কবর জিয়ারতে গিয়ে ডা. শফিকুর রহমান জানান, মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আওয়ামী সরকারের হেনস্তা, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আরও বলেন, আমরা যেরকম অত্যাচারের শিকার হয়েছি, সেরকম শিকার অন্য কোনো দল হয়নি। আমাদের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে। জেলে হত্যা করা হয়েছে। এটি এম আজহার ন্যায় বিচার পাবেন প্রত্যাশা করে বলেন, তিনি মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন। জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় বিচার হলে ভবিষ্যতে জালিম আর বারবার এ দেশে ফিরে আসতে পারবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব বলেন, 'ডা. জোবাইদা রহমান মঙ্গলবার দেশে ফিরেছেন। তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। দু-একদিনের মধ্যে আদেশ জারি করা হবে।' ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি নেন। বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালে একটি সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে যোগ দেন। এক এগারোতে স্বামীর সাথে বিদেশ যাওয়ার পর আর ফিরতে পারেননি তিনি। সরকারের কাছে ছুটির আবেদন করলেও প্রত্যাখ্যান করে চাকরি থেকে অবসান করা হয়।
টার্গেটেড স্ট্রাইক নামে অপারেশনে ১০৭ বাংলাদেশিসহ ১৬২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া। কুয়ালালামপুর জালান কুচিংয়ের একটি কনডোমিনিয়ামের নির্মাণ স্থানের অভিযানে ২০০ জন বিদেশি কর্মীকে তল্লাশি ও তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ৬০ জন বিদেশিকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৪১ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান, মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছেন।
বুধবার রাত দশটার দিকে শেখ হাসিনার পার্সোনাল অফিসার এস এম মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। ওসি মোহসীন উদ্দিন জানান, মিজানের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা তাকে দেখতে পেয়ে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে।
আইএমএফ ঋণের কিস্তি নিয়ে বাংলাদেশ সরকারের দরকষাকষি তুঙ্গে। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার শর্তে আটকে আছে, আরো দুটি শর্ত ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, এটি এখন বাস্তবায়ন করা সম্ভব নয়। আইএমএফ বলেছে, বাস্তবায়ন না হলে কিস্তি ছাড় নয়। ডলারের প্রবাহ যেভাবে বেড়েছে, তাতে আইএমএফের ঋণের প্রয়োজন তেমন নেই। ঋণ পেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনীতি যে স্থিতিশীল এমন একটা বার্তা যায়। আইএমএফ ঋণের চুক্তি থেকে বেরোতে চাচ্ছে না। কারণ তাদের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে গেলে বৈশ্বিকভাবে আইএমএফ সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। এ কারণে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে।
পশ্চিম তীরের রেইহান ক্রসিং এলাকায় গুলি, হেবরন হিলসে গাড়ি চাপা দেওয়া ও ছুরিকাঘাতের পৃথক ঘটনায় মোট ৩ জন ইসরাইলি সেনা আহত হয়েছে। সেনাবাহিনীর অভিযান চালানর সময় সন্দেহভাজন এক বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনারা এ সময় পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে ধাওয়া করে। হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার কয়েক মিনিট পর তেলআবিবে হেবরন হিলস এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে এক হামলাকারী গাড়ি নিয়ে এক সেনাকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে সে গাড়ি থেকে নেমে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করে।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়ককে মারধর করেছে মঙ্গলবার। এতে আহতরা হলেন, আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি। ভুক্তভোগীদের দাবি, এ হামলায় জড়িত ফেনী কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও তার সহযোগীরা। আহত সালমান জানান, হাসপাতালে একজন রোগীকে দেখে ফিরছিলেন তারা। ওই সময় জিল্লুরের নেতৃত্বে ছাত্রদলের ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। এনসিপি বলছে, আগেও জিল্লুরের বিরুদ্ধে সাংবাদিককে হত্যা হুমকির অভিযোগে রয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে পবিত্র হজ পালনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্ত্রীসহ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পবিত্র হজ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। এই সময়ের জন্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সৈল উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক যৌথ বৈঠক হয়। এতে আইডিইবি, পলিটেকনিক শিক্ষক সংগঠন এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই চলমান ‘শাটডাউন’ কর্মসূচির বিষয়ে সম্মিলিতভাবে মতপ্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান। এই সম্মানজনক অনুরোধ এবং কারিগরি শিক্ষার স্বার্থে আন্তরিক উদ্বেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার থেকে ‘শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিচ্ছে। তবে ৬ দফা দাবি বাস্তবায়নে কার্যকর অগ্রগতি না হলে আন্দোলনের পরবর্তী ধাপ আরও শক্তিশালীভাবে ঘোষণা করা হবে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে অস্ত্র হাতে ডাকাতি করা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী(২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)।
মাদারীপুরে ‘শিরক’ আখ্যা দিয়ে শতবছর বয়সী বটগাছ কেটে ফেলার ঘটনায় বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলার প্রশাসন। ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশও দেয়া হয়েছে। বেশকিছুদিন ধরে মনের বাসনা পূর্ণ করতে শতবর্ষী বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি, নতুন গামছা, কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু মানুষ। বটগাছের গোড়ায় এমন কর্মকান্ড ইসলাম সমর্থন করে না মর্মে গত সোমবার দুপুরে কুমার নদের পাশে থাকা শত বছরের বটগাছটি করাত দিয়ে কেটে ফেলেন আলেমরা।
ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে ফ্রান্সের উচ্চপ্রযুক্তির এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেল। পাকিস্তান বলছে, এখন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল রাফাল। ভারত তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি বলে দাবি করেছে। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে যে একটি বিমানের ভাঙা কিছু যন্ত্রাংশের ছবি প্রকাশ হয়েছে, যেখানে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে। তবে এসব ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের অংশ কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূূূূল কবীর বলেছেন, ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে। গুজবকে বর্তমান সময়ের বড় চ্যালঞ্জ। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। কবীর বলেন, গুজব শনাক্তকরণ ও সঠিক তথ্য প্রচারে অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপতথ্য তথা গুজব মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য তথ্য অধিদপ্তরের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি কাজ করছে। এই কমিটি গুজব প্রতিরোধে নিয়মিত আইকনোটেক্সট ও ভিডিও তৈরি করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান ভারত ও পাকিস্তান এখনই একে অপরের ওপর হামলা বন্ধ করুক এবং এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি তাদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করতে প্রস্তুত। এর আগে বুধবার রাতে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই হামলা লজ্জাজনক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং নজর রাখছি। বেসামরিক ব্যক্তি ও স্থাপনার ওপর যেকোনো উসকানিমূলক পদক্ষেপ ও হামলার নিন্দা জানাচ্ছি। আশা করি উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। আরও বলেন, পহেলগাঁওয়ে ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে তুরস্ক সেটি সমর্থন করে। বুধবার ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে টেলিফোন করেছেন। তিনি বলেছেন, এসব হামলায় বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। তুরস্ক সতর্ক করে বলেছে, এ ‘উসকানিমূলক পদক্ষেপ সর্বাত্মক যুদ্ধের’ দ্বার উন্মুক্ত করেছে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।