বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ী ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মঙ্গলবার সকালে শিল্পকারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল ৯টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধের পর শ্রমিকদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মহানগরীর জরুন ও কোনাবাড়ী এলাকায়ও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা মিছিল করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করেন।
উদ্ভূত পরিস্থিতিতে কোনাবাড়ী এলাকায় ১২টি এবং বাঘের বাজার এলাকায় ১১টিসহ মোট ২৩টি কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আরও ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গাজীপুরের অন্য কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন চলেছে এবং শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালে বন্ধ ৩২ কারখানা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।