ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী শনিবার জানিয়েছে, তারা বেন-গুরিয়ন বিমানবন্দর ও কিছু সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে ইসরাইল-অধিকৃত ফিলিস্তিনের অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জানা গেছে, তারা ট্রু প্রমিজ অপারেশন-৩ এর ১৮তম পর্যায় শুরু করেছে। এতে ‘শাহেদ ১৩৬’- এর মতো অসংখ্য আত্মঘাতী এবং যুদ্ধ ড্রোন, পাশাপাশি নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তারা পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। ফলে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। হামলার কারণে ইসরাইলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ইরানের জরুরি সেবা সংস্থার প্রধান জাফার মিয়াদফার জানিয়েছেন, দেশব্যাপী আবাসিক এলাকার পাশাপাশি চিকিৎসা ও ত্রাণসেবার বিভিন্ন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে ইসরাইলি বাহিনী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের তিনটি ত্রাণ ঘাঁটি এবং আটটি জরুরি সহায়তা কেন্দ্রের অ্যাম্বুলেন্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।’ আরও জানান, ‘এই হামলায় বিস্ফোরণ ও এর ফলে সৃষ্ট আঘাতে জরুরি সংস্থার মোট ১৪ জন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।’
মার্কিনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল, যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয়, আলোচনার পথ বেছে নেয়। তবে ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরাইলের হামলার লক্ষ্য হলো ‘আলোচনাকে নস্যাতের’ চেষ্টা। তিনি বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা’। এসময় তিনি ইসরাইলের হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ইরানে ইসরাইলি বিমান হামলার নবম দিনের মাথায় ইস্তাম্বুলে বৈঠক করেছে আরব লীগ। এই জরুরি বৈঠকের পর বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি হামলা ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’। আরব লীগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং উত্তেজনা বন্ধের জন্য দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়ে বলেছে, এটি করতে ব্যর্থ হলে অঞ্চলটি আরও গভীর অস্থিতিশীলতার দিকে যাবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়া গাজায় গণহত্যা বন্ধ ও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন থেকে সরে এসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে।
আবাসনসহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলনের পর ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমবিবিএস পেশাগত পরীক্ষার্থীদের ও বিদেশি শিক্ষার্থীদের এই নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে। পাঁচ দফা দাবির মধ্যে মূলত আবাসন সুবিধা নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।বলেছেন, ‘নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই ক্ষমতায় ছিলেন।’ ক্লিনটন বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে, সেটার অবসান ঘটান।’ শান্তিপূর্ণ সমাধানের দিকে গুরুত্ব দিয়ে আরো বলেন, 'আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব, তাদের রক্ষা করব। তবে গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নয়- এমন নিরীহ বেসামরিক মানুষজনই প্রধান ভুক্তভোগী—এটা কোনো সমাধান হতে পারে না।'
বাংলাদেশ মাতারবাড়ীতে আন্তর্জাতিক মানের একটি ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা করছে, যা নৌ-পরিকাঠামো উন্নয়ন ও ব্লু ইকোনোমি জোরদারে সহায়ক হবে। ঢাকায় এক সেমিনারে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ ও নটিক্যাল চার্ট তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। এই উদ্যোগ নিরাপদ নেভিগেশন, জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হচ্ছে। বক্তারা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্পে হাইড্রোগ্রাফিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমুদ্রতল মানচিত্রায়নের আহ্বান জানান।
