ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা একটি নির্ভুল ড্রোন অভিযানের মাধ্যমে কুয়েতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ সংস্থায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও লঞ্চ পড, যা ইরানের দিকে হামলার জন্য প্রস্তুত ছিল, সেগুলো ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, এ হামলায় তিনজন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
আইআরজিসি জানায়, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক অভিযানের সময় ইরানের দক্ষিণ উপকূলে হামলায় যুক্তরাষ্ট্র স্বল্প-পাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে কুয়েত জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলের তিনটি সীমান্ত চৌকি ও কুয়েত অয়েল কোম্পানির একটি অফশোর ড্রিলিং প্ল্যাটফর্মে হামলা হয়েছে, যাতে অবকাঠামোর ক্ষতি ও একজন কর্মী আহত হন। তবে কুয়েত এসব হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করেনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।