মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, গত মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষ চলাকালে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না এবং বাণিজ্য নিয়েও কোনো কথা হয়নি। তিনি জানান, ৯ মে রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রতি সতর্কতা পাঠান যে পাকিস্তান একটি বড় ধরনের হামলা চালাতে পারে। সেই অনুযায়ী ভারত প্রস্তুতি নেয় এবং পরদিন রাতেই পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলায় পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করে দেয় ভারত। এছাড়া মোদি বলেন, ভারত কখনোই কাশ্মীর প্রসঙ্গে তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্ৰহণ করেনি, করবেও না। মোদি ট্রাম্পকে কোয়াড সম্মেলনে আমন্ত্রণ জানান।
মিরপুরে প্রকাশ্য মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়। ডিবি জানায়, গত ২৭ মে মিরপুর-১০ নম্বর গোলচত্বর মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সড়কে ভুক্তভোগী ব্যবসায়ীকে গতিরোধ করেন ছয়জন। এরপর গুলি ছুড়ে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা গেছে, বুধবার দুপুর ২টায় এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় গুলশানের চেয়ারপার্সন বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাবেন ম্যাডাম খালেদা জিয়া।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি ঘোষণা করেছেন, দখলদার ইসরাইলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই ‘শাস্তিমূলক অভিযান’ শুরু করতে যাচ্ছে ইরান। তিনি বলেন, ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে, সেগুলো মূলত সতর্কবার্তা এবং প্রতিরোধমূলক ছিল। প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনো শুরু হয়নি। তিনি ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের, বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন। বেনিয়ামিন নেতানিয়াহুর পশুত্বসুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না।’ কখনো ইরান আগ্রাসনে মাথা নত করেনি বলেও জানান তিনি।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরান সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য ‘লোকেশন-ভিত্তিক অ্যাপ’ ব্যবহার না করতে বলেছে। ইরানের অভিযোগ, এই অ্যাপগুলো ব্যবহার করে ইসরাইল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে। এর পরে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে, এই ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে।' অ্যাপটি বলছে, ব্যবহারকারীর সুনির্দিষ্ট অবস্থান তারা ট্র্যাক করে না এবং কে কাকে মেসেজ পাঠাচ্ছে, তারও কোনো লগ তারা সংরক্ষণ করে না। কোনো সরকারের কাছে বড় আকারে ব্যবহারকারীর তথ্য সরবরাহ করে না বলেও জানায়।
গতকাল অংশগ্রহণ না করলেও আজ জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের অসমাপ্ত আলোচনায় জামায়াতে ইসলামী অংশ নিয়েছে। আজ বেলা সাড়ে। ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটি অংশগ্রহণ করে। জানা গেছে, আজকের বৈঠকে এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন, এবং জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় প্রায় ৩০টি দল ও জোট অংশগ্রহণ করেছে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবার এবং আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার। অধ্যাদেশ অনুযায়ী মিথ্যা, প্রতারণা করে চিকিৎসা, আর্থিক ও পুনর্বাসন সুবিধা দাবি বা গ্রহণ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ফলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা বা আর্থিক সহায়তার দ্বিগুণ অর্থদণ্ডের শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া, অধ্যাদেশে নিহত-আহতদের দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। ‘গণঅভ্যুত্থানে শহীদ’ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে ‘জুলাই শহীদ’ এবং ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দেয়া হয়েছে। আহতদের মধ্যে তিনটি শ্রেণি রয়েছে। তা হলো, অতি গুরুতর আহত, গুরুতর আহত ও আহত।
