কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলামকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছে প্রশাসন। সোমবার পুলিশের এক আদেশে তাকে প্রত্যাহার করে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক মো. সেলিমকে নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও পুলিশ সুপার বদলিকে নিয়মিত প্রশাসনিক রদবদল বলে দাবি করেছেন। তবে হাইওয়ে পুলিশ ওই সময় কার্যকর ভূমিকা না নেওয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বাড়তি শুল্ক কার্যকরের সময়সীমা আরও বাড়িয়ে ওই দিন পর্যন্ত মেয়াদ দিয়েছেন তিনি। এক চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তিনি জানান, দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি ও বাংলাদেশে প্রচলিত শুল্ক–অশুল্ক বাধা ও নীতিমালা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে বিদ্যমান বাধা দূর না করলে বাড়তি শুল্ক কার্যকর হবে। তবে বাংলাদেশ যদি মার্কিন বাজার উন্মুক্ত করে ও বৈষম্যমূলক নীতি পরিবর্তন করে, তবে এই শুল্ক পুনর্বিবেচনা করা যেতে পারে বলেও জানান ট্রাম্প। প্রসঙ্গত, একইসঙ্গে ১৪টি দেশের সরকার প্রধানদের কাছে এদিন একটি করে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।
আল-কায়েদা সংশ্লিষ্ট জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) পশ্চিম আফ্রিকার মালি, বুরকিনা ফাসো ও নাইজারে হামলা বাড়াচ্ছে। সামরিক অভ্যুত্থানের মধ্যেও জেএনআইএম তাদের নিয়ন্ত্রণ বাড়িয়ে কঠোর শরিয়া আইন চাপিয়ে দিচ্ছে ও সহিংসতা বৃদ্ধি করছে। পশু চুরি, কর আরোপ ও চোরাচালানের মাধ্যমে অর্থায়ন করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা এখনও তাদের বৃদ্ধিকে থামাতে পারেনি, যা সাহেল অঞ্চলে দীর্ঘমেয়াদি অস্থিরতা ও নিরাপত্তাহীনতার আশঙ্কা জাগাচ্ছে।
শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্ত এলাকায় বন্যহাতি রক্ষায় বনবিভাগ মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী হাতি হত্যা দণ্ডনীয় অপরাধ, যার জন্য জেল ও জরিমানার বিধান রয়েছে। হাতির আক্রমণে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছে। হাতিকে উত্ত্যক্ত না করতে এবং দেখলে বনবিভাগকে জানাতে বলা হয়েছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত শেরপুরে হাতির আক্রমণে ৪৫ জন এবং বিভিন্ন কারণে ৩৫টি হাতির মৃত্যু হয়েছে।
রাজধানীর গেন্ডারিয়ায় ‘শহীদ জুনায়েদ চত্বর’ ও ‘শহীদ শাহারিয়ার খান আনাস সড়ক’-এর নামফলক উন্মোচন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া মেহেদী হাসান জুনায়েদ ও শাহারিয়ার খান আনাসের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়া হবে। ফ্যাসিবাদী শাসনের অবসান ও বিচারবহির্ভূত হত্যার বিচার নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা কবর ও স্মৃতি সংরক্ষণের দাবি জানান এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
টানা এক সপ্তাহের বৃষ্টিতে টেকনাফ ও সেন্টমার্টিনসহ অন্তত ৮০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে এবং আড়াই হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষদের সরিয়ে নিতে প্রশাসন মাইকিং করছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং অনেককে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। নৌ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং পণ্যের দাম বেড়েছে। স্থানীয়রা পানি নিষ্কাশনে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের নয়াপুর বাজার এলাকায় প্রচারপত্র বিলি, পথসভা ও গণসংযোগকালে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যাপক উন্নয়ন হবে। জনগণ সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন। বিএনপি অতীতে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণি হিসেবে গড়ে তুলেছিল। মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সম্পত্তি, সুযোগ-সুবিধা ও অর্থকে দলীয়করণ করেছিল। মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি অবকাঠামোতে বসে আওয়ামী লীগের রাজনীতি করেছে।মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মূল্যবান সম্পত্তির সদ্ব্যবহার ও সক্ষমতা বৃদ্ধির জন্য পরামর্শক নিয়োগ এবং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। আগামীতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রকাশের লক্ষ্যে সংশ্লিষ্টদের কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মাগুরার শালিখার আড়পাড়া ইসলামিয়া ফজলুল উলুম কওমিয়া এতিমখানায় ৩০০’র বেশি শিক্ষার্থীকে রাতের খাবার খাওয়ালেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এশার নামাজের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে খাবার ভাগাভাগি করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও এতিমরা তাঁর এ সহযোগিতা ও আন্তরিকতায় দোয়া করেন। নয়ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দল ৩৫ বছর আগে উপজেলা পর্যায়ের আদালত তুলে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে নতুনভাবে আদালত সম্প্রসারণের প্রস্তাবে একমত হয়েছে। জরুরি অবস্থা চলাকালে মানবাধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাব এসেছে, তবে বিস্তারিত আলোচনা পরবর্তী সংসদে হওয়া উচিত। বিএনপি ঐকমত্য কমিশনের আলোচনায় আদালত সম্প্রসারণসহ দুটি প্রস্তাবে নীতিগতভাবে একমত হলেও কিছু সংযোজনের দাবি করেছে এবং হাইকোর্টের সঙ্গেও আলোচনা চায়।
গাজীপুরের মৌচাক ইউনিয়নের ভান্নারা কালের ভিটা এলাকায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে নাজমুল নামে এক যুবককে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। মামলার অভিযোগে জানা গেছে, উপজেলার ভান্নারা কালের ভিটা এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ভিকটিমের বাবা কসাইর ব্যবসা করেন। ওই বাড়িওয়ালার মেয়ের জামাই অভিযুক্ত নাজমুল। সে ওই বাসায় সপরিবারে থাকে। ৫ জুলাই নাজমুল বাড়িতে শিশুটিকে একা পেয়ে তার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। রাত ৯টার দিকে শিশুটি মা-বাবাকে ঘটনা বলার পর তারা বিষয়টি পুলিশকে জানিয়ে মামলা করেন।
মুন্সিগঞ্জের শ্রীনগরের বিবন্দী গ্রামে সাত মাস বয়সী জমজ দুই শিশুকন্যাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ ওঠেছে। সোমবার রাত ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু দুটি—লামিয়া ও সামিহা—সোহাগ শেখ ও শান্তা বেগম দম্পতির মেয়ে। অভিযোগ অনুযায়ী, শান্তা নিজেই শিশুদের পুকুরে ফেলে দেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা সোহাগ ও শান্তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শ্রীনগর থানার ওসি জানিয়েছেন, মরদেহ থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
ঘূর্ণিঝড় ‘শক্তি’র এক মাস পরেও ভোলা চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের একমাত্র ইটের সড়কটি মেরামত হয়নি। দুই কিলোমিটার দীর্ঘ এই সড়ক ভেঙে যাওয়ায় বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালমুখী যাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় পণ্য বহনে নারী-শিশুদের দুর্ভোগ আরও বেড়েছে। বিদ্যুৎ না থাকায় রাতে চলাচল ভয়ংকর হয়ে উঠছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি; বরাদ্দের অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন।
চুয়াডাঙ্গার দর্শনায় জমি সংক্রান্ত বিরোধে আটক ছাত্রদল কর্মী মানিককে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার রাতে থানার সামনে মিছিল করে অবস্থান নেওয়ার পর ওসির সঙ্গে আলোচনার মাধ্যমে মানিককে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় এসআই অনুজ কুমারকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। থানা ঘেরাওয়ের ভিডিও ভাইরাল হলেও পুলিশ দাবি করেছে, কেউ থানায় প্রবেশ করেনি এবং ঘটনাটি ঘেরাও নয় বরং শান্তিপূর্ণ মীমাংসা। ঘটনা তদন্তে বিভাগীয় কমিটি গঠন হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসকে বাংলাদেশ মনিটর কর্তৃক ২০২৪ সালের সেরা দেশীয় বিমান সংস্থা হিসেবে পুরস্কৃত করা হয়েছে। ইন-ফ্লাইট ও এয়ারপোর্ট সেবায় উৎকর্ষতা, সময়ানুবর্তিতা ও উন্নতির জন্য এই সম্মাননা প্রদান করা হয়। দেশের আকাশ যোগাযোগ বৃদ্ধিতে এবং আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা রক্ষায় এয়ারলাইনটির অবদানকে গুরুত্ব দেয়া হয়েছে। সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিমান শিল্পের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএস-বাংলা এই সম্মাননা ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে লাভ করেছিল।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।