কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে অবৈধভাবে চোরাইপথে বাংলাদেশে পুশ-ইন করছে ভারত। এতে ভারতের বিশ কোটি মুসলমান, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানরা আতঙ্কে আছেন। যদিও ভারত সরকার বলছে, অভিবাসীদের ক্ষেত্রে এই অবৈধ পদ্ধতি বেছে নিয়েছে। বাস্তবে রোহিঙ্গা এবং ভারতীয় মুসলমান নাগরিকদেরও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারমধ্যে একশ জনকে বিজিবি ফেরত পাঠিয়েছে। অবশ্য এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে বলে প্রতিবাদ করছেন মানবাধিকারকর্মী ও আইনজীবীরা। ভুক্তভোগীরা বলছেন, গুলির মুখে হাঁটু গেড়ে বাংলাদেশে ঢোকার জন্য জোরাজুরি করে বিএসএফ। এ নিয়ে বিজিবি বলছে, এমন ১৬০০ জনকে জোর করে অবৈধভাবে পাঠিয়েছে ভারত। খবর এএফপি'র!
আগামী বছর শেষ হচ্ছে ভারত ও বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন বিষয়ক চুক্তির মেয়াদ। তাই এখনই ভাবা হচ্ছে নতুন ‘গঙ্গা চুক্তি’ নিয়ে। ভারত চুক্তির বিকল্প কিংবা সংযোজন বিয়োজনের কথা ভাবছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত ভারত ও বাংলাদেশ উভয়ই প্রতি ১০ দিনের জন্য ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা। কিন্তু ভারত এখন নতুন চুক্তি করে এই সময়টায় আরও অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক বেশি পানি চায়। ভারতের দাবি, এখন যেহেতু কৃষির প্রসার ঘটেছে তাই আরও বেশি পানির প্রয়োজন তাদের। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এক্ষেত্রে একমতও পোষণ করেছে বলে জানিয়েছে ইকোনোমিক টাইমস।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এনবিআর চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে ২৬ জুন বিকালে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ২ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী একটি আলোচনা অনুষ্ঠিত হয়। বিস্তারিত আলোচনা শেষে সভায় নিম্নোক্ত তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়- এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা; এনবিআর কর্মকর্তাদের দুটি সাম্প্রতিক বদলির আদেশ পুন:বিবেচনা করা; এবং আগামী ১ জুলাই বিকাল ৪ টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং এনবিআর সদস্যদের সঙ্গে গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দুই বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আইএমএফ, এডিবি ও জাইকা'র ঋণ সহায়তার অর্থ যুক্ত হওয়ায় মূলত রিজার্ভ বেড়েছে। এর আগে ২০২৩ সালের জুনে রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আইএমএফের দুই কিস্তি ১৩৪ কোটি ডলার, এডিবির ৯০ কোটি ডলারসহ জাইকার ঋণ সহায়তার অর্থ রিজার্ভে যুক্ত হয়েছে। যার ফলে মোট রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এর প্রতিক্রিয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, ‘সরকার ৮ আগস্টে নতুন বাংলাদেশ দিবস পালন করলে আমরা সারাদেশে বিপ্লব বেহাত দিবস পালন করবো।’ প্রসঙ্গত, ফটোকার্ডে হাদির হাতে লাল কার্ড দেখা যায়।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে যাচ্ছে। এর ফলে এসব মামলায় জড়িত ব্যক্তিরা চিরতরে সব কলঙ্ক ও কষ্ট থেকে মুক্তি পাবেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রায় ১২ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে, যা কমপক্ষে ৩ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করে।' জানা গেছে, আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি ২৮ মে পর্যন্ত ১৬টি বৈঠকে ১১ হাজার ৪৪৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রস্তাব করেছে এবং এ বিষয়ে আরও কাজ চলছে।
শুক্রবার ভোরে লেবাননের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজনের মৃত্যু এবং ২০ জন আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম লিখেছেন, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলের হামলা জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে এটি শত্রুতা বন্ধের ব্যবস্থা ও আমরা যে স্থিতিশীলতা রক্ষা করতে আগ্রহী তার জন্য হুমকি। এছাড়া লেবাননের প্রেসিডেন্ট হামলা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান। এদিকে, শুক্রবার ভোর থেকে ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে গাজা শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন সাংবাদিকও নিহত হয়েছেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান আনজুমের কবর জিয়ারত করে বলেছেন, কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায়বিচার পায়। শুধু আনজুমের পরিবার নয়, এ দেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায়বিচার পায়। কোনো নয়ছয় বরদাশত করা হবে না। তিনি বলেন, আনজুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়া করেছি। আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দেওয়া। আমরা জানতে পেরেছি, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কোনো অপশক্তির বা অন্য কিছুর কাছে নয়ছয় হলে কেউ ক্ষমা পাবেন না। স্বাধীন বিচারে হস্তক্ষেপ হলে আমরা বসে থাকব না। আমরা মজলুমের পাশে থাকব।