Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

জামায়াত নেতা ডা. শফিকুর রহমান বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ও সর্বজনীন জীবনবিধান। তাই আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে বলেছেন। তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। অন্যথায় দুনিয়া ও আখেরাতে উভয় ক্ষেত্রেই আমাদেরকে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। আরো বলেন,নামাজ আল্লাহর দেওয়া বিধান ও শেখানো পদ্ধতি। আর আল্লাহর রাসুল (স.) আসরের নামাজের বিষয়ে বিশেষভাবে তাগিদ দিয়েছেন। বস্তুত, নামাজই আখেরাতের প্রস্তুতি গ্রহণের অন্যতম মাধ্যম। কারণ, ইয়াওত তাবাগুন তথা হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব গ্রহণ করা হবে।

Card image

জাতীয় প্রেসক্লাব চত্বরে কতিপয় বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যরা চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে। যাদের বক্তব্য শুনতে সেনাবাহিনীর একটি টিমও সেখানে গিয়েছিল। প্রতিনিধি দল সেনাবাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুসারে দাবি-দাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তৃতীয় পক্ষ দিয়ে দাবিদাওয়া না পাঠিয়ে সরাসরি পাঠানোর আহ্বান জানান। ১৪ মে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি আবেদন নিষ্পত্তি হয়েছে। আইএসপিআর জানায়, প্রতিনিধিদল ফেরার পথে কতিপয় আন্দোলনকারীদের ক্ষোভের শিকার হয়েছে, এরপর আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর হয়েছে।

Card image

কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেস ক্লাব। ঘটনার সঙ্গে জড়িত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির এক নেতা প্রেস ক্লাবে গিয়ে দুঃখ প্রকাশ করেন। ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না। বিএনপি সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে।

Card image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে। মনসুর বলেন, পলাতক পাচারকারীদের লুটের জব্দকৃত টাকা ও শেয়ার দরিদ্রদের জন্য ও জনহিতকর কাজে ব্যয় করা হবে। এ লক্ষ্যে ফান্ড তৈরি করা হবে। গভর্নর বলেন, আইনের সঠিক ধারা মেনেই সবকিছু করা হবে। প্রয়োজনে আইন সংশোধন করা হবে।

Card image

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ-২০২৪ এ জানা গেছে, ২০২৩ সালের তুলনায় বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে এক লাখ ৬০ হাজার। দেশে বর্তমানে ২৬ লাখ ২০ হাজার বেকার জনগোষ্ঠী রয়েছে। যা ২০২৩ সালে ছিল ২৪ লাখ ৬০ হাজার। বর্তমানে পুরুষ বেকার রয়েছে ১৮ লাখ, যা ২০২৩ সালে ছিল ১৬ লাখ ৪০ হাজার। বর্তমানে মহিলা বেকারের সংখ্যা ৮ লাখ ২০ হাজার, যা ২০২৩ সালেও ছিল ৮ লাখ ২০ হাজার। বিবিএস জানায়, যারা বিগত ৭ দিনে কমপক্ষে ১ ঘণ্টাও কোনো কাজ করেননি কিন্তু কাজ করার জন্য গত ৭ দিন ও আগামী দুই সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং গত ৩০ দিনে বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন, তাদেরকেই বেকার জনগোষ্ঠী হিসেবে ধরা হয়েছে।

Card image

ফরিদপুরে জনৈক আব্দুল কাদেরের ফ্ল্যাট থেকে দীর্ঘ ৫ বছর ধরে আটকে রাখা মরিয়ম বিবি (৬৫) নামের এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। মরিয়ম বিবিকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। গৃহকর্মী মরিয়ম বিবিকে নির্যাতন করা হতো, বাড়ির থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হতো বলে অভিযোগ। গৃহকর্মীর সন্তান আদালতের স্মরণাপন্ন হলে আদালত তাকে উদ্ধারের আদেশ জারি করেন।

Card image

রোববার আদালতে পুলিশি হেফাজত থেকে জুয়েল খান (২৭) নামে হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। যশোরের বাঘারপাড়ায় আলআমিন নামে একজন ইজিবাইক চালককে হত্যা মামলার প্রধান আসামি জুয়েল খান। ২০২১ সালের ৮ ডিসেম্বর ওই ইজিবাইক চালককে ভাড়া করে এনে তার বাহনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাঘারপাড়ার বুধোপুর গ্রামে নিয়ে যান জুয়েল ও তার সঙ্গীরা। এরপর ওই বছরের ১৫ ডিসেম্বর র‌্যাবের একটি স্পেশাল টিম জুয়েলসহ চারজনকে গ্রেফতার করে।

