গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গলাচিপায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই পদক্ষেপ শুধু রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, গলাচিপা ও দশমিনায় গণঅধিকার পরিষদের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নির্যাতন চালিয়েছে বিএনপির একটি অংশ। যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা হাসান মামুন। নুর বলেন, বর্তমান ডিসি বিএনপি নেতা হাসান মামুনের ছত্রছায়ায় পতিত সরকারের দোসর হারুন-বেনজীরের ভূমিকায় অবতীর্ণ হতে চায়। তাই তার অপসারণ দাবি জানাচ্ছি।
জামায়াত নেতা মুজিবুর রহমান বলেছেন, জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এ দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। নতুন বাংলাদেশের প্রত্যাশা- ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চায় না। আরো বলেন, ফিলিস্তিনে অন্যায়ভাবে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, বৈঠকে তারেক রহমান ডিসেম্বর থেকে সরে ফেব্রুযারিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন, প্রধান উপদেষ্টাও শর্তসাপেক্ষে তা বিবেচনার কথা বলেছেন। নিজস্ব অবস্থানকে যৌক্তিক কারণে পুনর্বিবেচনা করার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, ‘সংস্কার, বিচার ও জুলাই সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে নীতিগত সমর্থন পাওয়া গেছে আজকের বৈঠকে। এটা স্বৈরতন্ত্রমুক্ত আগামীর বাংলাদেশ নির্মাণের পথকে মসৃন করবে। আরো বলেন, প্রেস ব্রিফিংয়ে বারবার ‘যৌথ বিবৃতি’ বলা বিস্ময়কর। একটি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রের ‘যৌথ বিবৃতি’ প্রদান শোভনীয় না। একই সঙ্গে একক বিএনপির মতামতের ভিত্তিতে দেশের সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেয়াও শোভনীয় নয়!
লিচুর ভরা মৌসুমে দিনাজপুরে প্রায় দেড় লাখ নারী ও কিশোর অস্থায়ীভাবে লিচু বাগানে কাজ করছেন। মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত সদর ও বিরল উপজেলার গ্রামাঞ্চলে লিচু সংগ্রহ, বাছাই, গণনা ও খাঁচা বা টুকরিতে রাখার কাজ করেন তারা। প্রতিটি বাগানে ৩০ থেকে ৪০ জন নারী ও কিশোর কাজ করেন। দিনে ৩০০–৪০০ টাকা মজুরি পেয়ে সংসারের খরচ মিটিয়ে অনেকেই সঞ্চয়ও করতে পারেন। দিনাজপুর কৃষি অফিস জানায়, জেলায় ৫,৫০০ হেক্টর জমিতে এবার লিচু চাষ হয়েছে। নারীদের পরিচ্ছন্ন কাজের দক্ষতার কারণে তাদের চাহিদাও বেশি।
জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হলে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে অনৈক্যের আশঙ্কা দেখা দিয়েছিল, সেখান থেকে সম্ভবত আমরা পরিত্রাণ পেয়েছি। তিনি বলেন, তবে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলছে না। দেশের জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত এবং ঘোষণা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডে না হয়ে, দেশের বাইরে থেকে প্রকাশ করা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই। আরো বলেন, তবুও দেশের বৃহত্তর স্বার্থে, আশা করি এখন সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রকাশ হবে।
সিলেটে ঝটিকা সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি কোনো কমিটিতে ডেভিলের অনুপ্রবেশ ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও দলের ঐক্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, মাঠের সব খবর দলের শীর্ষ দায়িত্বশীলসহ কেন্দ্রের কাছে আছে। নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে এবং গ্রুপিং-কোন্দলসহ সব ধরনের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
ইসরাইলের ব্যাপক হামলার পর ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। ফলে আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশের পতাকাবাহী বিমান কুয়েত ও সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে। সাধারণত কুয়েত ও সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় ইরানের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশ এয়ারলাইন্স। এ প্রসঙ্গে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বলেন, বিমানের সূচিতে কোনো পরিবর্তন আসেনি। কেবল কুয়েত ও সৌদি আরবগামী ফ্লাইট ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে।
রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার, নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারকে আমরা শুরু থেকেই বলে আসছিলাম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্প্রতি যে আলোচনাগুলো হচ্ছে, আজ লন্ডনে যে বৈঠক হলো তা ইতিবাচক, আমরা এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানাই। আমরা বলেছি, বিভিন্ন বিষয় বিবেচনায় এপ্রিলের শুরুতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। আরো বলেন, লন্ডনের বৈঠকের ফলে নির্বাচনের পাশাপাশি সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য তৈরির কাজটি এখন যথাযথ মনযোগ পাবে বলে আমরা আশা করি।
ইরানে ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। এবার সেই ভয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। খবর ইরনা নিউজের। ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, দুটি যুদ্ধবিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরাইল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে। পরবর্তীতে চ্যানেল ১২ জানিয়েছে, সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।
ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে শুক্রবার ভোররাতে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল। জানা গেছে, মোসাদ ইরানের ভেতর থেকেই এ হামলা পরিচালনা করেছে। ইসরাইলের বিমানবাহিনীর সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের ভূখণ্ড থেকেই তেহরানের বেশ কয়েকটি লক্ষবস্তুতে হামলা চালিয়েছে মোসাদও। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ মাস ধরেই ইরানের মাটিতে এই ভয়ংকর হামলার জাল বুনছিল মোসাদ। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগেই ইরানে নিজেদের কামান্ডো বাহিনী পাঠিয়েছিল মোসাদ। পূর্বপরিকল্পিত এ হামলায় নিমিষে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দেয় মোসাদ।
লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা এ বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক মনে করি। তিনি আরও বলেন, রাজনীতিতে রাজনৈতিক দল এবং সরকারপ্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময়ই সৌহার্দ-সহমর্মিতা বৃদ্ধি করে।এটা গণতন্ত্রের সৌন্দর্য।
ভোরে এক হামলায় দশ জন গুরুত্বপূর্ণ ইরানি শক্তিকে হত্যা করেছে ইসরাইল। তারা হলো, জেনারেল হোসেইন সালামি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার। জেনারেল গোলামালি রাশিদ, সশস্ত্র বাহিনীর উপসর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। ফেরেইদুন আব্বাসি, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ও পরমাণু পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রিধারী। মোহাম্মদ মেহদি তেহরানচি, ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট। আবদুল হামিদ মিনুচেহর, পারমাণবিক প্রকৌশলে পিএইচডি ডিগ্রিধারী, শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের ডিন ছিলেন। আহমদ রেজা জুলফাঘারি, শাহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলের অধ্যাপক। আমির হোসেইন ফাঘিহি, পারমাণবিক শক্তি সংস্থার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোতাল্লেবজাদেহ, একজন পরমাণুবিজ্ঞানী, যিনি তার স্ত্রীসহ হামলায় নিহত হয়েছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, এখনই পারমাণবিক চুক্তিতে না ফিরলে আরও ভয়াবহ হামলা হতে পারে। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি জানান, ইরানকে একের পর এক সুযোগ দেওয়া হলেও তারা প্রতিক্রিয়া দেখায়নি। তিনি বলেন, এবার যদি চুক্তিতে না আসে, তাহলে ভবিষ্যতের হামলাগুলো আরও ধ্বংসাত্মক হবে। ট্রাম্প আরও দাবি করেন, ইসরাইলে ইরানের হামলার পরিকল্পনার বিষয়টি আগে থেকেই জানতেন, তবে এতে মার্কিন সেনাবাহিনী কোনোভাবেই জড়িত ছিল না।
এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণআকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ৯০ সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। নতুন বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে— কোনো একক দলের সুবিধার জন্য নয়। আরও বলেন, শুধু রাজা বা রানী বদল হলেই চলে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। পাটওয়ারী বলেন, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তারা কাজ করছে। এ সময় জেরুজালেমে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ ঘটনার পর জেরুজালেমসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।