রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দিলো তিন প্রভাবশালী দেশ — যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে, যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, জি-সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৫০।
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন গাজায় চলমান গণহত্যা থামানোর জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দ্য গার্ডিয়ান-এ লেখা নিবন্ধে তিনি বলেছেন, ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ানো এবং যেকোনো সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করা গুরুত্বপূর্ণ। আরডার্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং আহত, অপুষ্টিতে ভোগা মানুষ, গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর জোর দেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে তিনি বিশ্ব নেতাদের গাজাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং মানুষকে কেবল সংখ্যা হিসেবে দেখার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।
অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য ইউনিসেফের মাধ্যমে গাভি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা ক্রয় করার অনুমোদন দিয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ২০২৫-২৬ অর্থবছরের তিন মাসের টিকাদান নিশ্চিত করবে। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ক্রয় করা হতে পারে, যা জাতীয় টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করবে।
পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে সতর্ক করেছেন যে তারা শত্রু হিসেবে থাকতে চায় নাকি ভালো প্রতিবেশী হিসেবে এগোতে চায়, কারণ উভয় দেশের একসাথে বসবাস করা অপরিহার্য। লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে বক্তব্যে তিনি অতীত যুদ্ধের ব্যয় তুলে ধরেছেন এবং শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। কাশ্মীর ইস্যু সমাধান, গাজা সংকটের নিন্দা এবং সমান শর্তে আলোচনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন। সাম্প্রতিক দেশীয় সাফল্য, অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক অবস্থানের শক্তিশালীকরণও আলোচনা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে বাগরাম বিমানঘাঁটি ফেরত দেওয়ার আল্টিমেটাম দিয়ে বলেছেন, তা না হলে দেশটি “ভয়ংকর পরিণতি” ভোগ করবে। ট্রুথ সোশ্যাল ও হোয়াইট হাউসে তিনি জানান, বিমানঘাঁটি অবিলম্বে ফেরত চাই। যুক্তরাজ্য সফরে তিনি আরও জানান, ঘাঁটি ফেরত আনার প্রচেষ্টা চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটি হারানো নিয়ে ট্রাম্প বহুবার হতাশা প্রকাশ করেছেন এবং আফগানিস্তানে চীনের বাড়তি প্রভাবের অভিযোগ তুলেছেন।
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ব্রাজিল। গাজা ও পশ্চিম তীরে ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। আইসিজে-র ৬৩ নম্বর অনুচ্ছেদে নির্ধারিত অধিকার ব্যবহার করে ব্রাজিল জানায়, ইসরাইলের আগ্রাসনের বিচারহীনতা আন্তর্জাতিক আইনকে হুমকির মুখে ফেলছে। ব্রাজিল এখন স্পেন, আয়ারল্যান্ড, মেক্সিকো, তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গে মামলাটিতে দক্ষিণ আফ্রিকার পক্ষে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় এ যুদ্ধে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফে লবণ মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে, যেখানে আগে ধান চাষ হতো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ৩০০ হেক্টর লবণ মাঠে ব্রি ধান-৭৫ ও বিনা ধান-১৭ চাষ করে সফলতা পেয়েছেন কৃষকেরা। একই জমিতে লবণ ও ধান চাষে আয় ও উৎপাদন বেড়েছে। কর্তৃপক্ষ অন্যান্য পরিত্যক্ত লবণ মাঠেও এ উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে, যা স্থানীয় কৃষক ও দেশের খাদ্য সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলবে।
রাবি'তে পোষ্য কোটা ইস্যুতে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে লাঞ্ছিতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পোষ্য কোটা ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা সিন্ডিকেট সভায় স্থগিত করা হয়েছে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত এ বিষয়ে জানানো হবে। একই সঙ্গে রাকসু নির্বাচন যথাযথ সময়ে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে, সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পোষ্য কোটা বহালের দাবিতে অনড় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। আগামীকাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউনসহ কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এর আগে, শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে প্রতিজনের জন্য পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে- এমন একটি সংবাদ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা সেটি উৎসাহিত করি। এক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে।’ আরও বলেন, ‘তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই। রাজধানীতে ডিএমপির ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেগুলো আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বারিধার এবং নিকেতন সোসাইটি অংশে এলওসিসি নিজস্ব উদ্যোগে প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেগুলো সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা প্রদানের জন্য কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অনেকাংশে ভূমিকা রাখবে।’
আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএসহ ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেয়ার স্বার্থে বাংলাদেশের এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন। ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি উত্তরণের পাশাপাশি শ্রমিক আইন নিয়ে আলোচনা হয়। এ সময়, এলডিসি উত্তরণে বাংলাদেশ প্রস্তুত কি না, তা খতিয়ে দেখতে জাতিসংঘে চিঠি দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এলডিসি থেকে উত্তরণ পুরোপুরি স্থগিত না চাইলেও, অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতির জন্য তিন বছর সময় চান। উল্লেখ্য, গত আট বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ—এমন সিদ্ধান্ত জাতিসংঘের। এজন্য সরকারকে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সময়সীমাও বেঁধে দিয়েছে জাতিসংঘ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে জামায়াত নেতা আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। জাবি প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমির হামজা তার বক্তব্যে দাবি করেছেন, তিনি জাবি'তে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। প্রকৃত পক্ষে তার কোনো বক্তব্যই সত্য নয়। প্রশাসন জানায়, ২০১১ সালে ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ’ চালু হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এই বিভাগে প্রথম শিক্ষার্থী ভর্তি করানো হয়। সুতরাং তিনি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছেন, তা সত্য নয়। আবাসিক হলগুলোতে সকালে ‘মদ’ দিয়ে কুলি করার প্রত্যক্ষ করার বর্ণনাটিও তার মনগড়া, যা অসত্য। ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর তার বক্তব্যটি সত্যের অপলাপ মাত্র। মনগড়া ও উদ্দেশ্যমূলক বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, অপ্রত্যাশিত ও দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন জনাব আমির হামজাকে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য প্রদানে সতর্ক ও বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানাচ্ছে।
মিন্টো রোডে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে আসা এনায়েত করিম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। বিগত সরকারের আমলে যারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন, সেসব হেভিওয়েটদের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আশ্বাস দিয়েও টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি এটেছিলেন এনায়েত। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তিনি তাদের জো বাইডেন ও হিলারি ক্লিনটনের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ তালিকায় আছেন পলাতক বেনজীর আহমেদসহ অনেকেই। এনায়েত প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দেশ থেকে নানাভাবে হাতিয়ে নেওয়া শত শত কোটি টাকা তিনি হুন্ডির মাধ্যমে পাচার করে এমন অসংখ্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, এনায়েত মূলত ঠান্ডামাথার একজন প্রতারক। তার টার্গেট ছিল দুর্নীতিবাজ ও বিপদগ্রস্ত সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি। সিআইএ-এর এজেন্ট পরিচয়ে তাদের লোভনীয় প্রস্তাব দিতেন। প্রতিশ্রুতি দিতেন খুব সহজেই তাদের সমস্যার সমাধান দেবেন বা প্রতিপক্ষকে ঘায়েল করবেন।
বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, হাসপাতালে বসে টেলিভিশনে সেই দৃশ্য দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় তার জন্য কিছু দল কোন্দল শুরু করেছে। এই সরকার যদি নির্বাচনের ব্যালট পেপার জনগণকে দিতে চায়, সেই পথে যদি কোনো রাজনৈতিক দল বাধা দেয় তাহলে সেই রাজনৈতিক দলকে জনগণের সামনে উন্মোচিত করে ছাড়ব। এই অপকর্মে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র মসজিদকে যদি কেউ ব্যবহার করে, আমাদের বিশ্বাস ধর্মপ্রাণ মানুষ সেটাও বুঝতে পারবে।’
বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না। বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান। তিনি বলেন, দেশের ধনিক শ্রেণি দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এই দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলেফেঁপে উঠছে। মঈন বলেন, জিয়া একজন সৎ ও আদর্শবান নেতা ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি বা অসততার অভিযোগ আওয়ামী লীগও কোনোদিন আনতে পারেনি। তার সততা ছিল প্রশ্নাতীত। বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে একটি দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত। জেরা শেষে রোববার নাহিদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। আমরাও ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে রাজনৈতিক ক্ষমতা নিরঙ্কুশ ও ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনগণ তাকে উৎখাত করেছে। ফলে এটা আওয়ামী লীগের সংঘটিত অপরাধ। এদিকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের জেরা আজ শেষ হয়। শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা চলছে। এর মধ্যে একটি মামলায় তার শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে এবং অন্যটি শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনার।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।