এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আইএমএফ ঋণ চুক্তির আওতায় যখন রাজস্ব আদায় বাড়াতে হিমশিম খাচ্ছে এনবিআর, তখন ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক সামাল দিতে বাংলাদেশ বিভিন্ন মার্কিন পণ্যে যে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজস্ব আদায় আরও কমবে। তিনি বলেছেন, ইউএস ট্রেজারি যে ব্যবস্থা, সেখানে যে আমরা কিছু কমিটমেন্ট করেছি, আমাদের ডিউটি স্ট্রাকচার কিছুটা র্যাশনালাইজ করতে হবে। সেখানে আমাদের কালেকশন কমবে। একইভাবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও, যে কথাগুলো বললেন যে মিনিমাম ট্যাক্স, টিডিএস এসব অনেক হাই, এগুলো যদি র্যাশনালাইজ করতে যাই, এখানেও কালেকশন কমবে। চেয়ারম্যান বলেন, এমনিতেই আমাদের ব্যক্তি পর্যায়ে এবং করপোরেট কর হার তুলনামূলক বেশ কম, তাই এ বছর উক্ত খাতে কর অপরিবর্তিত থাকবে। তবে আগামী বাজেটে রাজস্ব হারে বিদ্যমান বৈষম্য দূর হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয়, যে এতটুকু আসলে, এতটুকু হলে গেল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে। কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে মতন। তিনি বলেন, 'যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি। মুখে বলছেন পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন, বিএনপি তো এটি করছে না।’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে, যখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দি। যখন বিএনপির লাখ লাখ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া, গায়বি মামলার জরজরিত! আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। তাদের কতজন ব্যক্তি স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিলেন। তিনি আরও বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড নিয়ে আলোচনা করেছি। আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে কি করতে পারি, কি করব, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের পরিবেশের ব্যাপারে একটি পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনা আছে কতটুকু সেটি সময় পরিস্থিতি প্রেক্ষাপট বলে দিবে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২ মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারকৃতরা হলেন- ওই ইউনিয়নের নজরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ওই মাদ্রাসার শিক্ষক মোজাহিদুল ইসলাম ও একই ইউনিয়নের মাধাইপুর গ্রামের শুকুরুদ্দিনের ছেলে আলাউদ্দিন। শিক্ষার্থীরা বাবা মাকে নিপীড়নের কথা জানালে দুই শিক্ষার্থীর অভিভাবক শনিবার রাতে গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি রইসউদ্দিন।
চারুকলা অনুষদকে নব্য প্যাগানবাদী সংস্কৃতির কারখানা হিসেবে আখ্যা দিয়ে ভারতপন্থি এলিটদের সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। হেফাজত নেতারা বলেন, মুসলমানরাই বাংলা সনের প্রবর্তক। মুসলমানমাত্রই সব ধরনের প্যাগানবাদী সংস্কৃতি ও বোধবিশ্বাস থেকে মুক্ত। কিন্তু মুসলমান হয়েও যারা তৌহিদি চেতনার প্রশ্নে আপস করবেন, তারা বড়জোর সেক্যুলার হতে পারেন। কিন্তু কোনোভাবেই আর মুসলমানি সত্তা রক্ষা করতে পারেন না। ইন্ডিয়ার মদদপুষ্ট মূর্তিবাদী বা প্যাগানবাদী সাংস্কৃতিক ষড়যন্ত্রের ব্যাপারে আমরা বাংলাদেশের সমগ্র মুসলিম জনতাকে সচেতন হতে আহ্বান করছি।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত ৮৬৪ জন শহীদের তালিকা করা হয়েছে। আহত তালিকায় ১৪ হাজারের বেশি মানুষ রয়েছেন। প্রকৃত নিহত ও আহত ব্যক্তির তথ্য যাচাইয়ের কাজ এখনো চলমান। তিনি বলেন, এ পর্যন্ত আহত ৪৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৬ জনকে ব্যাংককে, ১৬ জনকে সিঙ্গাপুরে এবং একজনকে রাশিয়ায় পাঠানো হয়েছে। এক রোগীর জন্য সাড়ে ছয় কোটি এবং আরেকজনের জন্য সাড়ে তিন কোটি টাকা খরচ করেছে সরকার। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ২১ জনকে তুরস্ক ও ৩১ জনকে পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। চিকিৎসার জন্য যাদের বিদেশে পাঠানো হয়েছে বা হবে, তাদের ৭০ শতাংশ সাধারণ মানুষ। বাকি ৩০ শতাংশ ছাত্র। আরো বলেন, পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ। আহত ব্যক্তিদের চিকিৎসায় তাদের পারদর্শিতা আছে। লাহোরে এ ধরনের রোগীদের সেবা দেওয়ার জন্য বিশেষ হাসপাতাল আছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ২১ জনের দুই চোখ এবং ৪৫০ জনের এক চোখ একেবারে নষ্ট হয়ে গেছে। জীবন বাঁচাতে ১৭ জনের পা এবং ৪ জনের হাত অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন চিকিৎসকেরা।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, যারা সত্যিকারের মৎস্যজীবী তারা আইন ভঙ্গ করে না, জাটকা ধরে না। জাটকা ধরে দুষ্ট ব্যবসায়ীরা। যারা দাদন দিয়ে ব্যবসা করে; জেলেদেরকে আটক করে রাখে তারাই মূলত দুষ্ট ব্যবসায়ী। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ করে যেতে চায়। যেখানে মানুষ বৈষম্যের শিকার, অবিচারের শিকার, যেখানে মানুষ কষ্টে আছে সেখানেই বর্তমান সরকার মানুষের দুঃখ লাঘবে চেষ্টা করে যাচ্ছে। উপদেষ্টা বলেন, যাত্রাবাড়ীতে একটি কমপ্লেক্সে স্বাস্থ্যসম্মত বাজার তৈরি করা হবে এবং যেখানে আলাদা আলাদা করে থাকবে সবকিছু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বাজারে আড়তদারসহ মৎস্য ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা দূর করা হবে। তবে দয়া করে মাছের দাম অহেতুক বাড়াবেন না। অনেকেই জাটকাকে ইলিশ মনে করে; আবার যারা হিমায়িত ইলিশ সরবারহ করছে তারা মানুষকে ভুল বার্তা দিচ্ছে। কারণ পহেলা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। এ সময় কোনো ইলিশ সরবারহ করা হবে না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও প্রশংসা করা উচিত। তিনি ফেসবুকে লিখেছেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পরিশোধের পরিমাণ ছিল ৩.২ বিলিয়ন মার্কিন ডলার। উপদেষ্টা ফাওজুল কবির খানের নিরলস প্রচেষ্টায় তা কমে এখন প্রায় ৮০০ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। এবারের ঈদে সারা দেশে যান চলাচল ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। সড়কে যাত্রীদের ন্যায্য ভাড়ায় বাড়ি ফেরার নিশ্চয়তা দিতে সরকার সফলভাবে কাজ করেছে। তিনি বলেন, এবার দেশের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ উপভোগ করেছে। ফাওজুল কবির খান যখন নিজে রেলে চড়ে অফিস করেন, তখন মনে হয়—তিনি সত্যিই সঠিক ট্র্যাকে আছেন।’ হাসনাত বলে, ‘তিনি ঘোষণা দিয়েছেন, রেলের হাসপাতালগুলোতে এখন থেকে শুধু রেলকর্মী নয়, সাধারণ মানুষও চিকিৎসা সেবা পাবেন। নিজের নামফলক ছাড়া সন্দ্বীপে উন্নয়ন করেছেন। বলেছেন লোডশেডিং হলে সবার আগে ঢাকায় হবে!' এছাড়া হাসনাত আব্দুল্লাহ সড়কে দুর্ঘটনার দায় নেওয়ার তার প্র্যাকটিসের প্রশংসা করেন।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ছাত্র-জনতা গণতান্ত্রিক গণঅভ্যুত্থান ঘটিয়েছে। নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। তিনি বলেন, গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উলটো দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন—এটা কি গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল? আরো বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত, নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা উনি দেখেননি? আরো বলেন, কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা, বললেন, উনারা নাকি নির্বাচিত হয়েছেন। কীভাবে? গণঅভ্যুত্থানের মাধ্যমে উনাদের নির্বাচিত করেছে জনগণ? তাহলে এ দেশে নির্বাচন কমিশন আছে কেন? এই সময় তিনি প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরে মধ্যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেন।
রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ এর অনুষ্ঠান মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে আয়োজকরা। উদযাপন পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকোরেশনের কাপড় ছিঁড়ে ফেলল এবং মঞ্চের ব্যানার ও পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। এ ঘটনায় আমরা পুলিশের সহযোগিতা পাইনি। এ কারণে আমরা সোমবারের অনুষ্ঠান বাতিল করেছি। যদিও পুলিশ বলছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিআরটি ওয়ার্ল্ডকে উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে, যা উন্নত বাংলাদেশের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে। এ ছাড়া শেখ হাসিনার শাসনামলের অস্থিতিশীল প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিয়েও সরকার কাজ করছে। মাহফুজ আলম আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, হত্যাকাণ্ডের বিচার এবং গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচন— এই তিন বিষয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। এর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণেও সরকার গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যকার যাত্রী, ব্যক্তিগত এবং পণ্যবাহী যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত মোটরযান চুক্তি স্বাক্ষরিত হওয়ার দীর্ঘ এক দশক পর এই খসড়া চূড়ান্ত হলো। দক্ষিণ এশিয়ায় এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। শুধু মোটরযান চুক্তিই নয়, আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার জন্য আন্তঃসংযুক্ত গ্রিড গড়ে তোলার কথাও ভাবছে। কাঠমান্ডু পোস্টে বলা হয়েছে, এর লক্ষ্য হলো— যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচলের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ জোরদার করার ক্ষেত্রে বাধা দূর করা। কিছু পর্যবেক্ষক বলছেন, সম্প্রতি ভারতের বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট-সুবিধা বাতিল করার সিদ্ধান্ত এই চার দেশের মধ্যে এমভিএ বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুয়েটের শতাধিক শিক্ষার্থী রোববার দুপুরে প্রায় ৫২ দিন পরে ক্যাম্পাসে প্রবেশ করেন। হল খুলে দেওয়ার দাবিতে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ থাকা কুয়েটে ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের প্রবেশ ঠেকাতে ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নেয় কুয়েট প্রশাসন। একপর্যায়ে দুইপক্ষের আলোচনা শেষে আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। শিক্ষকরা তাদের বুঝিয়ে বলেন যে, সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয়। শিক্ষার্থীরা জানান, ৮টার ভেতর হল খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা প্রশাসন ভবনের সামনে অবস্থান করছি। দাবি না মানা না হলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।
রোববার সকালে সিলেটে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া রেলপথের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। স্টেশনমাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান এলাকায় আসতেই ইঞ্জিনের পেছন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ৯টায় ওই ট্রেনের সঙ্গে পেছনের ১১টি বগি জোড়া লাগিয়ে দেওয়ার পর ভাটেরা রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিডা এবং বেজা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। আরও বিনিয়োগ প্রস্তাব পাইপ লাইনে আছে। এ সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা। বিডার চেয়ারম্যান জানান, ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। আশিক চৌধুরী বলেন, খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি এবার ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছেন। সংখ্যার দিক থেকে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ৫৮ শতাংশ।
সারাদেশের সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে ১.৩০ মিনিটে, আবার কোনো মসজিদে দুপুর ১.৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারী মুসুল্লিরা বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ অনুষ্ঠিত হবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।