সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতে বাংলাদেশের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসের বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য বাংলাদেশের প্রশংসা করা হয় এবং দেশটির জনগণ, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সংহতিকে ন্যায়বিচার, স্বাধীনতা ও আঞ্চলিক সার্বভৌমত্বে প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে আখ্যা দেওয়া হয়। ইরান জানায়, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু বৈধ অধিকার নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব, যা বৈশ্বিক সংহতি দাবি করে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের একশ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। তবে নাটোরের ছাত্রদল নেতা রাকিব সরদারের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন তা লঙ্ঘন করে। পরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাকিব সরদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে রাকিব সরদার বলেন, আমার চাচাতো বোনকে কেন্দ্রে পৌঁছে দিতে যাই। এ সময় তাকে আসন দেখিয়ে দিতে গেলে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি তুলে ছড়িয়ে দিয়েছে। কেন্দ্র সচিব উপজেলা মিজানুর রহমান বলেন, খাতা দেওয়ার পর পরীক্ষার্থীরা ওএমআর শিট পূরণ করার সময়ে ওই ছাত্রদল নেতা কেন্দ্রে প্রবেশ করেন। জানা গেছে, কেন্দ্র সচিবকেও শোকজ করেছে উপজেলা নির্বাহী অফিসার।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শীতল আমি বলতে চাই না। আমি বলতেছি যে, এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। এ ব্যাপারে আমাদের স্বদিচ্ছার কোনো অভাব নেই। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের যে রকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যে রকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে বর্তমান সম্পর্কটা ঠিক ওই রকম নাই। কাজেই এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট বলছি। আরো বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের সংঘাত নাই, কিছুই নাই একমাত্র রোহিঙ্গা সমস্যা ছাড়া। রোহিঙ্গা ইস্যুর একমাত্র সমাধান হচ্ছে, তাদের দেশে ফিরে যাওয়া, নিরাপদে থাকবে, কেউ অত্যাচার অবিচার করবে না। বাস্তবতাটি মেনে নিই যে, আমরা তাদের ফেরত নেওয়ার ব্যাপারে কিছু করতে পারিনি। আশা করি, আগামী দিনগুলোতে আমরা সেটা করতে পারব।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনীয়তা ‘পাবলিক’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাংস্কৃতিক বিনিময় ভিসার ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে। আরো জানায়, যারা ‘এফ’, ‘এম’ বা ‘জে’ ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন, তাদের প্রাইভেসি পাবলিক করতে অনুরোধ করা হয়েছে। আরও বলা হয়, আবেদনকারীদের পরিচয় ও ভিসার যোগ্যতা যাচাইয়ের কাজ সহজ করতে এই অনুরোধ জানানো হয়েছে, যাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য সহজেই পর্যালোচনা করতে পারে।
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, '৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে।’ সারজিস বলেন, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস'। প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে বুধবার রাতে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরাইল যুদ্ধে প্রবেশ করেছে। কারণ তারা মনে করেছিল, যদি তা না হয়, তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। তিনি বলেন, ট্রাম্প এক ভাষণে বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। কিন্তু ইরান কখনই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিবাদীরা কখনও ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্রবাহিনী তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত হেনেছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে গাজায় প্রায় দু বছর ধরে চলমান যুদ্ধের তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানান এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট লেখেন, ‘তিনি ফোনালাপের সময় ইরান-ইসরাইল যুদ্ধের সকল পক্ষের যুদ্ধবিরতিকে সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন।' আরও জানান, ফোনালাপে উভয়ই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লকোহনু ফ্রান্সের পার্লামেন্টে বলেন, গত কয়েকদিন ধরে ইসরাইলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে ১০টিরও কম ড্রোনকে প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি। তার মতে, ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইলে প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন নিক্ষেপ করেছিল ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট, ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি নিউইয়র্কের মেয়র হওয়ার পথে। এর আগেও আমরা উগ্র বামপন্থিদের দেখেছি, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। তিনি দেখতে ভয়ংকর, বিরক্তিকর কণ্ঠ, তার বুদ্ধিসুদ্ধিও খুব একটা নেই।’ ট্রাম্প জোহরানকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের নিয়েও উপহাস করেছেন। এদিকে মামদানি মেয়র পদে নির্বাচিত হলে তিনি শহরে বিনা ভাড়ায় বাসে চলাচল, অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা এবং সিটি করপোরেশনের নিজস্ব মুদিদোকান চালু করার ঘোষণা দিয়েছেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসার মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করছিল তার সমর্থকরা। যে কারণে দীর্ঘ ৪৩ দিন নগর ভবনের প্রধান কার্যালয়ে যেতে পারেননি সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। অবশেষে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি। অফিসে গিয়ে শাহজাহান মিয়া বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এরমধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে। এ সময় তিনি ডিএসসিসির সকল প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান এবং অনেক কর্মকর্তাকেও নগর ভবনে যেতে দেখা গেছে।
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। এটি দেখে হতভম্ব হয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। পরে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, নোটিশটি ভুলবশত দেওয়া হয়েছিল। কম্পোজের মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। সেটা রিমুভ করা হয়েছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ-আলোচনার চেয়ে খাওয়া-দাওয়া বেশি হচ্ছে। তবে তিনি এও বলেছেন, ‘বিএনপি বিশ্বাস করে, চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব।’ সালাহউদ্দিন বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে। কিন্তু কবে, কখন ও কোন পদ্ধতিতে হবে- সেটা আমাদের জানা ছিল না।’ তিনি জানান, দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না- এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। তা নিশ্চিত হলে এটি হবে গণতন্ত্রের রক্ষাকবচ। এই সময় তিনি গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুত্বারোপ করেন।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, বিগত সরকারের ক্ষমতার দাপটে দেশে বিশৃঙ্খলার বিষয়ে সবাই অবগত। সেই দাপটের পরিণামই তারা ভোগ করছে। তিনি বলেন, সরকারের সঙ্গে যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিষ্ঠান থাকে, তারাও ক্ষমতার দাপট দেখায়। আরো বলেন, ক্ষমতার দাপট কমিয়ে সুষ্ঠু গণতন্ত্র ধরে রাখতে এমন একটি রাজনৈতিক দল দরকার, যাদের সব কার্যক্রমে স্বচ্ছতা থাকবে। নাগরিক ঐক্য তেমনি একটি দল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই সময় তিনি মব কালচারের বিরোধিতা করে সরকার ব্যবস্থা নেবে বলেও আশা করেন।
এক সংবাদ সম্মেলনে এনবিআরে চলমান অচলাবস্থার অবসানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এছাড়া ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে ২৮ জুন থেকে এনবিআরসহ সারা দেশের শুল্ক ও কর কার্যালয়ে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। এ ছাড়া ২৮ জুন সারা দেশ থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি দেওয়া হয়েছে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না।’ আরও লিখেছেন, ‘৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।