Web Analytics

কূটনৈতিক টানাপোড়েন ও সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেও আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এক আরব কর্মকর্তার বরাতে জানা গেছে যে মিসর, কাতার, তুরস্ক ও ওমানের ধারাবাহিক মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই বৈঠকের পথ তৈরি হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সৌদি আরব, মিসর, তুরস্কসহ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

আলোচনার মূল বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি, যা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই দশকেরও বেশি সময় ধরে উত্তেজনা চলছে। গত বছরের জুনে এই ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত হয়েছিল, যা ১২ দিন স্থায়ী ছিল। এর পরেও সম্পর্কের তিক্ততা কাটেনি। জানুয়ারির মাঝামাঝি প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে বড় নৌবহর মোতায়েনের নির্দেশ দেন, যা নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়ায়।

তবে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যায়সঙ্গত প্রস্তাব দিলে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!