বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। কবে সংস্কার সম্পন্ন করবেন আর কখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে সেটা জাতি জানতে চায়। সংস্কার তো ৪০০ বছরের পুরোনো বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তিনি বলেন, শেয়ার বাজারের নাজুক অবস্থা, নিত্যপণ্যের দাম হু-হু করে বাড়ছে। কুরবানির আগেই মসলার দাম বেড়ে গেছে। জবাবদিহিমূলক কাজগুলো নির্বাচিত সরকার করতে পারত। আরো বলেন,জনগণ যাকে ইচ্ছে তাকে প্রতিনিধি বানাবে, যেই দলকে ইচ্ছে সেই দলকে ক্ষমতায় বসাবে। সেই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এতো গড়িমসি কেন!
এক মতবিনিময় সভায় চা শ্রমিক নেতাদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধি, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা, চা বাগানে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা, ট্রেড ইউনিয়নের সংস্কারসহ নির্বাচন, চাকরি শেষে পেনশন ও গ্র্যাচুইটি আইনের আওতায় আনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংষ্কৃতি রক্ষায় ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। উপদেষ্টা বলেন, চা বাগান মালিকরা দাবি জানিয়েছেন, অকশনে চা পাতার যে বিক্রয় মূল্যের দাম ওঠে তা দিয়ে উৎপাদন খরচ ওঠে না। অকশনে চা পাতার মূল্য বৃদ্ধি করে শ্রমিকদের মজুরি রেশিও অনুযায়ী বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হবে।
গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান লেখেন, ‘জাতীয় নাগরিক কমিটির নেতা মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তরের প্রশাসক করেছে জাতীয় নাগরিক পার্টি! দক্ষিণেও আরেকজন নিজেদের লোক বসানোর সবকিছু রেডি হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা হয়ে যায় আদালতের রায়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আদালত ইশরাক হোসেনের পক্ষে রায় দেয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনোভাবেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দেবে না। তিনি বলেন, কারণ এতে ঢাকার ক্ষমতা এনসিপির হাত থেকে বের হয়ে যাওয়ার ভয় রয়েছে। আরো বলেন, ইশরাক হোসেন একজন অমায়িক, জনবান্ধব নেতা। সে মেয়র পদে বসলে ঢাকাবাসী যোগ্যনেতা পাবে। আর এটা তার হক।
এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে ইশরাক হোসেন। এ ব্যবস্থা নিতে আগামী এক মাস সময় বেধে দিয়েছেন তিনি। এদিকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। আজ তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করেন তারা।
মাদারীপুরের রাজৈরে টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির ২০০ সদস্য, এক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলরসহ, আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এই যোগদান কর্মসূচি শাসক দলের প্রতি অসন্তোষ ও এনসিপির দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করে। বক্তারা শাসক ও বিরোধী দলের চাঁদাবাজি ও নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। নতুন সদস্যরা এনসিপিকে ঘিরে একটি শক্ত ঘাঁটি গড়ে তোলার ও রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার করেন।
জেএসডি নেতা তানিয়া রব বলেছেন, মিয়ানমারের সঙ্গে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার বিষয়ে জনমনে শঙ্কার সৃষ্টি করেছে। এসব সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অগ্রসর হওয়া উচিত। তানিয়া রব বলেন, এর যৌক্তিকতা ও সম্ভাব্য সুফল সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে। কোন চুক্তিতে বাংলাদেশ কী কী সুবিধা পাবে- তা জনসমক্ষে উপস্থাপন না করলে প্রশ্ন উঠবে এই উদ্যোগের উদ্দেশ্য ও স্বচ্ছতা নিয়ে। আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে, সেজন্য সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার জরুরি। গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।
উত্তর প্রদেশের মথুরা জেলা থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এসএসপি শ্লোক কুমার জানান, স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পুলিশ জানায়, তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মধ্য দিয়ে তারা মথুরায় প্রবেশ করেন। আটকদের কাছ থেকে কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে!
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেছেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া উপস্থিত ছিলেন। ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডটি তার শহীদ পুত্রের নামে নামকরণ করা হয়েছে। ২০২৪ সালের ১৮ জুলাই এই রোডেই শহীদ হন ফায়াজ। ফাইয়াজের বাবা বলেন, গণঅভ্যুত্থানে একমাত্র ছেলে শহিদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফারহান ফাইয়াজের নামে এই সড়কটি নামকরণ করায় আমি অন্তর্বর্তীকালীন সরকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি।
জাগপা সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগমুক্ত বাংলাদেশে আমরা ভারতের দাদাগিরি মেনে নেব না। রাশেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন একইভাবে এখন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্তের জন্য লড়াই করতে হবে। তিনি বলেন, বিগত কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের পক্ষ থেকে পুশ ইন করা হচ্ছে। বলপূর্বক কয়েকশত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। যা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্তের জন্য হুমকিস্বরূপ। আমরা ভারতের এ ধরনের নির্লজ্জ আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। রাশেদ প্রধান বলেন, সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ছাত্র-জনতাকেও পাহারা দিতে হবে। ভারতের পুশ ইন বন্ধ করতে হবে।
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে সংস্কার না করে দেশের মানুষকে সংস্কার করলে ভালো হয়। বিএনপি ধৈর্যশীল ও তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতান্ত্রকামী দলগুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করেছে। ফারুক বলেন, ড. ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার কাছে আমাদের অনেক আশা-ভরসা। ক্ষমতা গ্রহণের নয় মাস পার হলো, এখন কেন করিডোরের প্রশ্ন আসে? অথচ দেশের যে সংস্কার প্রয়োজন, তা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকার চূর্ণ-বিচূর্ণ করবেন না। পাথরে ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন।
আইএসপিআর জানিয়েছে, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকায় সব প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হলো— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।
গাজীপুরের বাসনের নাওজোর এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় পানি পান করে অন্তত ২০০ শ্রমিক অসুস্থ হয়েছেন। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে দিয়েছে। ওসি শাহিন খান বলেন, ‘অসুস্থদের মধ্যে প্রায় ৫০ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে কারখানা বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
গত ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮টি হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৮টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। নিহত হয়েছেন ২ জন, আহত হন অন্তত ৮৭ জন। বাংলাফ্যাক্ট জানায়, ‘ছুরিকাঘাতে গত মঙ্গলবার দিবাগত রাতে নিহত হন ঢাবি শিক্ষার্থী, ছাত্রদল নেতা ও জুলাই-যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য। এর আগে গত ৭ ফেব্রুয়ারি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাওয়ের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আবুল কাসেম নামের এক যুবক চিকিৎসাধীন নিহত হন।
উপদেষ্টা আসিফ মাহমুদকে ডিএসসিসির নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে গত তিন দিন ধরে আন্দোলন করা ইশরাক সমর্থকরা। ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর। এখানেই দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে এদিন নগর ভবনে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ।
বিএনপি নেতা আমির খসরু বলেন, দীর্ঘদিন পরে সদস্য সংগ্রহ করার সুযোগ আমাদের সামনে এসেছে। এটিকে কাজে লাগাতে হবে। দেশের সবচেয়ে বড় দল বিএনপিতে যোগ দেওয়া গর্বের বিষয়৷ তিনি বলেন, সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না। আরো বলেন, আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের ওপর জুলুম করেনি, উলটো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছে তাদের দলে নিতে কোনো সমস্যা নেই। তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।