Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের সাথে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে। ডিসি-এসপি বানানো হচ্ছে বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতদের। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। নাশকতা ও অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হতে পারে। রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার করা হচ্ছে। যেসময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাবো ঠিক সেসময় সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে বসলো। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি। একজন পালিয়ে গেছে, আর এখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন তকমা লাগিয়ে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এসময় দলীয় নেতা-কর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি।

Card image

পরাজিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনে অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে লিখিত আবেদন দেয়া হলেও কালক্ষেপণের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে নানারকম জালিয়াতি ঘটেছে। আবিদুল বলেন, নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক নম্বর ছিল না। ব্যবহৃত ছাপানো ব্যালট পেপার ও অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। আরো বলেন, আচরণবিধি সম্পর্কে কোনো ধারণা না থাকায় পোলিং অফিসাররা সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে নির্বাচনকে প্রভাবিত করেছে। পোলিং অফিসারদের দ্বারা বারবার মবের শিকার হয়েছে ছাত্রদলের প্রার্থীরা। বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইডের সহায়তায় একাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছে। একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। এই নেতা বলেন, পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ছাত্রদল নতুন সংস্কৃতিতে এসেছে। নির্বাচনের দিন থেকে পরবর্তী সময় পর্যন্ত অসামঞ্জস্যতা থাকলেও ছাত্রদল প্যানেল কোনও মিছিল-মিটিং কর্মসূচি করেনি। নির্বাচনে স্বচ্ছ্বতা ও জবাবদিহিতায় ফিরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ তদন্ত করবে বলে আশা করি।

Card image

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইউরোপের দেশ পর্তুগাল। নিউইয়র্ক থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। এর আগে, এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে, যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। এর আগে, জি সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৫১। অপরদিকে, আজ ফ্রান্সের তরফ থেকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Card image

১৯৬৭ সালের পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। সিরিয়া টিভি জানিয়েছে, আল-শারার সঙ্গে চারজন মন্ত্রী রয়েছেন। এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে-যার মধ্যে ওয়াশিংটনে দূতাবাস পুনরায় চালু করাও অন্তর্ভুক্ত। ২৪ সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নেতার মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। রয়টার্স বলছে, আল কায়েদার সাবেক নেতা শারার মাথার দাম এক সময় ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত মে মাসে রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আল-শারার বৈঠককে বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়। একইসঙ্গে ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া গঠনে দামেস্কের প্রতি সমর্থন জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

Card image

গতকাল রাত থেকে ঢাকায় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। একটানা মুষলধারে বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৭টা পর্যন্ত একটানা বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত। তুমুল বৃষ্টিতে রাজধানীর মিরপুর, গ্রিনরোড, মোহাম্মদপুর, বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। পানি ঢুকে পড়ায় অনেক স্থানে যানবাহন বিকল হয়ে যেতে দেখা গেছে। রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে। সারাদিন থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Card image

কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র‍্যাব। এ সময় অপহরণের শিকার ও সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে চক্রটি। এ নিয়ে লে. কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে । এসব বন্ধে সবসময় সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় রাজারছড়া গহীন পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে যৌথবাহিনী। অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়।

Card image

কানাডা-অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-পর্তুগাল- প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলছেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। উল্লেখ্য, ৭৫ বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ। ইসরায়েলি আগ্রাসন আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখানকার দৈনন্দিন বাস্তবতা। এবার জাতিসংঘ সাধারণ পরিষদেও গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন নিয়ে বিতর্ক হবে সদস‍্য দেশগুলোর মধ্যে।

Card image

দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে লাশ আটকে রেখে আদায় করা হয়েছে সুদের টাকা। বিষয়টি অসংখ্য মানুষকে স্তম্ভিত করেছে। চারদিকে উঠেছে নিন্দার ঝড়। গ্রামের নতুনপাড়ার নিয়ামত আলীর ছেলে রাজমিস্ত্রি হারুন মারা গেলে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর ক্ষোভের আঁচ পেয়ে সুদ কারবারি মর্জিনা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, লাশ গোসলের সময় প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি তোলেন হারুনের কাছে তিনি সুদের ১৫ হাজার টাকা পাবেন। ওই টাকা পরিশোধ না করলে লাশ দাফন করতে দেওয়া হবে না। শোকাহত পরিবার লাশ পাশে রেখে টাকার জন্য বিতর্কে জড়িয়ে পড়ে। আশেপাশের মানুষ স্তম্ভিত হয়ে পড়ে এমন ঘটনায়। অবশেষে প্রায় এক ঘণ্টা পর পরিবার বাধ্য হয়ে টাকা মিটিয়ে দেয়। টাকা হাতে পেয়ে মর্জিনা স্থানীয়দের ক্ষোভ ও জনরোষের মুখে পালিয়ে যায়। মারা যাওয়া হারুনের চাচাতো ভাই মানিক বলেন, আমার ভাই গত দেড় মাস আগে মর্জিনা খাতুনের কাছ থেকে ৮ হাজার টাকা ধার নেন। মর্জিনা দাবি করেন ২২ হাজার টাকা সুদের টাকা পাবেন। দাফন শেষে এ বিষয়টি মিটমাট করা হবে জানালে মর্জিনা দাবি করেন টাকা না পেলে লাশ দাফন করতে দেবে না। পরে মিটমাট করে ১৫ হাজার শোধ করা হয়।

