স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরাইল ’ বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এর আগে পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ গত ১৫ ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে। গত ১৮ মার্চ দলটি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ দাবিতে স্মারকলিপি প্রদান করে। ওই সময় দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি খুবই যৌক্তিক। এছাড়া ছাত্রশিবির, ঢাবি শিক্ষকবৃন্দ এবং গতকালকের মার্চ ফর গাজাতেও এই দাবি উঠেছিল।
ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তিনি জানান, ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। সে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন। এদিকে, ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী জানিয়েছেন, আগামীকাল সোমবার শোভাযাত্রা শুরুর আগেই নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে।
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা-বিদ্বেষবিহীন দেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা চাই একসঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করব। এই উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। তিনি বলেন, গৌতম বুদ্ধের যে নীতি, অহিংসবাদ সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা-বিদ্বেষ বিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই। এদেশ সবার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান- মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। জেনারেল বলেন, আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় তা করতে আমার রাজি আছি। সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রতি রক্ষার জন্য যা কিছু করতে হয়, সেটা করতে সদায় প্রস্তুত থাকব। আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে একটা শান্তির জায়গা নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন। জানা গেছে, ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বাবুর ওষুধের দোকানের সামনে রাখা বসার বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবুর ভাই আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও মঞ্চজুরুল ইসলামসহ তাদের লোকজন শফিকুলকে মারধর করেন। পরে আলম ডাক্তারের দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলা করেন তারা। খবর পেয়ে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা শফিকুলকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও তার ভাই মঞ্জুরুলসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
শনিবার বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে। শাহপরীর দ্বীপের জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতরা হলেন, আমির সুলতান (৫২), রবি আলম (৪২), দ্বীল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)। আটককৃত সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা করা হয়েছে। আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলেন, ‘মেঘনা আলমের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। কিন্তু বিশেষ ক্ষমতা আইনে কেন আটকাদেশ দেওয়া হলো? আমরা মনে করি, একটা অস্পষ্ট অভিযোগের ওপর ভর করে তাকে আটকাদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি বিচারপতি তামান্না রহমান খালিদির দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। গত বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। তিনি বলেন, আমরা বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। অতি প্রাচীন সময় থেকেই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বৌদ্ধবিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূরদূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এ বিহারগুলোতে আসতেন। মুহাম্মদ ইউনূস বলেন, বৌদ্ধ ধর্ম জীবজগতের সব প্রাণীর মঙ্গল কামনা করে। মহামানব বুদ্ধ বলেছেন, ‘শান্তি, সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না; এমনকি ক্ষুদ্র জীবও।’ এদেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরেণ্য একজন মহাপণ্ডিত। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে নিয়েছিলেন সেই চীনের তিব্বতে। এছাড়া তিনি সব নানা মত-ধর্ম-রীতিনীতির মধ্যেও সবাই এক পরিবারের উল্লেখ করে সার্বজনীন নববর্ষ উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি। সৈয়দ রেফাত বলেন, বিচার ব্যবস্থাকে আরও স্বাচ্ছ ও বিচার প্রার্থীদের অসুবিধা দূর করতে ১২ দফা সংস্কার কার্যক্রম চলছে। এ সংস্কার শেষ হলে দেশে একটি কাঙ্ক্ষিত টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে। প্রধান বিচারপতি বলেন, সংস্কারের মাধ্যমে বিচার ব্যবস্থায় যে অনিয়ম রয়েছে তা দূর হবে এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহিতাও নিশ্চিত হবে। এজন্য বিচারিক বেঞ্চ, বার ও গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে।
গাজার একটি প্রধান হাসপাতালের ভেতরে দুটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হাসপাতালটির জরুরি ও অভ্যর্থনা বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, কয়েক ডজন বাস্তুচ্যুত পরিবার হাসপাতালটি ছেড়ে যাচ্ছে। তাদের মধ্যে কিছু কিছু মানুষ অসুস্থ আত্মীয়দের হাসপাতালের বিছানায় টেনে নিয়ে যাচ্ছেন। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এই হামলাকে ‘জঘন্য ও নোংরা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে বলেছে, ইসরাইল ‘গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা খাতের অবশিষ্টাংশ ভেঙে ফেলার একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে এবং পরিষেবা থেকে বঞ্চিত করেছে।'
মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। বেপারীপাড়া এলাকায় চলা এই সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের মধ্যে দুজন ওসি রয়েছে। স্থানীয়রা জানান, গত ২ এপ্রিল বদরপাশা গ্রামের জুনায়েদ তার বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দে আতশবাজি ফোটায়। এতে বাধা দেয় জোবায়ের খান ও তার বন্ধুরা। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে গত ৩ এপ্রিল জোবায়েরকে একা পেয়ে মারধর করে জুনায়েদ ও তার বন্ধুরা। এতে জোবায়েরের ডান পা ভেঙে যায়। এ ঘটনায় মামলা হয়। অনিক রাজৈর বাজারে গেলে তাকে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা র্যাব। র্যাব জানিয়েছে, নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ৩৪৬টি টহল দল এবং ৪১৩ জন সাদা পোশাকে গোয়েন্দা সদস্যসহ মোট ২৪৪৯ জন র্যাব সদস্য মাঠে থাকবে। এছাড়াও টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, শিশু একাডেমি ও রমনা বটমূলসহ বর্ষবরণ কেন্দ্রিক এলাকায় স্থাপন করা হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট। বোমা হামলার আশঙ্কা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং পরিচালনা করা হবে। এই ইউনিটগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায়। নারীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গুজব ও অপপ্রচার রোধে একটি সাইবার মনিটরিং টিমও তৎপর থাকবে।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ সময় তার স্বজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। জাকির খানের আইনজীবী বলেন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩২টি মামলায় তিনি খালাস পেয়েছেন। বাকি ১টি মামলায় তিনি জামিনে রয়েছেন। তিনি বলেন, অনেক আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ পাঁচ বছর সাজা শেষ করে মুক্তি পেয়েছেন। প্রসঙ্গত, হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ তাকে গ্রেপ্তার করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ঢাকার ‘মার্চ ফর গাজা’ সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যকে নিশ্চিত করে। বাংলাদেশ, তার পুরুষ ও নারী, তরুণ ও বৃদ্ধ উভয়ের মাধ্যমে, ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শক্তি, উৎসাহ এবং নৈতিক প্রতিরোধ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আজ বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল। আরো বলেন, সমগ্র ফিলিস্তিন থেকে সমগ্র বাংলাদেশের কাছে, আমরা এমন এক জনগোষ্ঠীকে আমাদের শুভেচ্ছা জানাই যাদের মাহাত্ম্য এবং সাহসী অবস্থানকে ভাষায় প্রকাশ করা যায় না। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছে বলেন, গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয়। ন্যায়বিচারের জয় হবে এই বিশ্বাসকে আপনারা বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন। রোববার সকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন। এরপর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করতে যান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। এছাড়া ওই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশে বৌদ্ধদের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সদ্ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ডিএমপি কমিশনার সাজ্জাদ আলীর আদেশে বলা হয়, "ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো।" দিন কয়েক আগে মডেল মেঘনা আলমকে আটক করে ডিএমপির ডিবি। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, তা সঠিক হয়নি বলে রোববার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।