রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়াকে ‘সেইফ এক্সিটের’ প্রচেষ্টা বলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সাদিক কায়েম বলেন, অতীতে জনগণ বারবার বিএনপির তথাকথিত বহিষ্কার নাটক দেখেছে। গুরুতর অপরাধ ধামাচাপা দিতে এ ধরনের রাজনৈতিক কৌশল আর গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন। সরকারের আন্তরিকতার প্রমাণ দিতে আইনি পদক্ষেপ নিতে হবে; অন্যথায় জনরোষের মুখে ঘটনাটিকে রাজনৈতিক স্যাক্রিফাইস ও পিআর স্টান্ট হিসেবে দেখবে জনগণ, বলেন তিনি।
হামলার ঘটনা প্রকাশের পর থেকে বিএনপি সরকারের মন্ত্রী ও এমপিরা অসংলগ্ন ও স্ববিরোধী বক্তব্য দিয়ে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ডাকসু ভিপি। তিনি ক্ষতিগ্রস্ত রাড্ডা ক্লিনিক দ্রুত পুনর্নির্মাণ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা পুনরায় চালুর দাবি জানান। পাশাপাশি সারা দেশে সরকারি দলের নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দখলদারি ও চাঁদাবাজির রাজনীতির লাগাম টানার আহ্বান জানান।
রাড্ডা ক্লিনিক হামলায় আইনি ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা পুনরায় চালুর দাবি সাদিক কায়েমের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।