Card image

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন কোনদিনই প্রতিষ্ঠা পাবে না। ৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না। তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেয়া হবে।’ মূলত, ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন এ বর্বর নেতা। এর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

Card image

শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। বিগত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সাথেও বসে সমস্যার সমাধান হয়নি। তাই ধর্মঘট পালন করছেন তারা। তবে একতা পরিবহনের বাস চলাচল করছে। এর আগে, একই দাবিতে একদিনের জন্য বন্ধ ছিলো রাজশাহী-ঢাকা রুটের বাস। তাতেও দাবি আদায় না হওয়ায় শুক্রবার বাস শ্রমিকরা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

Card image

রোববার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। এদিকে এবারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে গেলেন দেশের অন্যতম ৬ জন রাজনৈতিক নেতা। এর একজন ডা. তাসনিম জারা লেখেন- ‘মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে সদস্য সচিব আখতার হোসেন ও আমি সফরে অংশ নিচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের চলমান প্রচেষ্টা ও সবার অংশগ্রহণের ইতিবাচক উদাহরণ বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করব। সকলের কাছে দোয়া প্রার্থী’।

Card image

শিক্ষা সচিব রেহানা পারভীনের আশ্বাসে অনশন কর্মসূচি ভঙ্গ করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফল প্রত্যাশী প্রার্থীরা। এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশী প্রার্থীদের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সচিবের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা অনশন ভঙ্গ করেন। গত ১৭ সেপ্টেম্বর থেকে ফলাফলে বৈষম্যের প্রতিবাদ ও সনদ প্রদানের দাবিতে আমরণ অনশন শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। আন্দোলনকারীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৩ হাজার ৮৬৫ জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ২০৯ জন, কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হন মাত্র ৬০ হাজার ৬৩৪ জন। অর্থাৎ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রায় ২০ হাজার ৫৭৫ জন যোগ্য প্রার্থী মৌখিক পরীক্ষায় বাদ পড়েছেন। তাদের অভিযোগ, এই বাদ দেওয়া হয়েছে বৈষম্যের মাধ্যমে, যা একদিকে মেধার অবমূল্যায়ন এবং অন্যদিকে দেশের শিক্ষক সংকটকে আরও তীব্র করছে। তাদের দাবি, এনটিআরসিএ-এর বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জনকারীদের উত্তীর্ণ বিবেচনা করার কথা।

Card image

এবি পার্টি বলছে, দীর্ঘ আলোচনা ও যুক্তি-তর্কের পর সকলের ঐকমত্যে জুলাই সনদ চূড়ান্ত হলেও কয়েকটি রাজনৈতিক দলের অনমনীয় জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হুমকির মুখে পড়তে পারে। পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য। কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব ও কাদা ছোড়াছুড়িতে সেই ঐক্য ও রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—যা জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্যের বিপরীত। এ অবস্থায় প্রধান উপদেষ্টার পদক্ষেপ এখনো অস্পষ্ট। মঞ্জু সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো পদক্ষেপই যেন ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহত না করে।

Card image

মনির খান বলেন, আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে সেসকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। বিএনপির সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব। মনোনয়নের জন্য সকলের প্রচেষ্টা থাকবে, কিন্তু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

Card image

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও বিসিবির কাউন্সিলর পদ পাওয়া ইশরাক হোসেন। ইশরাক বলেন, বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। মূলত, তামিম ও ইশরাকরা অভিযোগ করেছেন, সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, ক্রীড়া উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চান। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তফসিল অনুসারে, ১ অক্টোবর বিকাল ৪টায় পোস্টাল ও ই-ব্যালট বিসিবি ওয়েবসাইটে আপলোড করা হবে। ৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে তা ডাকযোগে অথবা ই-মেইলে পাঠাতে হবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।