খেলাফত মজলিস জাতীয় নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রকাশে কোনো অনিয়ম হলে জনগণ তা বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। ভোটগ্রহণ শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ ও সদস্য সচিব অধ্যাপক মো. আবদুল জলিল এই সতর্কবার্তা দেন। তারা বলেন, ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থীদের এজেন্ট ও সমর্থকদের হয়রানি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে জাল ভোটের অভিযোগ থাকলেও প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্বিকভাবে ভোটগ্রহণ সন্তোষজনক হয়েছে।
বিবৃতিতে অনিয়মের কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে সমর্থকদের ওপর হামলা, প্রধান নির্বাচনি এজেন্টকে হেনস্তা এবং মদনগঞ্জে হামলার ঘটনা উল্লেখ করা হয়। সিলেট-২ আসনে দরজা বন্ধ করে সিলমারা ও জাল ভোটের অভিযোগ আসে। হবিগঞ্জ-২ আসনে এক এজেন্টকে আহত করা হয়, সেনাবাহিনী দুইজনকে আটক করে এবং সাতজন জাল ভোটার ধরা পড়ে। হবিগঞ্জ-৪ আসনে কয়েকটি কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া ও এক নারীকে হেনস্তার অভিযোগ পাওয়া যায়।
দলটি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশে অনিয়ম রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়।
ভোট গণনা ও ফলাফল প্রকাশে অনিয়ম বরদাশত করবে না জনগণ, হুঁশিয়ারি খেলাফত মজলিসের