রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এ নিয়ে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক বলেন, 'এ প্রসঙ্গে দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কফকাজ বন্দর থেকে আমদানিকৃত দেড় লাখ টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। তবে চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি। এটি একটি অপরাধ। যার জন্য ইউক্রেন এখন বিষয়টি ইইউতে উত্থাপন করবে। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবে!' এদিকে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না। বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না।’
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেইজিংয়ের পণ্য আমদানির ওপর চড়া শুল্ক চাপিয়ে একরকম বাণিজ্য যুদ্ধে জড়ান। এবার ট্রাম্প নিজেই জানালেন, ‘আমরা গতকালই চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। চুক্তিতে, আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি। এটি এমন কিছু যা আসলে কখনও ঘটতে পারত না।’ তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, এ চুক্তি নিয়ে মার্কিন ও চীনা কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শুল্ক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এ মাসের শুরুতে লন্ডনে বৈঠকও করেছে দুদেশ।
সিএনএন মার্কিন সূত্রে জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে ইরান-ইসরাইলে সংঘাতের মধ্যেও এবং পরেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের খেলোয়াড়রা পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছেন। গত শুক্রবার হোয়াইট হাউজে বৈঠকে বসে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের মিত্ররা। জানা গেছে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটিকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিতে পারে। এছাড়া তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে দেশটি। পাশাপাশি জব্দ করা ফান্ডও ফিরিয়ে দেবে। তবে বৈঠকের আলোচনায় শর্ত ছিল, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোটায় রাখতে হবে।
ফিনল্যান্ড কয়েক বছর আগেও একটি নিরপেক্ষ ইউরোপীয় রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। সেই দেশটি এখন রাশিয়ার গা ঘেঁষে ন্যাটোর উত্তরের ফ্রন্টলাইন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই হেলসিংকি ন্যাটোতে যোগ দেয়। তার পর থেকেই এক বিশাল ভৌগলিক, সামরিক ও রাজনৈতিক রূপান্তর শুরু হয় দেশটির।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সম্ভাব্য শুল্কযুদ্ধ একসঙ্গে বৈশ্বিক অর্থনীতিকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক, বিশেষত চীনের ওপর, বাণিজ্যে গুরুতর ব্যাঘাত ঘটাতে পারে। একইসঙ্গে ইসরায়েল-ইরান উত্তেজনা জ্বালানির দাম বাড়াতে পারে। বৈশ্বিক প্রবৃদ্ধি আগেই মন্থর হওয়ায় এ যুগল অভিঘাত মন্দার আশঙ্কা বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখন ছোট ধাক্কাও বড় বিপর্যয় আনতে পারে—যেমনটা ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় হয়েছিল। আইএমএফ পূর্বাভাস দিয়েছে ২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি মাত্র ২.৮ শতাংশে নেমে আসবে।
ঢাকা কারখানা বন্ধের পর সাভারে উৎপাদন ক্ষমতা বাড়াতে ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। ১ জুলাই থেকে আশুলিয়ার নতুন ঠিকানায় কার্যক্রম শুরু হবে। অভ্যন্তরীণ তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন হবে। ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা ও ইপিএস কমেছে। ২০২৪ অর্থবছরে ৩০০% নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি এবং এর রিজার্ভ ও শেয়ারহোল্ডার ইকুইটি শক্তিশালী রয়েছে।
ইসরাইল, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ দিনের প্রাণঘাতী সংঘাত শেষ হওয়ার পর হিজবুল্লাহ নেতা নাইম কাসেম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি নতুন করে আনুগত্য প্রকাশ করেছেন। একটি ভিডিও বার্তায় কাসেম খামেনির সাহস ও জ্ঞান প্রশংসা করে ইরানের নেতৃত্বের প্রতি ব্যাপক সমর্থনের কথা জানান। ইসরাইল ও মার্কিন বিমান হামলার শুরু থেকেই ফিলিস্তিনের এই সশস্ত্র সংগঠন তেহরানকে সমর্থন জানিয়ে আসছে এবং খামেনির নেতৃত্বে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রুবিও জোর দিয়ে বলেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। দুই নেতা ইসরাইল ও ইরানের মধ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব স্বীকার করেছেন।’ প্রসঙ্গত, ইসরাইলের সাথে পাকিস্তানের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সম্পর্ক নেই।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ইঞ্জিন সংকটে ট্রেন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। দৈনিক চাহিদার দুই-তৃতীয়াংশ ইঞ্জিন সরবরাহের কারণে ট্রেন বিলম্ব, যাত্রা বাতিল ও মাঝপথে থেমে যাওয়ার ঘটনা বাড়ছে। পুরনো ইঞ্জিন এবং নতুন ইঞ্জিন কেনার উদ্যোগে দেরিতে সংকট আরও বেড়েছে। রেল কর্তৃপক্ষ ৩০টি নতুন ইঞ্জিন আমদানির পাশাপাশি দীর্ঘমেয়াদী মেরামত শুরু করেছে। তবে সমাধান না হওয়া পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা ও কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের অনিশ্চয়তা ও ভোগান্তি অব্যাহত থাকবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘উপযুক্ত পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে সব বিষয়েই আলোচনা করতে প্রস্তুত ভারত। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক মোকাবিলা করা যায়। জানা গেছে, ভারতের পার্লামেন্টে ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ নিয়ে আলোচনার জন্য ৪ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া জয়সওয়াল বাংলাদেশ, চীন ও পাকিস্তানের বৈঠক নিয়ে বলেন, আমরা আমাদের আশপাশের অঞ্চলের উন্নয়ন এবং সেগুলো ভারতের স্বার্থ ও নিরাপত্তার ওপর কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে নিরবচ্ছিন্ন নজরদারি করি। আমাদের প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক স্বতন্ত্র হলেও, সেই সম্পর্কগুলো পরিবর্তিত প্রেক্ষাপটের আলোকে বিবেচিত হয়।
স্ট্রোক করা মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়।’ আরও বলেন, কিন্তু পূজা শেষে বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি 'সরিয়ে নেয়নি। উল্টো তারা সেখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন।' এ প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ জানায়, প্রথমে প্রায় শতাধিক দোকানপাট, রাজনৈতিক দলের কার্যালয়, কাঁচাবাজার ও সবশেষে অস্থায়ী মন্দিরটি সরানো হয়েছে। মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ, এ সংক্রান্ত বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করেছে।
জিওপি নেতা রাশেদ খান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক প্লাটফর্মের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়। এরপর গত ৭ মার্চ নাহিদ ইসলাম বলেন, প্লাটফর্মটি এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। জাতীয় নাগরিক কমিটির সাথে মিলে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। রাশেদ বলেন, কিন্তু সেই প্লাটফর্মের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এনসিপি সম্পৃক্ত নেতারা ভোটার হন। এনসিপির কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। ফলে আবারও বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এক্সিস্ট করা শুরু করলো। ফলে নাহিদ ইসলামের ৭ মার্চের বক্তব্যের আর ভিত্তি থাকল না। বিতর্কিত হওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, প্লাটফর্মটি যদি আবারও বিতর্কিত হয়, তবে আওয়ামী আমলের মুক্তিযুদ্ধ মঞ্চের মত ঘৃণারপাত্রে পরিণত হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটেরর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে ফিরে এসেছে। জানা গেছে, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং সাত ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত নেতা ও উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোশ্যাল বিজনেস ডে-র এ বছরের প্রতিপাদ্য, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’ জানা গেছে, বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এ আয়োজন। এখানে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন থাকবে। ২৫টি দেশের ১৮০ জনের বেশি বিদেশিসহ সহস্রাধিক অতিথি অংশ নেবেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।