জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। তিনি বলেন, 'ফ্যাসিবাদিদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ বিদায় হয়নি।' কোনো ধরনের চক্রান্ত ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন তিনি। আমির বলেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, মালোয়শিয়ায় বেগম পাড়া গড়ে তুলবে না। রাষ্ট্র বাধ্য করছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি নিশ্চিত হবে। সবশেষ জামায়াতের আমির এটি এম আজহারের অনতিবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবি জানান।
শনিবার ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে ছয় দফা দাবি আদায়ে রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে শুক্রবার দুপুরে ছয় দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
ইয়েমেনের রাস ঈসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রাণঘাতী বিমান হামলায় নিহত বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই হামলায় আরও ১৭১ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথিরা যেন জ্বালানি না পায় এবং তেল বিক্রি করে কোনো অর্থ আয় না করতে পারে সেটি নিশ্চিতে হামলা চালানো হয়েছে। তেল বন্দরটিতে যখন কর্মীরা কাজ করছিলেন তখন প্রথম চারটি হামলা হয়। ইয়েমেনের রপ্তানিকৃত পণ্যের ৭০ শতাংশ এবং ৮০ শতাংশ মানবিক সহায়তা রাস ঈসা, হোদেইদা এবং আস-সালিফ বন্দর দিয়ে আসে।
কঙ্গোতে একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ১৪৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। কঙ্গো নদীতে ওই কাঠের নৌকাটিতে কয়েকশ আরোহী ছিলেন বলে জানান ওই অঞ্চলের জাতীয় সহকারীদের প্রতিনিধিদলের প্রধান জোসেফিন-প্যাসিফিক লোকুমু। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে নৌকায় রান্নার আগুনকে চিহ্নিত করেছেন লোকুমু। ধারণা করা হচ্ছে, এতে যাত্রী ছিল কয়েকশ। বেশকিছু উদ্ধারও হয়েছে!
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নূন্যতম স্পিড পাঁচ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএসে উন্নীত করার ঘোষণা দিয়েছে। সংগঠনের সভাপতি ইমদাদুল হক জানান, ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করতে চায় সংগঠনটি। এজন্য লাইসেন্স আপগ্রেডেশন প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান। তারা বলেন, লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়মকানুন সহজ করা প্রয়োজন। এসওএফ তিন বছরের জন্য স্থগিত রাখার আহ্বান জানান আইএসপি ব্যবসায়ীরা।
শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। বাকি আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, তারিক আহমেদ সিদ্দিক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত ও বেনজীর আহমেদ।
শব্দদূষণ নিয়ে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘সকলেই আমাকে দেখে বলে আপা হর্ন তো বন্ধ হলো না। আপনি ৫৩ বছর ধরে হর্ন বাজিয়ে যাচ্ছেন, আপনার ড্রাইভার হর্ন বাজায় যাবে; আর আমাকে দেখলেই বলবেন হর্ন বন্ধ হইল না।’ তিনি বলেন, ‘হর্ন বন্ধ করা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা। আচরণগত চেইঞ্জটা জরুরি।’ পরিবেশ উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর পৃথিবী রেখে যাওয়া হচ্ছে; যেখানে নজিরবিহীন বন্যা এবং ঘূর্ণিঝড়ের পৌনঃপুনিকতা মারাত্মকভাবে বেড়ে যাবে।’ তিনি বলেন, ‘এই সরকারই তরুণদের। তারমানে এই নয় আমি নিজেকে তরুণ দাবি করছি। এটাই প্রথম, তিনজন তরুণ উপদেষ্টা পরিষদে সদস্য হয়েছিলেন। তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব করছিলেন এবং করছেন।’
শনিবার বিকালে মুরাদনগর উপজেলার হায়দরাবাদ এলাকায় জনসভার আয়োজন করেছে বিএনপি। একই সময় পীর কাশিমপুর এলাকায় জনসভার করবে এনসিপি। দুই দলের কেউই শোডাউন ও জনসভার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেনি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। দুদলের জনসভাকে ঘিরে অনলাইনে উত্তেজনা থাকলেও বাস্তবে দুটি অনুষ্ঠানের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এতে সংঘাত কিংবা সহিংসতার আশঙ্কা করছেন না সংশ্লিষ্টরা। একটিতে প্রধান অতিথি বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং অপরটিতে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মো. বিল্লাল হোসেন মাস্টার।
ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়া দলটির গণহত্যার বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলন হচ্ছে।
এনসিপির সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এক নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের কাজ সবাই মিলে নতুন বাংলাদেশ গড়া, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে। আলী রায়ীজ বলেন, সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সুপারিশ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত, কিছু ভিন্নমত আছে। আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি। যেসব জায়গায় আংশিকভাবে একমত বা ভিন্নমত সেগুলো নিয়ে আজ আলোচনা করব। আমরা চাই, জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে একটি জাতীয় সনদ তৈরি করতে। এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রাণবাজি রেখে লড়াই করে ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা উন্মত্ত হয়ে ওঠেছে।’ আরো বলেন, আমরা দেখেছি, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কীভাবে এক ব্যক্তির করতলে পর্যদুস্ত করা হয়!
