‘মিথ্যা মামলা’ দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘হয়রানির’ অভিযোগে দুদকের সাবেক তিন চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে করা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী হারুন অর রশিদ নামে এক ব্যক্তি। আসামিরা হলেন- দুদকের সাবেক তিন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
রোববার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। এর আগে গতকাল রাতে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো, তাহলে মনে হয় ড. ইউনূস ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। কিন্তু আমরা চাই ড. ইউনূস সফল হোন। ওনার সাফল্য মানেই হলো, জুলাই-আগস্ট আন্দোলনের সফলতা। আজকে যারা জুলাই আন্দোলনের মুকুট চায়, তাদের তো মুকুট অনেক আগেই দেওয়া হয়েছে। আমরাও দিয়েছি। গয়েশ্বর বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করিনি। কিন্তু ওনারা এত ঘন ঘন সচিবালয়ে যায় কেন, ডিসি অফিসে যায় কেন। দুর্নীতি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, হাসিনার আমলের ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো রয়ে গেছে। এই সরকার তো দুর্নীতি রোধে হাত দেয়নি! কয়জনকে ধরা হয়েছে? ধরার উদ্যোগ নেয়নি। এমনকি বিচারও করেনি।
বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান লিখেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির সব পক্ষকেই বলি, মহাবিপর্যয় ডেকে আনতে না চাইলে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ ধরুন। ঐকমত্যের পথ ধরে এগুবার চেষ্টা করেন। নিজেদেরকে বর্তমান ইন্টেরিম সরকারের সরকারি দল বা বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন না।’ তিনি সতর্ক করেন, এই ইন্টেরিম সরকার ফেল করলে ঐকমত্যের ভিত্তিতে আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে যাবে এবং তখনই শুরু হবে এক ভয়াবহ নৈরাজ্য। আরো অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন।’ তিনি লিখেছেন, ‘মোটাদাগে আমার খানিকটা পক্ষপাত রয়েছে বিএনপির প্রতি। একজন শুভানুধ্যায়ী হিসেবে উদারপন্থি ধারার পাশাপাশি বিএনপিতে এখন কট্টরপন্থি ধারাকে প্রবল হয়ে উঠতে দেখে আমি আতঙ্ক বোধ করি। সীমান্তের বাইরের কাউকে প্রভু নয়, সবাইকে বন্ধু করেই পথ চলতে হবে দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক শক্তিকে।’
শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। রোববার প্রসিকিউশন জানায়, ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ হাসিনা এই উক্তি দেওয়ার কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার দায় আনা হয়েছে।
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশের প্রধান দুই ফটক। এ কারণে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে। তাদের ঘোষিত কর্মসূচি হলো, আজ রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কাস্টমস হাউস এবং শুল্কস্টেশন ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামীকাল সোমবার আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থক ও কর্মচারী ইউনিয়ন। ফলে গত ১০ দিন ধরে সিটি করপোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। আন্দোলনকারী মুনীর হোসেন বলেন, 'ইশরাক হোসেন মেয়রের চেয়ারে বসলেই আমরা বাড়ি ফিরব। এর আগে আন্দোলন চলবে।' দেখা গেছে, রোববারও নগর ভবনের নিচতলার মূল প্রবেশপথসহ অন্য প্রবেশপথগুলোয় তালা দেওয়া। নগর ভবনের মূল ফটকেও ঝুলছে তালা।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চত্বরে এক পথসভায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তবর্তী সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখনো ঢাকায় ষড়যন্ত্র চলছে। সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। মনে করলে ছাত্র-জনতা আপনাদের বিকল্প খুঁজে নেবে।' আরো বলেন, ‘পলাতক সরকার দেশে ফিরতে পারলে কখনো পালাতো না। বাংলাদেশে আর কখনো হাসিনাশাহীর শাসন ফিরবে না। গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থি সাংবাদিকতা করুন।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার বিকেলে বৈঠক করবেন। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন - কর্নেল (অবঃ) অলি আহমেদ, বীর বিক্রম; মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন - মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি মাওলানা এবং শাখাওয়াত হোসাইন রাযি। উল্লেখ্য, প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। আর দ্বিতীয় দফার বৈঠক হবে সন্ধ্যা ৬টায়।
রোববার সকালে ডিএসসিসি'র মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এর আগে বৃহস্পতিবার ইশরাককে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট বলেন, এ রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। নির্বাচনি ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি!
প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, নিরাপত্তা বাহিনী সালাহউদ্দিন আহমেদকে অপহরণ করে ও গুম করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার কয়েক সপ্তাহ আগেই তিনি বিএনপির মুখপাত্র হিসেবে গোপন একটি জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময় আওয়ামী লীগ সরকার ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছিল, খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে গৃহবন্দি করে রাখা হয়েছিল। শফিকুল জানান, তিনি ঐ সময় কৌশলে খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়েছিলেন। প্রেস সচিব লেখেন, সেই সময় প্রতিদিন আমরা সালাহউদ্দিন আহমেদের বিবৃতি পেতাম। তার বিবৃতিগুলো আমাদের প্রতিবেদনে জোরালোভাবে ব্যবহার করতাম, কারণ সেই বিবৃতির লেখাগুলো ছিল প্রচন্ড শক্তিশালী, নিখুঁত ও ক্ষুরধার ছিল। আমি সব সময়ই মনে করতাম রুহুল কবির রিজভী দেশের অন্যতম আবেগী রাজনৈতিক কর্মী। কিন্তু তার লেখা বিবৃতিগুলো ছিল জটিল ও দুর্বোধ্য। সেখান থেকে শক্তিশালী কোনো উদ্ধৃতি বের করা কঠিন হতো। আরো বলেন, আমরা জানতে পারি, শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে, তিনি সালাহউদ্দিন আহমেদকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেন। এই সময় প্রেস সচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের বলিষ্ঠ আন্দোলনের প্রশংসা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- শ্যামপুর গ্রামের রবিউল (২৮) আজাদ হোসেন (২৬)। তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘রবিউল ও আজাদসহ তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ১৫০ থেকে ২০০ গজ অভ্যন্তরে থাকা অবস্থায় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ওই যুবকদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
বাসস ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিনজনের নামে মানহানির অভিযোগে দায়ের করা মামলায় দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলাটি দায়ের করেছিলেন যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। গ্রেফতারি পরোয়ানা জারি করা আসামিরা হলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম এবং আসাদুজ্জামান আসাদ, যাকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা বলা হয়েছে। মাহবুব মোর্শেদ এ মামলায় জামিনে ছিলেন। তিনি স্থায়ী জামিনের আবেদন করলে আদালত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন বৃদ্ধি করে আদেশ দেন।
চানখাঁরপুলে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। বাকি অভিযুক্তরা হলো, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, সাবেক পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের মধ্যে শেষের চারজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক।
জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রীয়াজ বলেন, ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়, নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় ৬ মাস হয়ে গেল। এই সময়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে একমত হইনি। সকল বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয়। আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা। আরও বলেন, সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে এই চ্যালেঞ্জও অত্যন্ত কঠিন। এই সুযোগটি কাজে লাগাতে হবে। মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। যেসব বিষয়ে ঐকমত্য হওয়া যায়নি, সেসব বিষয়েও জানানো হবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।