বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি ব্যাংকে রূপান্তর করা হবে জাতীয় নির্বাচনের আগেই। কোনো কর্মী চাকরি হারাবে না, তবে কিছু শাখা স্থানান্তর হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বড় ধরনের অনিয়ম ও ৭৬.৬৯% খেলাপি ঋণের প্রেক্ষাপটে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই একীভূতকরণের বাইরে থাকবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য আইনি ও আপসের উভয় প্রক্রিয়ায় কাজ চলছে।
কঠোর মার্কিন রফতানি নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়া এখন আর রাজস্ব ও মুনাফার পূর্বাভাসে চীনকে অন্তর্ভুক্ত করছে না। সিইও জেনসেন হুয়াং জানিয়েছেন, অদূর ভবিষ্যতে এসব নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা কম। এখন থেকে চীনে তাদের অত্যাধুনিক এইচ২০ এআই চিপ রফতানিতে লাইসেন্স লাগবে। এতে ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে এনভিডিয়ার আয় ৮০০ কোটি ডলার পর্যন্ত কমে যেতে পারে। তাই কোম্পানিটি এখন অন্যান্য আন্তর্জাতিক বাজারে গুরুত্ব দিচ্ছে।
মেক্সিকোর ওক্সাকা রাজ্যের সান মাতেও পিনাস শহরে চার ব্যক্তি মেয়র লিলিয়া গার্সিয়ার অফিসে ঢুকে তাকে এবং অন্য এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রাজ্যের প্রসিকিউটরের অফিস বলছে, তারা এই হামলার ঘটনা তদন্ত করছে। ওই এলাকায় সেনা এবং ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে। জানা গেছে, শক্তিশালী মাদক গ্যাঙগুলো মেক্সিকোর উচ্চপদস্থদের টার্গেট করে আসছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপির দুই নেতাকে রোববার রাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে আহ্বায়ক কামিটির সদস্য হেলাল উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক অপরজন হলো নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহমেদ। জানা গেছে, জেলার আটটি ইউনিটে কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। এই নতুন কমিটি না মেনে মিছিল করেন পারভেজ ও তার সমর্থকরা। বিপরীতে নবগঠিত কমিটির পক্ষে আরেকটি মিছিল হলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়!
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন আহত হয়েছেন। সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, একই সময়ে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নৌ-পথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৯৪ জন আহত হয়েছে। সমিতি বলছে, ঈদ যাত্রা নিরাপদ করতে ঈদের আগে অন্তত চারদিন ছুটি জরুরি।
বিএনপি নেতা তারেক রহমান শেখ মুজিব ও শেখ হাসিনা একদলীয় শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ ও ভয়াল থাবা প্রসঙ্গে এক পোস্ট দিয়েছেন। তিনি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন। এতে একমত জানিয়ে এনসিপি নেতা সারজিস আলম মন্তব্য করেছেন, বিগত কয়েক মাসে অনেক মিডিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিংবা টিআরপি পাওয়ার আশায় কিংবা অজানা কোন মদদে অসংখ্য প্রোপাগান্ডা ছড়িয়েছে।’ তিনি জানান, কিছু সাংবাদিক ও সংবাদপত্র ভিত্তিহীন কিছু তথ্য কয়েক মিনিটের জন্য প্রকাশ করে সত্যতা না থাকার কারণে কিছুক্ষণ পর সংবাদটি মুছে ফেলে। কিন্তু এর মধ্যে ওই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের যতটুকু ভাবমূর্তি নষ্ট হওয়ার সেটা হয়ে যায়। অনলাইন ফটো কার্ডে বিব্রতকর শিরোনাম দেওয়া হয়। কিন্তু ভিতরে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। এমনকি আওয়ামী লীগকেও সার্ভ করে। এই হেতু সারজিস বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেমন দরকার, তেমনি এর অপব্যবহার করলে আইন তৈরি করে তদন্ত সাপেক্ষে বিচারও জরুরি।
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে। আরও জানান, এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি। আজ সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবে। এদিকে ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ ক্রমাগত তীব্র হচ্ছে।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি পুলিশ। তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী ২৪ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময় মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশে রওনা হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশে আছে এবং থাকবে। ট্রাম্প আশা করেন, ইসরাইল ও ইরান একসময় একটি সমঝোতায় পৌঁছাবে। তিনি বলেন, তবে কখনো কখনো দেশগুলোর মধ্যে আগে যুদ্ধ বাঁধেই এবং যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। এর আগে ট্রুথ-এ তিনি লেখেন, ‘ইরান ও ইসরাইলকে একটা সমঝোতায় আসতেই হবে এবং তারা আসবেই।’