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ট্রাম্প, শি, মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে। যেভাবে গণঅভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবে এক হয়ে কাজ করতে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে। তিনি বলনে, ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন৷ তাকে ধন্যবাদ জানাই। আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে সমস্যা আরও বাড়বে। সভায় মির্জা ফখরুল বলেন, কৃষকদের প্রতি গুরুত্ব সহকারে কাজ করতে হবে৷
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রত্যার্পণ করতে রাশিয়া অস্বীকৃতি জানিয়েছে, যদিও দামেস্কে নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য মস্কো তৎপর। নতুন সিরিয়ান সরকার ও প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আসাদ সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করার জন্য দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। দুই দেশের মধ্যে এ নিয়ে বিভিন্ন সময় আলাপ হয়েছে। ইরাকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলপারুস কোট্রাশেভ বলেন, ‘বাশার আল-আসাদের মস্কোতে বসবাসের অন্যতম শর্ত হলো—তিনি কোনো ধরনের গণমাধ্যম বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। এখন পর্যন্ত তিনি এই শর্ত লঙ্ঘন করেননি।’ আরো বলেন, আশ্রয়ের সিদ্ধান্ত প্রেসিডেন্ট পুতিনের। পরিবর্তনের সুযোগ নেই।
হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি নাঈম কাসেম শুক্রবার বলেন, 'হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না। ‘নিরস্ত্রীকরণ’ শব্দটাই আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে।’ শীর্ষ নেতা ওয়াফিক সাফা বলেন, ইসরাইল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা হবে না। নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই আসে না। প্রেসিডেন্ট যোসেফ আউনের অভিষেক ভাষণে যেটি বলা হয়েছে, তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল। তবে এর আগে ইসরাইলকে সরে যেতে হবে, বন্দিদের মুক্তি দিতে হবে, এবং আগ্রাসন বন্ধ করতে হবে।’ এদিকে অস্ত্র বিরতি চুক্তি অমান্য করে লেবাননের পাঁচটি স্থানে রয়ে গেছে ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইতোমধ্যে লিতানি নদীর দক্ষিণে থাকা ২৬৫টি সামরিক ঘাঁটির মধ্যে প্রায় ১৯০টি লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।
জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণ-অভ্যুত্থান হয়নি। নাহিদ বলেন, মৌলিক এবং গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে, এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার বিষয়ে এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ আহ্বায়ক বলেন, জুলাই সনদ জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। এটা আমাদের কমিটমেন্ট এবং তা রাখতে হবে। যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কিংবা ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে তার সব নিষ্ক্রিয়তা এবং রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগুতে পারি। একটি গণতান্ত্রিক সংবিধান আমরা প্রত্যাশা করি।
গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৭০ জন। শুক্রবারের হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। গতকাল সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ২৩ অক্টোবর থেকে শহীদ হয়েছেন ৫১ হাজারেরও বেশি মানুষ। এছাড়া দ্বিতীয় চুক্তি ভঙ্গ করে দ্বিতীয় দফায় যুদ্ধের শুরু থেকে উপত্যকাটিতে খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।