গত মাসের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ বছর বয়সি ইরানি যুবক এরফান সোলতানিকে শনিবার জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে তার আইনজীবী ও মানবাধিকার সংস্থাগুলো নিশ্চিত করেছে। ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে ফারদিস শহরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যখন দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকার কঠোর দমন-পীড়ন শুরু করে। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ে জানায়, গ্রেপ্তারের পর কর্তৃপক্ষ তার পরিবারকে জানিয়েছিল যে কয়েক দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে, তবে ইরানের বিচার বিভাগ পরে জানায় যে তার বিরুদ্ধে কেবল নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ রয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।
তার আইনজীবী আমির মুসাখানি জানান, ২ বিলিয়ন তোমান (প্রায় ১২,৬০০ ডলার) জামানতে সোলতানি মুক্তি পেয়েছেন এবং তার ব্যক্তিগত জিনিসপত্র, যেমন মোবাইল ফোন, কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুদণ্ডের খবর বিশ্বজুড়ে প্রচারিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন যে, মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করেন, কোনো আক্রমণ আঞ্চলিক সংঘাত ডেকে আনতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘বানোয়াট’ বলে দাবি করেন এবং জানান, মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, সাম্প্রতিক অস্থিরতায় হাজারো মানুষ নিহত হয়েছে এবং তদন্ত চলছে।
মৃত্যুদণ্ড বাতিলের পর জামিনে মুক্ত ইরানি বিক্ষোভকারী এরফান সোলতানি