ইসরাইল যখন ইরানে হামলা বাড়াচ্ছে, তখন ইউক্রেন যুদ্ধ ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের কারণে রাশিয়া সামরিকভাবে নিরব। সিরিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাশিয়া চাইছে মধ্যস্থতাকারী হয়ে লাভ তুলতে। ইরানি শাসনব্যবস্থা পতনের মুখে, মস্কো কূটনৈতিক পথে প্রভাব ধরে রাখতে চায়। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম বাড়ায় অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে রাশিয়া—এই বিশৃঙ্খল পরিস্থিতিকে তারা পরিণত করছে এক কৌশলগত সুযোগে।
ইরানের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধ নিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় তিনি ইরান-ইসরাইলের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন এবং সংঘাতের দ্রুত অবসান চেয়েছেন। জানা গেছে, উভয় নেতা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তবে রুশ সংবাদমাধ্যম বলছে, এই সংঘাত থেকে রাশিয়ার তেলের বাজারে চাঙ্গা হতে পারে।
তেহরান এবং কারাজ শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, কারাজ শহরের কাছে অবস্থিত পায়াম বিমানবন্দরের আশপাশে জোরাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়, তেহরানের পূর্ব পাশে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরানের একজন সরকারি মুখপাত্র নিশ্চিত করেছেন, দুইটি ব্যাংকের ওপর সাইবার হামলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছ।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে। আরও বলেন, যারা ইরানের ইতিহাস জানে, তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না। খামেনি বলেছেন, ইসরাইলকে ভুলের মাশুল দিতে হবে। ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না।
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে নির্বাহী বিভাগের নামে মূলত শেখ হাসিনার একক পছন্দেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ফ্যাসিবাদী আমলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিকে পর্যন্ত বলতে শোনা গেছে তিনি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’। তেমনিভাবে দলান্ধ অযোগ্য লোকদের নিয়োগ দেওয়ার কারণে পিএসসির প্রশ্নপত্র ব্যাপকহারে ফাঁস হয়েছে, যা নজিরবিহীন। মঞ্জু বলেন, সহস্র প্রাণ ও রক্ত সাগর পেরিয়ে যে গণ-অভ্যুত্থান হয়েছে তাকে তাৎপর্যপূর্ণ করতে হলে অবশ্যই সংস্কার অপরিহার্য এবং সে কারণেই এবি পার্টি এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্ট্রোরাল কলেজ পদ্ধতিতে সম্মত।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেন, দখলদার ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং গুণ্ডামির বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে। এর আগে গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে এরদোগান বলেন, নেতানিয়াহু এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তার্কিশ প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনের গাজায় ‘যুদ্ধাপরাধী’ নেতানিয়াহু যে গণহত্যা চালিয়েছেন, এরমাধ্যমে তিনি জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন।
নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনের বেশি। এছাড়া ইরানের হামলার জেরে ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। নেতানিয়াহুর দপ্তর বলছে, এখন পর্যন্ত ইসরাইলের দিকে ৪০০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ছাড়া কয়েক শ ড্রোনও পাঠিয়েছে। আর ইসরাইলের হামলায় এ পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ২৪০ ছাড়িয়েছে। এর মধ্যে ৭০ জনেরও বেশি নারী ও শিশু।
তেহরান জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান বাহিনীর ২৮টি আক্রমণকারী আকাশযান তারা ভূপাতিত করেছে। সূত্র বলছে, ভূপাতিত ২৮টি আকাশযানের মধ্যে রয়েছে: হার্মেস ড্রোন, এটি দূরপাল্লার নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন, যা ইসরাইলিরা প্রায়শই গাজা, লেবানন ও সিরিয়ায় ব্যবহার করে। এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান। ইরান দাবি করেছে, কয়েকটি ম্যানড বিমানও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান বলছে, তারা ইসরাইলি ইলেকট্রনিক হামলার সক্ষমতা রোধ করেছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন (এনসিসি) গঠনের সঙ্গে একমত নয় বিএনপি, কারণ এর মধ্যে ‘জবাবদিহিতার ঘাটতি’ রয়েছে। তিনি বলেন, এনসিসির মতো একটি কর্তৃপক্ষকে যেসব কার্যক্রম ও দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো সাধারণত নির্বাহী বিভাগ, আইন বা সাংবিধানিক বিভিন্ন বিধানের মাধ্যমে নির্ধারিত হয়। এ ফাংশনগুলোকে আলাদা করে যদি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, তাহলে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বলেন, ইউনিয়ন পর্যায় থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রায় ৭০ হাজার ভোট থাকবে, এমন একটি পরিস্থিতিতে এখন নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই। বর্তমান সংসদ সদস্যদের মাধ্যমে এবং উচ্চকক্ষ গঠিত হলে সেখানকার সদস্যদের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত।
নোবেলবিজয়ী মালালা ইউসুফজাই গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিয়ে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের যে বিপুল প্রভাব ও ক্ষমতা রয়েছে, তা তারা মানব জীবন রক্ষা, শান্তি আনার কিংবা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যবহার করেনি — এটা অত্যন্ত হতাশাজনক। মালালা বলেন, আমি আশা করি যুক্তরাষ্ট্র গাজায় সংঘটিত গণহত্যা বন্ধে, যুদ্ধবিরতির পক্ষে এবং মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেবে। মালালা বলেন, গাজা প্রসঙ্গে চুপ থাকার অভিযোগ সঠিক নয়, আমি ২০১৪ সাল থেকে গাজা বিষয়ে কথা বলে আসছি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার রয়েছে এবং এটি বৈধ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে পারমাণবিক হুমকি কোনো কাল্পনিক বিষয় নয় বরং এটি বাস্তব এবং কার্যকর ঝুঁকি তৈরি করছে গোটা অঞ্চল ও বিশ্বের জন্য। আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনার উপর ইসরাইলের সাম্প্রতিক হামলাগুলো কেবল উত্তেজনা বৃদ্ধি করছে না বরং এগুলো ‘অঞ্চল ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’ এ নিয়ে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলভও বলেন, ইসরাইলের এ আগ্রাসী আচরণ আন্তর্জাতিকভাবে স্পষ্ট আইনি ও রাজনৈতিক শাস্তি দাবি করে।
৫০ শতাংশ মহার্ঘ ভাতা দাবি করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি বলেন, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করা না হলে আগামীকালও তারা সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ হবে। আরও বলেন, ‘আমাদের আট বিভাগে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আলোচনার নামে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আস্থা ভঙ্গ করেছেন, বিশ্বাস নষ্ট করেছেন। যারা ফ্যাসিস্ট সরকারের আমলা রয়েছেন, তাদের তাড়াতে হবে।’ প্রসঙ্গত, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন মূল বেতনের ১৫% হারে এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন ২০% হারে মহার্ঘ ভাতা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে কোনো ফ্যাসিবাদ যেন বিএনপির সদস্য হতে না পারে। আওয়ামী লীগের অনেক দোসর আছে যারা ৫ আগস্টের পর বিএনপির ট্যাগ লাগিয়েছে। এদের মধ্যে অনেকেই এক লাখ টাকার বিনিময়ে বিএনপির সদস্য হতে চাইবে। তিনি বলেন, স্পষ্টভাষায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই- ‘লাখ টাকার লোভে পড়ে কেউ ৩০ বছর কিংবা ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার বিক্রি করে দিয়েন না’।
বিএনপির সালাহউদ্দিন আহমদ, এনসিপির নাহিদ ইসলাম ও জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাতে হাত রেখে পরস্পর সৌহার্দের বার্তা দিয়েছেন। জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবি তোলেন তারা। পরে নাহিদ ইসলামকে বুকে টেনে নেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তারা সৌজন্য বিনিময় করেন।
এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন প্রক্রিয়ায় এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে। কারণ বিগত দিনে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুদক ও মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় করণ করা হয়েছে। বিতর্কিত করা হয়েছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, আমরা চাই—এসব প্রতিষ্ঠানের নিয়োগে যেন সরকারের কোনো হস্তক্ষেপ না থাকা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এসব প্রতিষ্ঠানকে স্বচ্ছ রাখতে হবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।