আজ সাংবাদিক সমাজ ১৯৭৫ সালের ১৬ জুনের পত্রিকা বন্ধের ঘটনাকে স্মরণ করে "সংবাদপত্রের কালো দিবস" পালন করছে। সেদিন বাকশাল সরকার চারটি সরকারপন্থী পত্রিকা ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেয়, ফলে হাজারো সাংবাদিক বেকার হয়ে পড়েন। দেশজুড়ে সাংবাদিক সংগঠনগুলো আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে। সমালোচকরা বলছেন, শেখ হাসিনা সরকারের আমলেও গণমাধ্যমে দমন-পীড়ন অব্যাহত ছিল। এই দিনটি বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে।
সরকারি চাকরি অধ্যাদেশ-২৫ বাতিলের দাবিতে ঈদের ছুটি শেষে ফের আন্দোলনে নেমেছেন সচিবালয়ের ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। তারা বাদামতলায় উপস্থিত হয়ে সচিবালয় প্রদক্ষিণ করেন। জানা গেছে, বিক্ষোভ শেষে কিছুক্ষণের মধ্যেই তিন উপদেষ্টাকে স্মারকলিপি দিবেন তারা। আজ স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। বিক্ষোভরতদের ভাষ্য নিবর্তনমূলক ও কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা ও ৯ বছর বয়সী ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রশিদ নগর ইউনিয়নের জেটিরঘাটা এলাকায় সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন তরুণীও রয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং আহতদের বাস কেটে উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুটি যানবাহনই জব্দ করেছে পুলিশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লেখেছেন, শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনাও একই পথ ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছিল। নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম চালিয়েছে তারা। তিনি লেখেন, পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। বাকশাল সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কালাকানুন বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুন:প্রতিষ্ঠিত করেন। আরও বলেন, বিগত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়। গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
গাজায় আরও ৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের মধ্যে অন্তত ১৭ জন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্রে খাবার নেওয়ার চেষ্টা করছিলেন। মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযম বলেন, ‘স্থানীয়রা আমাদের জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গুলি চালানোর আগে ক্ষুধার্ত জনতাকে সতর্ক করেনি, যার ফলে ভয়াবহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।’
নোয়াখালীর সুবর্ণচরে ১৫ দিনের ঈদ মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন, যেখানে অশ্লীল নৃত্য ও জুয়ার আয়োজনের অভিযোগ ওঠে। শমির হাট বাজারের পাশে জামাল উদ্দিন সেন্টুর আয়োজিত মেলাটি রাতভর অশ্লীলতা ও জুয়ার আসরে পরিণত হয়, যেখানে তরুণদের ভিড় লক্ষ্য করা যায়। সামাজিক মাধ্যমে প্রতিবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলাটি বন্ধের নির্দেশ দেন। প্রশাসন জানায়, ভবিষ্যতে অনুমতি ছাড়া এমন আয়োজন করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশে গুমের ঘটনার পর্যবেক্ষণে প্রথমবারের মতো ঢাকায় আসার সুযোগ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স। রোববার জাতিসংঘের গুম কমিটির দুই সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। সফরকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব, গুমসংক্রান্ত কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার পরিবারগুলোর সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। জানা গেছে, জাতিসংঘের প্রতিনিধিদলটি এবার তদন্ত করতে আসেননি। তাদের মূল উদ্দেশ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং তার ভিত্তিতে সুপারিশ করা।
সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় রোববার রাত বারোটায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাস চালককে আটক ও ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করেছে। পুলিশ জানায়, ধর্ষণের শিকার কিশোরী বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার বাসিন্দা। ফার্মগেটের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে ওই কিশোরী। জানা গেছে, চলন্ত অবস্থায় ফাঁকা বাসের হেলপার লিটন মিয়া এবং পরে চালক শাহ সাব্বির মিয়া পালাক্রমে তাকে ধর্ষণ করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জানা গেছে, নির্বাচন মনোনয়নের ক্ষেত্রে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করা হবে। বিএনপি সূত্র বলছে, মনোনয়ন বাছাইয়ে তিনটি বিষয় প্রাধান্য পাবে। এগুলো হলো-গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই-সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, দ্বিতীয়ত, যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসাবে সুপরিচিত। তৃতীয়ত, ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনি এলাকায় বেশি জনপ্রিয়। এ প্রসঙ্গে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেন, তারেক রহমান কয়েকটি জরিপ করেছেন, আরও করবেন। এর ফলে নিশ্চয়ই যোগ্য ব্যক্তি উঠে আসবে এবং তাকেই মনোনয়ন দেওয়া হবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেন, ইসরাইলই একমাত্র রাষ্ট্র, যা আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে থেকে কার্যক্রম চালাচ্ছে এবং এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি-তে স্বাক্ষর করেনি। তিনি বলেন, এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। আরো বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল জাতীয় প্রতিরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পরিচালিত হয়, এবং আন্তর্জাতিক নিয়মনীতি ও অস্ত্র বিস্তার রোধ নীতিমালা কঠোরভাবে মেনে চলে। আসিফ বলেন, ইসরাইল যে সংঘাত সৃষ্টি করছে, তা গোটা অঞ্চল এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। পশ্চিমা বিশ্বের পক্ষপাতমূলক সমর্থন এক বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে!
রোববার সকাল সাড়ে দশটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। সেইসঙ্গে আগামী নির্বাচন, সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দু’পক্ষ নিজেদের মতামত তুলে ধরেন। বৈঠকে মির্জা ফখরুলের সাথে উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান ও শামা ওবায়েদ।
১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাকশাল কায়েমের মাধ্যমে ৪টি সংবাদপত্র বাদে বাকি সব সংবাদপত্র নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নস্যাৎ করেছিল। একইভাবে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বিভিন্ন গণমাধ্যম নিষিদ্ধ এবং ডিজিটাল সিকিউরিটি আইন ও পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যম ও নাগরিকদের স্বাধীনতা ধ্বংস করেছিল। আরও বলেন, জনগণ ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ করে দিলে জামায়াত বাক-স্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্রের উৎকর্ষ সাধন ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করে যাবে ইনশাআল্লাহ।
সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে কেবল ইসরাইলের সামরিক পদক্ষেপ যথেষ্ট নয়। ইসলামি প্রজাতন্ত্র ইরানকে একটি ‘পারমাণবিক দোরগোড়ায় পৌঁছে যাওয়া দেশ’। এমনকি যুক্তরাষ্ট্রও তাদের কয়েক মাসের বেশি সময় পিছিয়ে দিতে পারবে না! বারাক বলেন, ইরানের অগ্রগতি থামাতে হলে হয় বড় কোনো কূটনৈতিক সমাধান, নয়তো শাসনব্যবস্থার পরিবর্তনের মতো কোনো পদক্ষেপ নিতে হবে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন। কেরমানপুর বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বলেন, হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে ইসরাইলের আকস্মিক হামলার পর পূর্ণমাত্রায় যুদ্ধ চলছে!
ইসরাইলের বন্দরনগরী হাইফা, তেলআবিবে ও নেগেভ বিমানঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এতে দাউদাউ করে জ্বলছে ওই সব এলাকা। গণমাধ্যমের ভিডিওতে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ইসরাইলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফায় ইরানের মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন। একটি ভবনে মিসাইল সরাসরি আঘাত হেনেছে, ওখানে উদ্ধার কাজ চলার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া আয়রন ডোম প্রতিরক্ষা কাজে ব্যর্থ হচ্ছে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।