অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অ্যাপলের সিইও টিম কুককে বলেছেন, তিনি চান না কুক ‘ভারতে কারখানা স্থাপন করেন।’ ট্রাম্পের মতে, ভারত নিজেদের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট কুককে বলেছেন, বন্ধু, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি, তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো। আরও বলেন, তুমি ভারতে কারখানা গড়তে পারো, যদি তুমি ভারতের দেখভাল করতে চাও। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন। ট্রাম্প বলেন, তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ, তা আমরা সহ্য করেছি। কিন্তু আমরা চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক না হওয়া পর্যন্ত ইউক্রেন সংকট নিয়ে কোনো অগ্রগতি হবে বলে আশা নেই। ইউক্রেন যুদ্ধ সমাপ্ত করার লক্ষ্যে তুরস্কে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার পুতিন তুরস্কে যাননি। তাই ট্রাম্পও দেশটিতে যাননি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে বৃহস্পতিবার তুরস্ক সফরের আহ্বান জানিয়েছিলেন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন কোল্ড চেইন উদ্যোক্তারা। তারা আমের পাল্প, টমেটো, গাজর, মাংস, খেজুরসহ বিভিন্ন পণ্য সংরক্ষণের মাধ্যমে কৃষি অর্থনীতে বিশেষ ভূমিকা রাখছে। পেঁয়াজ সংরক্ষণের জন্য কোরিয়ান একটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। অন্যান্য বক্তারা দেশের পচনশীল পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রধান সমুদ্রবন্দর বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেওয়ার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থি। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্রবন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। তিনি বলেন, আমরা নিশ্চয় উৎপাদনশীল বিনিয়োগের পক্ষে। কিন্তু যে বিনিয়োগ বা বন্দর ব্যবস্থাপনা জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে সে যত ধরনের চটকদারি হোক তা গ্রহণ করা যাবে না।
এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জাতীয় ঐকমত্য তৈরির স্বার্থে প্রথম থেকেই এবি পার্টি নমনীয়তার নীতি নিয়েছে। যেসব বিষয়ে দলীয়ভাবে আমাদের ভিন্নমত ছিল, তার অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য কমিশনের সঙ্গে আলাপের পর জাতীয় স্বার্থে আমরা একমত পোষণ করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রচুর বৈঠক ও আলাপ-আলোচনা হয়েছে, কিন্তু এখনো জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি আমাদের কাছে স্পষ্ট নয়। দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনপদ্ধতি, প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবি পার্টির ভিন্নমত ছিল জানিয়ে মঞ্জু বলেন, অন্য সকল দলের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির সুবিধার্থে আমরা সেসব বিষয়ে একমত পোষণ করি।
এক প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। মানবিক দল হিসেবে এদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে দলটি। এই সময় তিনি পাঁচজন ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের মাঝে পায়েচালিত রিকশা ও নগদ অর্থ এবং একজন পঙ্গুকে নগদ অর্থ প্রদান করেন। তিনি বলেন, অসহায় মানুষগুলো যারা দিন এনে দিন খায়, তাদের অল্টারনেট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ ধরনের অমানবিক কার্যক্রম করা ভালো দেখায়নি। প্রথমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করলেই তারা নিজেরাই আস্তে আস্তে এর থেকে সরে আসতো। উল্লেখ্য, সম্প্রতি ডিএনসিসি কিছু রিক্সা অবৈধ বলে গুড়িয়ে দিয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা তাদের আবাসন সংকটসহ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গণে এ ধরনের অশান্ত অবস্থা কারো কাম্য নয়। আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাদের এসব সমস্যার সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবিসমূহের ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব।
বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ কান্ট্রি টিম জেএসসি দ্বিবার্ষিক বৈঠকে টেকসই উন্নয়নের জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। জেএসসি রাজনৈতিক পটপরিবর্তন, জলবায়ুকেন্দ্রিক দুর্যোগ এবং সংস্কার প্রক্রিয়া গতিশীলতা বিবেচনায় রেখে অভিযোজন ক্ষমতা এবং শাসনব্যবস্থা সংস্কার, মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে জাতিসংঘের সহায়তার বিষয়গুলো তুলে ধরেছে। জাতিসংঘ ২০২৪ সালে উন্নয়ন কর্মসূচিতে ২১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। জাতিসংঘের সহযোগিতার ফলে ৪ কোটি মানুষ সামাজিক সুরক্ষা সেবায় প্রবেশাধিকার পেয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার শিশু সুরক্ষা কর্মসূচি থেকে উপকৃত হয়েছে। ৫৬ লাখ কিশোরীকে জরায়ুমুখের ক্যান্সার থেকে রক্ষা করার জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।
সাবেক বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের ময়মনসিংহ নগরীর বাসভবন ‘সুন্দর মহল’-এ হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্রজনতা। এ সময় বিক্ষোভকারীরা রওশন এরশাদের বাড়িটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে স্লোগান দেয়। গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টির নেতা রওশন এরশাদের ‘সুন্দর মহল’ একটি ‘কুটুমবাড়ী’ নামক রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে। এই সময় হামলার শিকার হয়।
মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুইজন ছিনতাইকারী আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে এবং একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। নিহতের নাম- রাকিব (২৮)। তিনি ভোলা জেলার নুরাবাদ এলাকার বাসিন্দা। এছাড়া, মিলন (৩৫) নামে আরেক ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এডিসি জুয়েল রানা জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হচ্ছে।
জবি অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে। ৩৫ ঘণ্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। এখনো সরকার থেকে কোনো বার্তা আসেনি। তিনি বলেন, দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা কাল জুম্মার পরে গণঅনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে আন্দোলন স্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ। একইসঙ্গে পুলিশ কর্তৃক শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস পালিত হবে।
শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। তিনি বলেন, সরকারকে বলবো আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। দাবি মেনে নিলে শিক্ষার্থীদের নিয়ে দুই মিনিটে কাকরাইল ছেড়ে ক্যাম্পাসে চলে যাবো। আরো বলেন, যদি দাবি না মানা হয় তাহলে রাস্তা থেকে আমাদের কেউ সরিয়ে দিতে পারবে না। আমি আরও বলছি, আমাদের সব শিক্ষক ও শিক্ষার্থী রাস্তায়, তাই ক্যাম্পাস আর খোলার দরকার নেই। ওই ক্যাম্পাস বন্ধ থাকুক, শাটডাউন থাকুক।
সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা পারভেজ মল্লিক। অবহেলিত জনপদের সন্তান হিসেবে তিনি দীর্ঘ প্রবাস জীবন থেকে জনপদের মানুষের পাশে কীভাবে পাশে ছিলেন তার বর্ণনা দিয়ে পারভেজ মল্লিক বলেন, এই জনপদের সেবক হিসেবে কাজ করতে চাই এবং জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
ভারতের সামরিক বাহিনী ‘যুদ্ধকালীন প্রস্তুতির অংশ’ হিসেবে পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় ‘তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে’ পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে, যার নামকরণ করা হয়েছিল ‘তিস্তা প্রহার’। ৮ মে থেকে ১০ মে মহড়াটি সম্পন্ন হয়েছে, সেটি ভারতের ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের খুব কাছেই। গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তিস্তা প্রহার এক্সারসাইজে নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর ‘যৌথ কম্ব্যাট স্ট্র্যাটেজি’ এবং প্রস্তুতি কতটা, সেটাই প্রদর্শিত হয়েছে। ‘তিস্তা প্রহারে’র যে সব ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে এই মহড়ায় আর্টিলারি ট্যাংক, হেলিকপ্টার, সারফেস-টু-এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।