মঙ্গলবার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল। গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। তিনি বলেন, সংকট এখনও কাটেনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ও প্রতিষ্ঠিত করতে এখনও অনেক কাজ বাকি। গত ১৬ বছর শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচার বর্তমানেও চলছে। এ সময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে। আরও বলেন, ফ্যাসিবাদীদের নির্যাতনের হাত থেকে জুবাইদা রহমানের মতো মানুষও রেহায় পায়নি। তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। মিথ্যা মামলা দেয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসি-ভিত্তিক মানবাধিকার কর্মীদের সংগঠন বলছে, ইসরাইলি হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১ হাজার ৩২৬ জন আহত হয়েছে। আরও জানিয়েছে, নিহতদের মধ্যে মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা কর্মী বলে চিহ্নিত করা হয়েছে। এদিকে ইরান ইসরাইলি সংঘাতে নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেছে না। সোমবার প্রকাশিত সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহত ১ হাজার ২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের পরিচালক এরিক ট্রাম্প জানিয়েছেন, তাদের নতুন মোবাইল ফোন প্রজেক্টের নাম হবে ট্রাম্প মোবাইল। আর তাদের সংস্থা কেবল আমেরিকায় তৈরি মোবাইল ফোনই বিক্রি করবে। এই প্রজেক্টের প্রথম মোবাইল ফোনের নাম রাখা হয়েছে টি ওয়ান। জানা গেছে, নতুন এ স্মার্টফোনটি বাজারে আসতে এখনও অন্তত আড়াই মাস বাকি। তবে, এই মুহূর্তে প্রি অর্ডার করা যাচ্ছে। এর মাধ্যমে অ্যাপল এবং স্যামসাংয়ের মতো কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে অভিষেক হতে যাচ্ছে ট্রাম্প মোবাইলের।
ইসরাইল ও ইরানের পালটাপালটি হামলা শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ছেই। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২২ ডলার বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৪৫ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে তেলের দাম বেড়েছে ৩ দশমিক শূন্য ৭ ডলার বা ৪ দশমিক ২৮ শতাংশ। দিনটিতে ডব্লিউটিআই বিক্রি হয়েছিল ৭৪ দশমিক ৮৪ ডলারে। জানা গেছে, ইরান গ্যাসের উৎপাদন কিছুটা কমিয়ে দিয়েছে। কেননা গ্যাস ক্ষেত্রে ইসরাইল হামলা চালিয়েছে।
সাংবিধানিক অধিকার লঙ্ঘন উল্লেখ করে ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি মার্কিনদের পাসপোর্ট দেওয়া বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নীতিকে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। বোস্টনের ইউএস ডিসট্রিক্ট জজ জুলিয়া কোবিক একটি প্রাথমিক স্থগিতাদেশ জারি করেন, যা তার এপ্রিলে প্রদত্ত পূর্বের রায়ের সম্প্রসারণ। আগের রায়ে তিনি শুধু ছয়জন আবেদনকারীর ক্ষেত্রে এ নীতি প্রয়োগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এর আগে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পরপরই একটি নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরকার শুধুমাত্র দুটি লিঙ্গ স্বীকৃতি দেবে এবং লিঙ্গ পরিবর্তনযোগ্য নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। জানা গেছে, তার চলমান যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্পের দৈনিক রুটিন অনুযায়ী, পাকিস্তান সময় রাত ১০টায় হোয়াইট হাউসের কেবিনেট রুমে মধ্যাহ্নভোজ-ভিত্তিক এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সম্প্রতি চালানো ফাতাহ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে এবং দেশটির আকাশ এখন ইরানের কর্তৃত্বাধীন। এ নিয়ে কর্নেল তাজিক বলেছেন, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।
বিবিসির প্রতিবেদন বলছে, মঙ্গলবার ইসরাইলের তেল আবিবকে লক্ষ্য করে একটি ‘ফাত্তাহ-১’ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে করেছে ইরান। জানা গেছে, ২০২৪ সালের ১ অক্টোবর ইসরাইলে ইরানের আক্রমণের সময়, তারা কয়েক ডজন ‘ফাত্তাহ-১’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে, বর্তমান যুদ্ধে ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। আইআরজিসি ক্ষেপণাস্ত্রটিকে ‘ইসরাইল-স্ট্রাইকার’ হিসেবে উল্লেখ করেছে এবং এর উন্মোচনের সময়, তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল, ‘তেল আবিবে ৪০০ সেকেন্ড।’
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।