বিদেশে প্রতারণা ও শোষণের শিকার হয়ে দেশে ফেরা বাংলাদেশি অভিবাসী কর্মীরা সালিশের মাধ্যমে অভিবাসন ব্যয়ের ১৫ শতাংশেরও কম ফেরত পান বলে জানিয়েছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম, ওকাপ। বুধবার রাজধানীর একটি হোটেলে ‘জাস্টিস বাই প্রসিডিউর? হোয়াই মাইগ্র্যান্ট ওয়ার্কার্স নিড বাইন্ডিং জাস্টিস, নট মিডিয়েশন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
গবেষণায় ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিএমইটির সালিশি ব্যবস্থায় দায়ের হওয়া ৮৫টি অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। পুরুষ কর্মীদের গড় অভিবাসন ব্যয় ছিল ৪ লাখ ৫৮ হাজার টাকা এবং নারী কর্মীদের ৩১ হাজার ৯০০ টাকা; ক্ষতিপূরণ যথাক্রমে ব্যয়ের ১৫ ও ১২ শতাংশ পূরণ করেছে। ৫২টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায়, ২৮টি নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম বন্ধ হয়েছে। কোনো অভিযোগেই আলাদাভাবে নথিভুক্ত তদন্তের প্রমাণ মেলেনি।
ওকাপ বলেছে, এই ব্যবস্থা বাধ্যতামূলক প্রতিকারের বদলে শুনানি ও সমঝোতানির্ভর হওয়ায় আর্থিকভাবে দুর্বল কর্মীরা কম ক্ষতিপূরণ মেনে নিতে বাধ্য হন। সংস্থাটি তদন্ত জোরদার, অভিযোগ পরিচালনায় নিরপেক্ষতা এবং কাঠামোগত ক্ষতিপূরণ নীতিমালার সুপারিশ করেছে। প্রতিবেদনে চুক্তি, কাজ ও মজুরি নিয়ে ব্যাপক প্রতারণার পাশাপাশি নারী গৃহকর্মীদের মজুরি শোষণ, মানসিক ও শারীরিক নির্যাতন এবং আটকে রাখার অভিযোগও উঠে এসেছে।
গবেষণা বলছে, প্রতারিত অভিবাসীরা অভিবাসন ব্যয়ের ১৫ শতাংশেরও কম ফেরত পান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।