Web Analytics

রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবির টহলদলে হামলা চালিয়ে তাদের হেফাজত থেকে দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিয়েছে দেড় শতাধিক মানুষের একটি সংঘবদ্ধ দল। কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজনকে অধিকতর তদন্তের জন্য রাজস্থলী থানায় নেওয়া হচ্ছিল।

এর আগে রোববার বিকেল ৪টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহল দল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় মালামালসহ দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নারীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে টহল দলের ওপর হামলা চালায় এবং আটক দুজনকে নিয়ে যায়।

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।