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সেলাঙ্গর এবং জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানের তিন ধাপে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়। তিনি বলেন, আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের জন্য অভিযোগ আনা হয়েছে। আরও বলেন, অন্য ১৫ জনের বিরুদ্ধে নির্বাসনের আদেশ জারি করা হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে উগ্রপন্থি সংগঠন আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তাধীন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ মালয়েশিয়াকে চরমপন্থি কার্যক্রম বা ট্রানজিট কেন্দ্র বানাতে চাইলে, তা কঠোরভাবে দমন করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুইজনই পুরুষ। যাদের একজনের বয়স ৭২ ও অন্যজনের ৫০। জানা গেছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ১০৭ জন ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২১ জন, ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।
জিওপি'র সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে, সব না হোক, স্থানীয় সরকারের অন্তত সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে, ও দলই আগামীতে ক্ষমতায় আসছে। ফলে পদ-পদবির আশায় আগেভাগে তাদের তোষামোদ করা শুরু করে দিয়েছে। আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। নুর বলেন, বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে। পেশিশক্তি ও কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের ভূমিকা থাকতে হবে।
বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে ‘যুদ্ধ’ করতে প্রস্তুত। কক্সবাজারে শরণার্থী শিবিরে একজন রোহিঙ্গা যুবক বলেন, ‘আমরা এদিকে থাকবো না। আমরা মিয়ানমারে চলে যাবো। আমরা যুদ্ধ করবো। আরাকান আর্মির সাথে। আমরা স্বাধীনতা চাই।’ আরেক রোহিঙ্গা যুবক বলেন, জিহাদের জন্য সবাই একতালে আরসা, আরএসও- দুই দলই মিলে ভালো কাজ করছে।’ দেখা গেছে, রোহিঙ্গারা স্বীকার করেছেন যে, ক্যাম্পে অন্তত চারটি সংগঠন ‘সশস্ত্র বিদ্রোহ’, ‘জিহাদ’ বা ‘যুদ্ধের’ জন্য উদ্বুদ্ধ করছে। গোষ্ঠীগুলো হলো আরাকান আরসা, আরএসও, ইসলামিক মাহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি। এদিকে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি আইসিজিকে উদ্বিগ্ন করেছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ক্ষমতা পরিবর্তনের মাধ্যম হচ্ছে নির্বাচন। কিন্তু ক্ষমতাসীনরা সবসময় নির্বাচন ছাড়া জোর করে তাদের ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছে। মুক্তিযুদ্ধও এজন্য হয়েছিল। মঞ্জু বলেন, ৯১ এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, যা সংবিধানে নতুন করে অন্তর্ভুক্ত করতে হয়েছে। নব্বইয়ে তিন জোটের রূপরেখা ঘোষণা করে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করা হয়েছিল। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলসহ সকল কিছু ধ্বংস করে দিয়ে গেছে। আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে হাসিনার পতন হয়েছে। শুধু একটা নির্বাচন করে ক্ষমতায় নতুন সরকার বসলেই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূর্ণ হবে না। বরং একাত্তর, নব্বই ও চব্বিশের অঙ্গীকার বাস্তবায়নে সকলে ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে নতুন মাত্রায় উপনীত করতে হবে। উল্লেখ্য, এই সময় দলটি ৩৬ দিন ব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি কর্মসূচি ঘোষণা করে।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সারা দেশের ১০০টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ের ক্রিকেটকে আরও বিস্তৃত ও সহজপ্রাপ্য করে তুলবে। ক্রিকেটপ্রেমী এই দেশে খেলাটির সার্বিক উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ। উপদেষ্টার ফেসবুক পোস্টে বলা হয়েছে, টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছরের আয়োজনে দেশের ৪টি অঞ্চলে মিনি বিসিবি স্থাপনের ঘোষণা দেন বিসিবি সভাপতি। এ উদ্যোগের আওতায় ক্রিকেট পৌঁছে যাবে তৃণমূলে, পাইপলাইন হাতড়ে বেড়ানো থেকেও রেহাই মিলবে বাংলাদেশ ক্রিকেটের।’
সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে। ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের। বিষণ্ন বিশ্ব নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন। বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে। ৫ আগস্টের পর প্রথম এ দিবস পালন করতে পারলো বাংলাদেশ। আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। যে কোনো শিক্ষা সিস্টেম তৈরি করতে হবে স্বপ্ন দেখার মাধ্যমে। স্বপ্ন দেখা শেখানোই প্রথম কাজ হবে শিক্ষা সিস্টেমের। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।