২০২০ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসের কারণে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ঘাটতির সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চশিক্ষায় এদের অনেকেই প্রয়োজনীয় দক্ষতা না থাকায় পিছিয়ে পড়ছে। শিক্ষকরা দেখেছেন, এসব শিক্ষার্থীর মনোযোগ, আত্মবিশ্বাস ও ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। বিশ্ববিদ্যালয় ও চাকরির বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে, যা ভবিষ্যতের গ্র্যাজুয়েট ও দক্ষ জনশক্তির মান নিয়ে শঙ্কা তৈরি করেছে।
উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সরকারি চাকরি অধ্যাদেশটি অবশ্যই পুনর্বিবেচনার সুযোগ আছে। আর আজ বিকেলে আইনটি পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৈঠকে বসবে। জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা জানান, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি। অসৎ উদ্দেশ্য আইন করা না হলেও কোনো কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে, এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে তারা বিড়ম্বনা বা হয়রানির শিকার হতে পারেন। আমরা স্বীকার করি- এ রকম সম্ভাবনা এই আইনের মধ্যে থাকতে পারে। এটি মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন, আমরা শুধু গেজেট নোটিফিকেশন করেছি।
পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনেও ইসরাইল ও ইরান হামলা অব্যাহত রেখেছে। এরমধ্যে রয়টার্সের প্রতিবেদন বলছে, ইসরাইলি হামলা চলাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান। মধ্যস্থতাকারী কাতার ও ওমানকে এ তথ্য জানিয়েছে তেহরান। তেহরান বলছে, ইসরাইলি আক্রমণের প্রতি ইরানের প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ হওয়ার পরেই কেবল গুরুতর আলোচনা হবে।’ রয়টার্সের প্রতিবেদন আরো বলছে যে, ইরান ওমান ও কাতারের কাছে যুদ্ধবিরতি এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের আবেদন করেছে বলে যে তথ্য জানানো হয়েছে তা ভুল।
উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ‘তরুণদের মধ্যে যাদের চাকরি বা প্রশিক্ষণ নেই-এমন পাঁচ লাখ যুব নারীসহ মোট ৯ লাখ তরুণকে ২০২৮ সালের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।’ তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা গড়তে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করা হবে। আরও বলেন, এই প্রকল্পের আওতায় পড়বে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ জনগোষ্ঠী, যাদের মধ্যে কমপক্ষে ৬০ শতাংশ নারী, ২ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন। এই নিট জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে ছয়টি ক্যাটাগরিতে।
কুড়িগ্রামের রৌমারীতে কন্যাসন্তান জন্মের পর শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে মাটি ও ইটের গুঁড়া পাঠানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় সমালোচনা শুরু হয়। স্ত্রী অভিযোগ করেছেন, স্বামী বিয়ের পর থেকেই নির্যাতন করতেন এবং ছেলের আশায় ছিলেন। তবে অভিযুক্ত স্বামী অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি সাজানো ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাইয়ে খোঁজখবর নেওয়া হবে।
দেশে ফিরে বিএনপি নেতা আমির খসরু বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার বৈঠক সফল হয়েছে। জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনের, সেটা পূরণ হয়েছে। তিনি বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দীর্ঘ সময়। বিচার চলমান প্রক্রিয়া। সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। সেটা হতে এক থেকে দেড় মাসের বেশি লাগবে না। আরো বলেন, বিচার, সংস্কারের জন্য অনেক সময় আছে। আর সংস্কারতো নির্বাচিত সরকারও করবে। খসরু বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করার পরই নির্বাচনের টানেলে জাতি প্রবেশ করবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।