‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আহ্বায়ক রায়হান অপু বলেন, আমি একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা। গত বুধবার একটি বিধ্বস্ত পরিত্যক্ত পোড়া ভবন আমরা পরিষ্কার করেছি। যেটি ৫ আগস্টের আগে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে আমরা জানতাম। পরে আমাদের সংগঠনের ব্যানার সাটিয়ে দেই এবং ভবিষ্যৎ পরিকল্পনা মিডিয়ার সামনে তুলে ধরি। কিন্তু আমাদের সে কার্যক্রমকে অনেকেই নেতিবাচক ভাবে নিয়েছেন। তিনি বলেন, আমরা এ ভবনটি মোটেও দখলে নেয়নি। তবে যেহেতু আওয়ামীলীগ এর পার্টি অফিসটি খাস জমির ওপরে এবং এটা তারা সরকারী লিজের মাধ্যমে নিয়েছিলো, তাই এভাবে আমাদের ব্যানার লাগিয়ে অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আমরা ইতিমধ্যে আমাদের ব্যানারটা নামিয়ে ফেলেছি। আমরা পরবর্তীতে আইনি-প্রক্রিয়া মেনে তাদের লিজ বাতিল করে নতুন করে আমরা লিজ নেবার চেষ্টা করবো।
নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, যা আইন ও বিধি দ্বারা পরিচালিত। দায়িত্ব পালনে পেশাদারত্বের পাশাপাশি নিষিদ্ধ দলের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দিক, পোশাক, ব্যবহার ও সেবায় নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরার আহ্বান জানান। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকে ঘিরে ছিনতাই, চাঁদাবাজি ও জাল নোট প্রতিরোধে পুলিশের সক্রিয় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, পশুর হাটে কোনোভাবে অপরাধ সংগঠিত হতে দেওয়া যাবে না।
জাপান থেকে আরও সহজ শর্তের ঋণ এবং বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর আহ্বানও জানিয়েছে। জাপান বলেছে, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে সহায়তা অব্যাহত রাখবে। রাজনৈতিক আস্থা গভীর করা, উন্নয়ন কৌশলকে অগ্রাধিকার এবং ‘কৌশলগত অংশীদারত্ব' অর্জনে একমত হয়েছে উভয়পক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এলডিসি-উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ ইতিবাচকভাবে গ্রহণ করেছে জাপান। বাংলাদেশের ফল ও সবজির প্রবেশাধিকার নিয়েও একযোগে কাজ করার কথা বলেছে। রোহিঙ্গা পুর্নবাসন নিয়েও কাজ করবে। বিগ-বি-এর আওতায় বাংলাদেশের জন্য উচ্চ মানসম্পন্ন অবকাঠামো নিশ্চিতের জন্য আরও জোরালভাবে সম্পৃক্ত হবে দেশটি।
বৃহস্পতিবার ভোররাতে কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ৫ জন পুরুষ, ৪ জন শিশু এবং ৫ জন নারীকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশইন করে। সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মুরইছড়া বিজিবি টহল দল তাদের আটক করে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান, সীমান্তপথে অবৈধভাবে তারা ভারত প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের বুধবার আটক করে দায়িত্বরত বিএসএফের হাতে তুলে দেয়। রাতেই তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক-ছাত্ররা নির্বিঘ্নে ক্লাশে যাবে, ক্লাশ থেকে বের হবে। এখন তো আর আওয়ামী দোসররা নেই। এখন কেন লাশ পড়বে? গত পরশুদিন রাত ১২টার সময় ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। কী অন্যায় করেছিল সাম্য! তিনজন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে? কয়েকদিন আগে সে ফেসবুকে শাহবাগে জাতীয় সংগীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল। তার বিরুদ্ধে এবং জাতীয় সংগীতের পক্ষে একটা পোস্ট করেছে। এটাই কি সেই কারণ? তিনি বলেন, দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সংগীতের পক্ষে তাদের জীবন চলে যায়। রিজভী ভিসির উদ্দেশ্যে বলেছেন, ছাত্রদল নেতারা আপনার কাছে গেছে, আপনি তুই-তোকারি করেছেন। আমরা জেনে গেছি আপনার রাজনৈতিক দর্শন!
‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। সভায় ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। 'জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’-প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। সভায় ‘জাতীয় নগর নীতি ২০২৫’ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় জারিকৃত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১১’ হালনাগাদ করার সিদ্ধান্ত হয় সভায়।
প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে বকেয়া, লাইসেন্স ইস্যু ও পারফরম্যান্স রিভিউসহ সব কিছুই তোলা হবে। তিনি জানান, বিটিআরসি ইতোমধ্যে প্রয়োজনীয় রেগুলেটরি প্রস্তুতি নিয়েছে এবং অপারেটরদের অংশগ্রহণে আলোচনা হয়েছে। যারা এখনো অনুপস্থিত, তাদের সতর্ক করা হয়েছে। তৈয়্যব বলেন, ‘আমরা কারো পথ বন্ধ করতে চাই না। তবে জনগণের জন্য মানসম্পন্ন, সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতেই হবে। অপারেটরদের সহযোগিতা না পেলে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে।’ বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী জানান, ইন্টারনেটের দাম কমানো শুধু বিটিআরসির একক সিদ্ধান্ত নয়; এটি পুরো ইকোসিস্টেমের সম্মিলিত চ্যালেঞ্জ।
সারজিস আলম লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয়ের চাষ করা হয়েছে। অথচ প্রথমসারির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক হল নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে। তিনি প্রশ্ন তুলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অনেক জায়গা এবং ভবন এতদিন ধরে দখল করেছিল আওয়ামী লীগের দখলদাররা। কিন্তু এখনো কেন তারা তাদের জায়গা কিংবা ভবনগুলো ফিরে পাচ্ছে না? কেন তাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুতগতির সঙ্গে করা হচ্ছে না? কেন একনেকে এখনো সেই বিল পাস হচ্ছে না?’ সারজিস লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি গুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। নামকাওয়াস্তে নয় বরং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের রূপে প্রতীয়মান হোক।’
গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেন, ‘মাহফুজের আলমের ওপর বোতল নিক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তার অডিও ফাঁস হওয়া বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, সে কোন মানসিকতার লোক। জবি শিক্ষকদের ওপর হামলা হয়েছে, অসংখ্য নারী শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হয়েছেন। মাহফুজ আলমদের নির্দেশেই এসব হামলা ও রক্ত ঝরানোর ঘটনা ঘটেছে।’ আরও বলেন, ‘আপনাদের কাছে এই বোতল নিক্ষেপের প্রতিবাদই মুখ্য হয়ে দাঁড়াল। কিন্তু রক্তের কোনো মূল্য নেই, শিক্ষকের ওপর হামলার কোনো প্রতিবাদ নেই। হ্যাডম থাকলে দুটো ঘটনার প্রতিবাদ করুন। রাশেদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা নাকি তার ওপর বোতল নিক্ষেপের কারণে ন্যায্য হয়ে গেছে! এখান থেকে প্রমাণিত যে এই উপদেষ্টাদের নির্দেশেই হামলা হয়েছে।’ রাশেদ অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্য ভাঙার মাস্টারমাইন্ড এই উপদেষ্টা। উল্লেখ্য, মাহফুজ আলম অভিও রেকর্ডের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে। নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ। আসলে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে- এটা তারা নিশ্চিত হয়ে গেছে। ১৭ বছর তো আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এটা সত্য; কিন্তু গত ৮ মাসে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশে অনেক চাঁদাবাজি হচ্ছে। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, তাহলে চাঁদাবাজি করছে কারা? বর্তমান সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিএনপির মধ্যে চাঁদাবাজ নেই। মির্জা আব্বাস বলেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন; কিন্তু এখন বিএনপির সুদিন না। দল এখনো ক্ষমতায় আসে নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো দেশে আসেন নাই। তাই উলটাপালটা চিন্তা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না।
উপদেষ্টা মাহফুজ আলম জানান, দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের বিষয়ও বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে এবং গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের ওপর কয়েকটি প্রকাশনাও তৈরি করা হয়েছে। উপদেষ্টা জানান, আগামী ৫ই আগস্ট উদ্যাপন উপলক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হবে। ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক বলেন, এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ উন্নতি করেছে। এ সাফল্যের জন্য বাংলাদেশ সরকারকে জানান।
এক ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ট্রেডমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া। খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ার কাজ করার সুযোগ পাবেন। আরও বলেন, আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আশ্বস্ত করেছেন, লোক নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বাচ্চ অগ্রাধিকার দেবেন। আমরা অনুরোধ করেছিলাম, বাংলাদেশ থেকে সব রিক্রুটিং এজেন্সি যাতে লোক পাঠানোর সুযোগ পায়। তারা অচিরেই বিষয়টি নিয়ে আমাদের জানাবেন। উপদেষ্টা বলেন, মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যবস্থা নেবে বলেছে। এছাড়া যারা দেশটিতে অবৈধ হয়েছেন তাদের বৈধ করার ব্যাপারে আমি বলেছি।
বিডিআর বিদ্রোহে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এরও আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে এ ঘটনায় মোট ২১৮ জন জামিন পেলেন। সাবেক বিডিআর সদস্য ও তার স্বজনরা জামিনে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা ভাসানীর ডাকে লাখো জনতা ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়ে ফারাক্কা অভিমুখে যাত্রা করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভারত কর্তৃক গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং পানির ন্যায্য হিস্যা আদায়। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, যা এখন বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। তিনি বলেন, একতরফাভাবে অভিন্ন ৫৪টি নদীর পানি প্রত্যাহার ও একের পর এক বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।
শিবির নেতা জাহিদুল ইসলাম লেখেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া, বিশেষত ফেসবুক, আমাদের জীবনের অন্যতম অংশে পরিণত হয়েছে। যথাযথভাবে ব্যবহার না করলে এটি উপকারের পরিবর্তে অপকারই বয়ে আনে। বর্তমানে যুবসমাজের মধ্যে ফেসবুক আসক্তি যেন এক প্রকার মাদকে রূপ নিয়েছে। তিনি লেখেন, যখন একজন ছেলে বা মেয়ে ফেসবুকে স্টোরি, রিলস, টিকটক ভিডিও দেখে, তখন তার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। আরো লেখেন, জুলাই থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে ‘অনলাইন পলিটিক্স’ বা ‘ফেসবুক পলিটিক্স’ নামে একটি নতুন প্রবণতা তৈরি হয়েছে। এখানে ভিন্নমতের ওপর একে অপরের বিরুদ্ধে নোংরা আক্রমণ করছে। তিনি লেখেন, দাওয়াত মুমিন জীবনের মিশন—এই প্রতিচ্ছবি ফুটে উঠুক আমাদের সোশ্যাল মিডিয়ায়।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।