তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনে সরকার কাজ করছে। রোববার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’ শীর্ষক আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রেগুলেশন মানে নিয়ন্ত্রণ নয়, বরং একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা। তিনি জানান, গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করা হবে। পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি নির্ধারণে অনিয়মের সমালোচনা করে তিনি সঠিক তথ্যনির্ভর স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমকে শত্রু নয়, বরং দেশ গঠনের সহায়ক শক্তি হিসেবে দেখে এবং সাংবাদিকদের আইনি ও পেশাগত সহায়তা প্রদান করবে।
আলোচনায় গণমাধ্যম নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও প্রেস কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেন। দিবসটি উপলক্ষে সকালে র্যালি অনুষ্ঠিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।