শনিবার ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নতুনবাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ডিএমপি। তিনি বলেন, কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টায় নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। দশটার দিকে তাদের সরে যেতে অনুরোধ করলেও না গেলে এক পর্যায়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ সরিয়ে দেয়। পরে পুনরায় অবরোধ করলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়।
সম্প্রতি এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি চার-পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য; কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই।’ ট্রাম্প বলেন, ‘আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি।’ এদিকে পাক-ভারত উত্তেজনা বন্ধ ও যুদ্ধবিরতিতে সিদ্ধান্তমূলক গুরুত্বপূর্ণ হস্তক্ষেপের জন্য পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করেছে।
ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড এক্সে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে ধারণা করা যায়, ইরান এমন এক পর্যায়ে রয়েছে যে তারা চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।’ তিনি লেখেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটি ঘটতে পারে না এবং আমি এতে একমত।’ এর আগে গত মার্চে গ্যাবার্ড বলেছিলেন, ‘মার্কিন গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।’ কয়েক মাস পুরনো এই পরস্পরবিরোধী কথা ছড়িয়ে পড়লে এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন।'
ওয়াল স্ট্রিট জার্নালসহ পশ্চিমা ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় ২০০ মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরাইল। এই বিপুল খরচের বড় অংশ ব্যয় হচ্ছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালাতে, যা প্রতিনিয়ত ইরানের লাগাতার হামলা ঠেকাতে সংগ্রাম করছে। এদিকে ইসরাইলি সংবাদপত্র মারিভ বলছে, তেলআবিবে অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ হয়ে গেছে। বাজার এলাকাগুলো ফাঁকা ও নিস্তব্ধ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।’
এনসিপি নেতা সারজিস আলম লেখেন, গণঅভ্যুত্থানের পূর্বে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছু ছিল এক ব্যক্তি ও দল কেন্দ্রীক ইতিহাস। ভুল ধরলেই জামায়াত, শিবির, রাজাকার কিংবা সরকারবিরোধী ও দেশবিরোধী ট্যাগ খাবেন। শেখ হাসিনার সমালোচনা করলেই গুম, খুন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও সম্মুখীন হতে পারেন। সারজিস বলেন, এখন ইতিহাস নতুন করে নিরপেক্ষভাবে লিখতে হবে। যার যে প্রাপ্য এবং যার যা অবদান তা তাকে দিতে হবে। সারজিসের ভাষায়, সোহরাওয়ার্দী, ভাসানী, শেরে বাংলা, শেখ মুজিব, তাজউদ্দিন, জিয়া থেকে শুরু করে যাদের যতটুকু অবদান সেগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি তাদের সীমাবদ্ধতাগুলোকেও সামনে নিয়ে আসতে হবে। কাউকে ফেরেশতা বানানো বা উপেক্ষা করার প্রয়োজন নেই!'
ভিয়েতনামের শীর্ষস্থানীয় রঙ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোভা পেইন্ট এবার বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করছে ভার্সেটিলো গ্রুপের সঙ্গে যৌথভাবে। ‘কোভা পেইন্ট বাংলাদেশ’ নামে একটি নতুন কারখানা স্থাপন করা হবে, যেখানে প্রতিদিন ১৫০ টন রঙ উৎপাদন হবে। দেশীয় বাজার ছাড়াও এটি সার্কভুক্ত দেশে রপ্তানির জন্য ব্যবহৃত হবে। সম্প্রতি কুয়ালালামপুরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ভারতে ও মালয়েশিয়ায় রপ্তানি আদেশ পূরণে এই বাংলাদেশি কারখানাই ব্যবহৃত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন, মানবতাবিরোধী অপরাধের বিচার ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে, আমরা সেই নির্বাচনে যেতে রাজি আছি।’ পরওয়ার বলেন, ‘জামায়াত সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবি করে আসছে।' আরও বলেন, ‘বক্তৃতার সময় আমরা বলবো, ব্যক্তির চেয় দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু কাজের সময় দেশের চেয়ে দল, আর দলের চেয়ে ব্যক্তি বড়, এ মার্কা রাজনীতি করে দয়া করে কেউ দেশ-জাতির ক্ষতি করবেন না। এ নেতা বলেন, ‘আমরা অন্তর্বতী সরকারকে সহযোগিতা করতে চাই। তবে সরকারের শিরদাঁড়া সোজা রাখতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, তাহলে জাতির সামনে মহাদুর্যোগ নেমে আসবে।’ এই সময় তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।