Card image

ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে ৪০ রোহিঙ্গা শরণার্থীকে লাইফ জ্যাকেট পরিয়ে আন্দামান সাগরে ফেলে দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনার মাধ্যমে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে উল্লে­খ করে এক বিবৃতিতে বলা হয়, ভারতের এ ধরনের মর্মান্তিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে শান্তিকামী বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Card image

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ঈদুল আজহার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। মালিক বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি আওয়ামী লীগের কার্যক্রমে অন্তবর্তী নিষেধাজ্ঞা দেওয়াতে সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হাজার হাজার কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে। সব কিছুর বিচার করতে হবে। তিনি ঘোষণা দেন- আগামী জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হবেন।

Card image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা, আচরণবিধি প্রকাশসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দাবি তারা সোমবার দুপুরে ছাত্র সমাবেশের ডাক দেন। শিক্ষার্থীদের বাকি দুটি দাবি হলো- রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতার পথনকশা প্রণয়ন করা। মেহেদী হাসান সজিব বলেন, রাকসু নির্বাচনের জন্য প্রশাসন থেকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনার কোনো ফলপ্রসূ কাজ করতে পারেননি। আচরণবিধি এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ অতিক্রম হয়ে গেলেও এখনো তারা প্রকাশ করতে পারেননি।

Card image

ইসলামী আন্দোলনের নেতা রেজাউল করীম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারসহ অতীতের সরকারগুলো শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো খাতগুলোকে অবহেলা করে পরিবহণ ও যোগাযোগের মতো বাহ্যিক ও স্থূল উন্নয়নে উন্নয়ন বাজেটের বড় অংশ ব্যয় করেছে। ফলে দেশে ঝাঁ চকচক রাস্তা ও সেতু দেখা গেলেও তারুণ্য সম্পদের বদলে বোঝায় পরিণত হয়েছে এবং স্বাস্থ্যসেবায় মানুষকে নাকাল হতে হয়েছে। তিনি বলেন, বেদনার সঙ্গে দেখছি এই সরকারও অতীত পাপ প্রবাহকে জারি রাখছে। সরকারের প্রতি আহ্বান করব, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন বাজেট পুনঃপ্রস্তাব করুন। আরো বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ করতে হবে যেন শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন, মানগত উন্নয়ন ও গবেষণা খাতে প্রবৃদ্ধি হয়।

Card image

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩৬ জনকে হত্যা করা হয়েছে তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ পর্যন্ত ৫৩,৩৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২১,০৩৪ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০-এরও বেশি বলে জানিয়েছে। তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

Card image

পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত বলেছেন, ইসলামাবাদ কখনোই দখলদার ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। আরও বলেন, ‘ইসরাইল উপমহাদেশের উত্তেজনায় জড়িত। একই সঙ্গে, পাকিস্তানের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না। তিনি বলেন, আমরা জানি যে, ইসরাইলি সরকার কিছু দেশের সঙ্গে যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে। পাকিস্তানের জনগণ তাদের সব অপচেস্টা প্রতিহত করবে। এদিকে গ্রেফতার আতঙ্কে ভ্যাটিকান সফর বাতিল করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Card image

গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক শুরু হয়েছে রোববার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো ভক্ত-অনুরাগী ছুটে এসেছেন দরগাহ এলাকায়। মাজারের চারপাশ মুখর হয়ে ওঠে- ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে। ওরসকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ওরস শেষ হবে আজ সোমবার আখেরি মোনাজাতের মাধ্যমে। অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে প্রশাসন ছিল কঠোর অবস্থানে।

Card image

এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে বেনামে ডাকযোগে চিঠি পাঠিয়ে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। রংপুর প্রেস ক্লাবের সামনে বিকাল সাড়ে ৫টায় ওই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। বক্তারা হুমকিদাতাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে রংপুর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি আরম্ভ হয়, শহর প্রদক্ষিণ করে একই স্থানে সমাপ্ত হয়।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।