বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি'র মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। আন্দোলনকারীদের দাবি, উপদেষ্টা আসিফের ষড়যন্ত্রের কারণে তাদের নেতা ইশরাকের শপথ নেওয়া হচ্ছে না। তাই দায়িত্ব না বুঝিয়ে দেওয়া পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন তারা। উল্লেখ্য, চলতি মাসের ১৪ তারিখ থেকে শপথের দাবিতে এ আন্দোলন শুরু হয়। মাঝে বিরতি ছিল ৪৮ ঘন্টা।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন। এর আগে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে দেওয়া নির্বাচন কমিশনের গেজেট ও আদালতের রায় বাতিল করার জন্য করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট!
চট্টগ্রামে হামলার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না। এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন। আরও লেখেন, অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।
ফেসবুক পোস্টে ছাত্রশিবিরের ঢাবি সভাপতি এস এম ফরহাদ লেখেন, চট্টগ্রামে নারীর ওপর আক্রমণকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে অগণতান্ত্রিক কোনো আচরণ মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোট একটি মানববন্ধনের আয়োজন করেন। এতে হামলার ঘটনা ঘটলে ছাত্রজোটের অন্তত ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন, যাদের একজনকে লাথি মারার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান লিখেছেন, এনসিপি নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামায়াতকে বুকে টেনেছে বলে মনে হয়। আবার তাদের আরেকটি সঞ্চয় হলো 'আওয়ামী-ঘৃণা'। তিনি বলেন, জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে ‘ভোটের রাজনীতি’ করতে গিয়ে এই দেশে কিছু দিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। আওয়ামী এমন নতুন ধারাবাহিক-গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে, যে সেই দলের গুরু-পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। আরো বলেন, এই যে আজহারের বেকসুর খালাসকে উদযাপন করল, আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করল, আর নাদিরা ইয়াসমিনের অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে একটা কথাও বলল না, এরপর এই নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম।
বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছেন নিউইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। আদালতের আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর পালটা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। জানা গেছে, আদালতে করা দুটি মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। এদিকে আদালতের আদেশের পর এর বিরুদ্ধে আপিলের একটি নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানার পিছনে আমচকা বিস্ফোরণ হয়েছে। পুলিশ সেখানে কাঁচা বারুদ বাজেয়াপ্ত করে রেখেছিল। তাতেই আচমকা বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। বৃষ্টির কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে কীভাবে আগুন লাগলো তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিই’র দায়িত্ব পান ইলন মাস্ক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ব্যয় সংকোচনের এ সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে।’ আরও বলেন, ‘সরকারের বিশেষ কর্মচারী’ হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা শেষ। এজন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। কারণ তিনি আমাকে ব্যয় সংকোচন করার দায়িত্ব দিয়েছিলেন। মাস্ক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সংস্থাটি আরও শক্তিশালী হবে।
বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য নাকচ করে দিয়ে ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতির তথ্য ‘সত্য নয়’। এ ধরনের কোনো উদ্দেশ্য নেই। এর আগে ডিআইএ প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বেশ কিছু দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সব কটিই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হলো।
নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটাবে।' এশিয়ার পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘এশিয়ার অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থার বৈচিত্র্যই এর শক্তি এবং পরীক্ষা।’ তিনি বলেন, যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ সেই অর্থের অভাবে কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এই সময় তিনি, মিয়ানমারে গৃহযুদ্ধ ও ভূমিকম্পের ফলে সৃষ্ট গভীর মানব সংকটের জন্য উদ্বেগ জানান।
মুক্তিপণ আদায়ের জন্যে মাগুরার পৌর এলাকার সাজিয়াড়া গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চারসেলে আটক পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এ ঘটনায় ইসতিয়াক আহমেদ শান্ত নামে এক যুবককে আটক করা হয়েছে। সে বিএনপি নেতার ভাতিজা। জানা গেছে, ইসতিয়াক হোসেন শান্ত মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ ব্যবসায়ীকে কৌশলে সাজিয়াড়া গ্রামের ওই ছাত্রাবাসে নিয়ে গিয়ে আটকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু তারা নিজেদের আর্থিক অসংগতির কথা জানালে শান্ত আরও ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতভর এবং বুধবার দিনের বিভিন্ন সময়ে পালাক্রমে তাদের ওপর নির্যাতন চালায়।
জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগে কুড়িগ্রামে গ্রেফতারের একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি ও বৈষম্যবিরোধী'র দুই নেতা। বুধবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন দেন। আসামিরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমান (৫৮) এবং জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আলমগীর হোসেন (২৭)। তাদের আটক করে থানায় দেয় সেনাবাহিনী। জানা গেছে, যাত্রাপুর হাটের ইজারা পান বিএনপি নেতা মাহাবুবার রহমান। তার সাথে অংশীদারিত্ব নেয় বৈষম্যবিরোধীর কয়েকজন নেতা। কিন্তু উপজেলা প্রশাসনের অফিস আদেশ না নিয়ে এবং ইজারার কাগজপত্র ছাড়াই টাকা তুলতে যান! এতে অভিযোগ গেলে তাদের আটক করা হয়।
বুধবার রাতে তাহিরপুর সীমান্তে সীমান্ত কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে বিএসএফ। জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও সীমান্ত ছড়ায় ১৫০ থেকে ২০০ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমানায় চোরাচালানের কয়লা আনতে অনুপ্রবেশ করে। এই সময় বিএসএফ টহল দল দেখে ফেললে গুলিবর্ষণ করে। তবে ওই দিনের পর থেকে কয়লা চোরাকারবারিরা আত্মগোপনে চলে যাওয়ায় গুলিবর্ষণে কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি।
এক প্রদর্শনী অনুষ্ঠানে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ফটোজার্নালিস্টদের তৈরি করা ছবি সাইবার স্পেসে সংরক্ষণের ব্যবস্থা করা হবে; যাতে আমরা সংগ্রামী চিত্রগুলো যুগ যুগ ধরে খুঁজে পাই। তিনি বলেন, আপনারা যারা এই শিল্পের দক্ষতা ধারণ করেন এবং ইতিহাস যুগ যুগ ধরে ছবির মধ্য দিয়ে রক্ষা করছেন, তারা হলেন ফটোসাংবাদিক। উপদেষ্টা বলেন, আপনাদের কাছে আমার একটা ছোট দাবি আছে- শুধু নির্যাতন বর্বরতার ছবি নয়, আমাদের আশার আলো দেখান। আপনারা মেধাবী, যে পেশায় বিরাজমান সেই ক্ষমতায় আমাদের পাশে দাঁড়ান। আমরা দেশটাকে নতুন করে গড়ে তুলবো। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে গিয়ে দেশের ভালো কাজে হোক আমাদের রাজনীতি।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।