গাজায় যুদ্ধবিরতির তিন মাসেরও বেশি সময় পরও ইসরাইলি বাহিনী হামলা ও ত্রাণে বাধা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ইসরাইলি হামলা ও অবরোধের কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার নারী ও মেয়েশিশু, যার মধ্যে ১৫ হাজার গর্ভবতী নারীও রয়েছেন, প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জাতিসংঘের পপুলেশন ফান্ডের তথ্য অনুযায়ী, হাসপাতাল ও ক্লিনিক ধ্বংস, বাস্তুচ্যুতি ও বন্যার কারণে চিকিৎসা ও মানসিক সহায়তার সুযোগ মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।
দক্ষিণ গাজার খান ইউনুসে তীব্র ঠান্ডায় ছয় মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে, চলতি শীতে এ নিয়ে ১১ জনের মৃত্যু হলো। যুদ্ধবিরতির পরও গাজা শহর, রাফাহ ও খান ইউনুসে ইসরাইলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন মাসে গাজায় ৪৭৭ জন নিহত ও ১,৩০১ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ইসরাইলি আগ্রাসনে ৭১ হাজার ৫৬২ জন নিহত ও এক লাখ ৭১ হাজার ৩৭৯ জন আহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি অভিযান চলছে, যেখানে নাবলুস ও বেথলেহেম থেকে কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজায় ইসরাইলি হামলার মধ্যে ২ লাখ ৩০ হাজার নারী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত