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে মনে করি না। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ- এ তিন বিষয়কে অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। তিনি বলেন, মৌলিক সংস্কারকে অর্জন করতে হলে সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামো থেকে কীভাবে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদানগুলো হতে মুক্ত হতে পারি, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের বাইরে এসে কীভাবে জাতীয় স্বার্থকে প্রতিফলিত করতে পারি, কীভাবে বিচারবিভাগকে রাজনৈতিক মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাজির করা যায়, প্রত্যেকটি বিষয়কে মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত। সেই মৌলিক সংস্কারের যে বিষয়ে সংস্কার প্রয়োজন তার রূপরেখা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি।
হিরো আলমের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণসহ মারপিট করে গর্ভপাতের অভিযোগে মামলা হয়েছে। মামলায় হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। আদলত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়, হিরো আলম অভিনয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাসে বাদীকে আকৃষ্ট করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে মৌলভী ডেকে এনে বিয়ের রীতিতে ‘কবুল’ পড়িয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে বসবাস শুরু করেন। বাদীর কাছ থেকে শর্ট ফিল্ম তৈরির কথা বলে ১৫ লাখ টাকা ধার নেন তিনি। এছাড়া মারধরের ফলে গর্ভপাত হয়েছে বলেও অভিযোগ। যদিও আলম বলেছেন নারীকে চেনেন না!
সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরাইলি বিমানগুলোকে প্রতিহত করতে ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে তুর্কি বিমানবাহী। সাম্প্রতিক সময়ে ইসরাইলি দখলদার বাহিনী ড্রুজদের রক্ষার দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছিসহ সিরিয়াজুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে। তুরস্কের এই প্রচেষ্টার কয়েকদিন আগে আঙ্কারার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছিল, সিরিয়ার এই স্পর্শকাতর সময়ে ইসরাইলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে, যা সিরিয়ার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।’
মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে। নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর—ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি—অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইজন আহত হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছে. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আর কোনো সরকারি গবেষণা অনুদান পাবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রী লিন্ডা ম্যাকমাহন বলেন, এই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার প্রতি উপহাস করেছে! হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আর একটি সরকারি তহবিলপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে না, বরং এটি একটি বেসরকারিভাবে অর্থায়িত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে, যার বিশাল অঙ্গীকার এবং তার সাবেক ধনী ছাত্রদের দ্বারা অর্থ সংগ্রহ করতে পারবে। ম্যাকমাহন বলেছেন, হার্ভার্ড শিথিল একাডেমিক মান তৈরি করেছে এবং এমন বিদেশী শিক্ষার্থীদের ভর্তি করেছে, যারা হিংসাত্মক আচরণ প্রদর্শন করে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণা প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয়টি বলছে, চিঠিটি হার্ভার্ডের বিরুদ্ধে নতুন হুমকি তৈরি করেছে, শুধুমাত্র ২১ এপ্রিল আমাদের মামলা দায়ের করার প্রতিশোধ হিসেবে।
জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউয়ের এক সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল বলে আপিল বিভাগকে জানালেন আইনজীবী শিশির মনির। শিশির মনির বলেন, ১২ ডিসেম্বর ২০১৩ এটা করা হয়। কারণ ৫ জানুয়ারি নির্বাচন ছিল দেশে। নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে তাই এটা করা হয়। আরও বলেন, রিভিউ যখন খারিজ হয় কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো। কিন্তু সংক্ষিপ্ত রায়ে লেখা ছিল না কি কারণে রিভিউ খারিজ করা হলো। সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয়। উল্লেখ্য, ৬ মে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চে এটিএম আজহারের মামলার শুনানি চলাকালে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। পরে গাড়ি বহর নিয়ে গুলশানের ভাড়া বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একই গাড়িতে বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। দলীয় চেয়ারপারসনকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে। আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করেন নেতাকর্মীরা।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।