পথসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা যে বাজারে প্রোগ্রাম করবো সেখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে তাদেরকে বলে দেবেন। এটা এক ধরনের শয়তানি হতে পারে যেন আমি ঠিকভাবে সভা-সমাবেশ না করতে পারি। নুর বলেন, গণঅধিকার পরিষদ স্বচ্ছ, দুর্নীতিবাজ মুক্ত লোক নিয়ে দল গঠন করা হয়েছে। কোনো অপশক্তিকে ভয় না পেয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আমি শেখ হাসিনার সঙ্গে আপস করিনি, তাকে দেশত্যাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আরো বলেন, দশমিনা ও গলাচিপায় যেসব অপকর্ম করে যাচ্ছেন মনে রাখবেন, জনগণ আপনাদের আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখাই দেবে সেই দিন আর বাকি নেই।
বিএনপি নেতা মোস্তফা জামান বলেন, একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ছাড়া সবাই নিজের স্বার্থে রাজনীতি করেছে। তিনি বলেন, জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছেন আর খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য লড়াই করেছেন। তাদের সন্তান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মত জিয়া পারিবারিক রাজনীতি করেননি। বিভিন্ন পদে স্বজনদের বসাননি। দলীয় নেতাকর্মীদের মোস্তফা বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
তারেক রহমানের নির্দেশে সাভারে দুই সন্তান নিয়ে মানবেতর জীবন কাটানো বিধবা হনুফার পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম। হনুফার হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে খোরশেদ আলম বলেন, আমরা তারেক রহমানের পক্ষ থেকে হনুফাকে নতুন ঘর নির্মাণের জন্য নগদ সহায়তা দিয়েছি। আমাদের এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে হামলায় নিহত হয়েছেন মো. নাইম মিয়া (২১) নামের এক কলেজছাত্র। গত শুক্রবার রাতে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং সোমবার ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, তপু মিয়া, তার বাবা শামছুল, ইসলাম উদ্দিনের ছেলে জলিল এবং অজ্ঞাত আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে নাইমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের অভিযোগ, তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে ওসি ফেরদৌস আহমেদ বলেন, নিহত নাইমের বিরুদ্ধে মারামারি ও চুরির ৬টি মামলা রয়েছে। এই মামলাগুলো নিয়েই বিবাদীদের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল।
তেহরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। সবশেষ ইসরাইলী বিমান বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি-এর কার্যালয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং ধুলো ছড়িয়ে পড়তে থাকে। পরে নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের আসন ত্যাগ করে ছুটে যান। এর আগে ওখানকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জন্য সতর্ক করেছিল ইসরাইল।
সোমবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘আমরা সব পক্ষকেই আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে ইসরাইল-ইরান উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেয়। তারা যেন এ অঞ্চলের আরও অস্থিরতার দিকে চলে যাওয়া ঠেকায় এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করে’। এর আগে রোববার আরেক মুখপাত্র বলেছিলেন, ‘চীন এ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী’।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামাসের গাজা শাখার প্রধান ড. খালিল আল-হাইয়াকে দোহায় হত্যাচেষ্টার যে গুজব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে—তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা তা জোরালোভাবে অস্বীকার করছি’। আরো বলা হয়েছে, এ ধরনের খবর প্রকাশ বা প্রচারের আগে সত্যতা যাচাই করুন এবং ইহুদিবাদী গণমাধ্যমের প্রোপাগান্ডার ফাঁদে পা দেবেন না’।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেছেন, ইরানের সঙ্গে পাকিস্তানের চাঘি, ওয়াশুক, পানজগুর, কেচ ও গোওয়াদার জেলার সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে। তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে কোনও নিষেধাজ্ঞা নেই এবং ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা প্রয়োজনে দেশে ফিরতে পারবেন। জানা গেছে, সীমান্ত দিয়ে ইরানে থাকা পাকিস্তানিরা দেশে ফিরছেন!
এক বিজ্ঞপ্তিতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ডিএসসিসি'র মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই স্থানীয় সরকার বিভাগের। তবে, ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। অবরোধের কারণে ৩০ থেকে ৪০ শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে। আমাদের অফিসাররা ওয়াসা অফিসে বসে সিটি করপোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। এই সময় তিনি দায়িত্বশীলতা আশা করেন!
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী ‘বর্বর’ শত্রু ইসরাইলকে অসহায় করে ছাড়বে। কারণ এই শত্রু কোনো ‘রেড লাইনের প্রতি’ শ্রদ্ধাশীল নয়। তিনি বলেন, গত কয়েক রাত ধরে যা ঘটেছে, তাতে দখলদারদের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। ইরানী বাহিনী শত্রুকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যক্ষ করবে’। এদিকে টেলিভিশন ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘ইসরাইলি শাসনব্যবস্থা একটি নিকৃষ্ট শত্রু এবং ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিশোধের পর এটি অসহায় হয়ে পড়বে’।
ইরান-ইসরাইল যুদ্ধের ফলে গত ৪৮ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা ও রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং ডেটা। জানা গেছে, তেলআবিব, তেহরান, দামেস্ক, বাগদাদ, বৈরুত ও আম্মান বিমানবন্দর আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া ইসরাইল, ইরান ও ইরাকের আকাশসীমা টানা দুদিন ধরে বন্ধ রয়েছে। জর্ডান, লেবানন ও সিরিয়ার ওপর দিয়ে সীমিত মাত্রায় ট্রানজিট অনুমতি দেওয়া হলেও কঠোর শর্ত রয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। অন্যরা হলেন- সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম। দুদক বলছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য এই ব্যবস্থা!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক সিইসি'গণ, ইসি কমিশনারগণ ও ইসি'র সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশন প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, বেশকিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। খুব শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারবো। তিনি জানান, লন্ডনে প্রবাসীরা সংস্কার নিয়ে আগ্রহী!
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরাইলের সামরিক হামলার মধ্যেও ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। ইরানের পরমাণু কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১-এর অধীনে বৈধতা পেয়েছে, এবং তা থামানোর ক্ষমতা কোনো সংস্থার নেই। তিনি ইসরাইলি হামলাকে ইতিহাসের ভয়ঙ্কর নজির উল্লেখ করে বলেন, এটি শুধু ইরানের সার্বভৌমত্ব নয়, বরং আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে। আরো বলেন, ইউরোপীয় দেশগুলোর উচিত এ হামলার বিরুদ্ধে জোরাল অবস্থান নেওয়া এবং ইসরাইলের এ যুদ্ধাপরাধের নিন্দা জানানো।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, সোমবার ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ভারত–প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত সপ্তাহে দক্ষিণ সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করে। জানা গেছে, চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের এ রণতরির ভিয়েতনামের ডানাং বন্দরে যাওয়ার কথা ছিল। সেই সফর বাতিল করা হয়েছে!
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।