এক্স-এ প্রচারিত ছবিগুলোর একটিতে রাতের আকাশে আতশবাজি ফুটতে দেখা যায় এবং অপরটিতে স্টেডিয়ামের গ্যালারি সদৃশ্য একটি জায়গায় বিভিন্ন বয়সের মানুষকে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা হাতে উল্লাস করতে দেখা যাচ্ছে। যাকে সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পরাজয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া বলা হয়েছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলোর সঙ্গে ভারত পাকিস্তানের সংঘাতের কোনো সম্পর্ক নেই। ঢাকায় ইংরেজি নববর্ষ উদযাপনের একটি ছবি এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পুরোনো একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘সারাদেশে প্রায় চার লাখ মসজিদের বিশাল বড় নেটওয়ার্ক ছড়িয়ে আছে। সকল রাজনৈতিক দল কিংবা সরকারি অফিসের সংখ্যাও হয়তো এত বড় নয়। চার লক্ষ মসজিদে অন্তত আট লক্ষ ইমাম-মুয়াজ্জিন রয়েছেন। এই বিশাল বড় নেটওয়ার্ক এবং জনশক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র বহুবিধ বেনিফিট অর্জন করতে পারে। তিনি লেখেন, সরকার এই জনবল ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নাগরিক সেবা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, বিবাহ, জন্ম ও মৃত্যু নিবন্ধন-সহ সমাজ কল্যাণমূলক অনেক কাজ করতে পারে। সর্বশেষ লেখেন, চার লক্ষ মসজিদের এই বিশাল অবকাঠামো, নেটওয়ার্ক এবং সম্ভাবনাময় জনশক্তিকে অবজ্ঞা করে একটা দেশের এগিয়ে যাওয়া খুবই কঠিন।’ ।’
বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলের বিজিবি ৫০ ব্যাটালিয়নের আওয়াতাধীন ধর্মগড় বিওপি এলাকায় চারজন বাংলাদেশি নাগরিক ঘাস কাটাতে যান। এ সময় বিএসএফ একজনকে ধরে নিয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, বাংলাদেশি নাগরিক সীমান্তে ঘাস কাটার জন্য গেলে বিএসএফ ধরে নিয়ে যায়। আমরা তাকে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিএসএফ পতাকা বৈঠকে ওই বাংলাদেশিকে ফেরত দেওয়ার কথা আশ্বস্ত করেছে।
গাজায় ভোররাত থেকে চালানো ইসরাইলী হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল উত্তর গাজাতেই ভারি বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া শহর এবং শরণার্থী শিবিরে হামলা হয়েছে। সেখানকার ইন্দোনেশীয় হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে আছে ২২ জন শিশু ও ১৫ জন নারী। একটি ভিডিওতে হামলাস্থলের মেঝেতে লাশের স্তুপ পড়ে থাকতে দেখা গেছে। ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় সাধারণ মানুষের ওপর এ হামলার খবর খতিয়ে দেখছে।
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। আন্দোলন করতে এসে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। এভাবে ফ্যাসিস্টরাও শিক্ষার্থীদের ওপর হামলা করার সাহস পায়নি। এই ধরনের আচরণে ফ্যাসিস্টের ইন্ধন আছে কি না সন্দেহ পোষণ করেন। তিনি বলেন, জবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা আন্দোলনের ফসল নিয়েই ঘরে যাবে ইনশাআল্লাহ। দাবি আদায় না করে কেউ ফিরবো না বলে ঘোষণা দেন তিনি। একজন সাবেক জবিয়ান হিসেবে বিভিন্ন আন্দোলনে তিনি নিজেও অংশগ্রহণ করেছেন বলেও জানান। বলেন, পুরান ঢাকার ভাড়া মেসে থাকতে গিয়ে বাড়িওয়ালাদের কাছে তারা কী পরিমাণ নিগৃহীত ও হয়রানির স্বীকার হয় তা ভাষায় প্রকাশ করার মতো না।
আইনজীবী শিশির মনির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হয়েছে ১৯৪১ সালে। তখন থেকেই দলীয় প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। আর বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা হয়েছে ১৯৭২ সালে। সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠারও আগে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাজনীতি করছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, যে কয়টি সংসদ বসেছে সঠিকভাবে, সব নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতারা জনগণের ম্যান্ডেট নিয়ে এমপি-মন্ত্রী নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশন একটা নিবন্ধন ইস্যু করে।পরে হাইকোর্ট নিবন্ধনটি বাতিল করে। আরও বলেন, আজকে আমরা আদালতকে বলেছি জামায়াতের রেজিস্ট্রেশন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার মাধ্যমে বিচার বিভাগ রাজনীতিকরণ করা হয়েছে।
কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করে সড়ক ছাড়বেন না। রাত ১০টার দিকে ঘটনাস্থলে এসে উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তখন বিক্ষোভরত শিক্ষার্থীদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ভিড় থেকে কেউ একজন তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারেন।
বিএনপি নেতা আবদুল মঈন খান এনবিআর বিলুপ্তিকে 'কসমেটিক সংস্কার' বলেছেন। মঈন বলেন, আইএমএফ বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক প্রকৃতি সবসময় ঠিক বুঝতে পারে না। ফলে তাদের টেক্সটবুক প্রেসক্রিপশনগুলোর তাত্ত্বিক শক্ত ভিত্তি থাকলেও, এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার কোনো বাস্তব সমাধান দিতে পারবে না। তিনি বলেন, 'এনবিআর সম্পর্কিত আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি। সেক্ষেত্রে কেবল সাইন বোর্ডের পরিবর্তন অথবা রিব্র্যান্ডিং দেশের গুরুতর অসুস্থকর অবকাঠামোতে কোনো বাস্তব পরিবর্তন আনবে না।' আরও বলেন, 'এমনকি এনবিআরের সংশ্লিষ্ট কর্মীদের কাছে অর্থ উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন, তারা এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে না। যদি এটাই সত্যি হয়, তাহলে পুনর্গঠনের এই ঢাকঢোল বাজানো কেবল একটি নিরর্থক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলে, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, কাজ করছে দুদক। মোমেন বলেন, ‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে; দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক।’ এর আগে ২৩ এপ্রিল দুর্নীতির মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও তার ভাগনি ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছিল দুদক।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির হয়ে রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী। এর আগে গত ২৭ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনি ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান ঢাকার দুই বাসিন্দা। নোটিশে মো. ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকতেও বলা হয়।
শাহবাগ মোড় অবরোধ করা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন। এর আগে, প্রায় ৬ ঘণ্টা শাহবাগের যান চলাচল বন্ধ করে আন্দোলন করে তারা। রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করে। পরে পুলিশের লাঠিচার্জ করলে তারা সরে যায়। লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। আলোচনায় প্রবাসীরা তাদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরলে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। আগামীকাল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। উপদেষ্টা বলেন, ‘এ সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে। অনেকে অনিয়মিত হয়ে গেছে। অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিট্যান্স যোদ্ধা। তারা অনেকে অনেক কষ্টে আছেন। যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা।’ উল্লেখ্য, গত বছরের ১ জুন থেকে কর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি।
আরএফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির সঙ্গে বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সমৃদ্ধিশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায়। এই জাতীয় সনদ ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা দেবে। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ক্যারি কেনেডি ঐকমত্য কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সাফল্য কামনা করেন। আলী রীয়াজ বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে এবং দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা হবে।
নিরাপত্তা জোরদারের মাত্র চার দিন কোনো নাগরিককে পুশইন না করলেও বুধবার ভোর রাতে মৌলভীবাজার বড়লেখা সীমান্তে ৪৪ জনকে পুশইন করেছে বিএসএফ। পাল্লাথল সীমান্ত অতিক্রম করে শাহবাজপুর বাজারে প্রবেশের প্রাক্কালে স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিজিবি ৪৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ৩৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল জুন নাগাদ এসব ঋণ দেবে। বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে চলমান ৪৭০ কোটি ডলারে ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। মনসুর বলেন, ‘এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়।’
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।