টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার বাড়ি তল্লাশি করে ১২ হাজার ২৭৪টি ইয়াবা উদ্ধার করা হয়। আজ শনিবার ভোরে অভিযান চালানোর মাধ্যমে আটক হয়েছেন তিনি। কোস্টগার্ড দপ্তর মিডিয়া বলেছে, চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবার রয়েছে এমন তথ্য পেয়ে তার বাসায় অভিযান চালানো হয়। টের পেয়ে ঘরের পিছনের দরজা দিয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থার জন্য আসামীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে!
আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। গতকাল রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতদের দাবি তাদেরকে ডাকাত সম্বোধন করে মোজাম্মেল হকের বাড়িতে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্কের প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই মাস্ককে হোয়াইট হাউসের রেজুলট ডেস্কের পিছনে বসিয়ে প্রচ্ছদ ছাপিয়েছে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়েছে, ডিপার্টমেন্টে অব গভর্ণমেন্ট ইফিসিয়েন্সি এর প্রধান হিসেবে মাস্ককে যে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে, তা এখন আদালতে মামলার কারণে কিছুটা ব্যহত আছে। তার নীতি বাস্তবায়নে লাখ লাখ মানুষ কর্মচ্যুত হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন তহবিলের জোগানদাতা মাস্ক শুধু ট্রাম্পের কাছেই জবাবদিহিতা করছেন। মাস্ককে প্রশাসন সংস্কারের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে ট্রাম্প চটে যেতে পারেন। এর ১৭ সালেও স্টিভ ব্যাননকে প্রধান ম্যানিপুলেটর দেখিয়ে প্রচ্ছদ করেছিল ম্যাগাজিনটি। যাকে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন থেকে সরিয়ে দিয়েছিলেন।
সর্বশেষ ৩২ বছর আগে দিল্লির বিধানসভা জয়ের মুখ দেখেছিল বিজেপি। আজ শনিবার দুপুর ১টায় এনডিটিভির ভোট গণনা সম্প্রচার থেকে দেখা যায়, দিল্লির মসনদে বসার পাল্লা ভারী এবার বিজেপির। ৭০ আসনের মধ্যে ৪৮টিতেই দলটি এগিয়ে আছে। আম আদমী এগিয়ে আছে ২২ আসনে। অপরদিকে কংগ্রেস পায়নি একটিও আসন। শনিবার ভোট গণনা শুরু হওয়ার কালে অরবিন্দ কেজরিওয়ালের গতি ছিল তুঙ্গে। কিছুক্ষণ পরই মোদী টপকে এগিয়ে যায় দ্রুত। কেজরিওয়াল ১৩ সালে ২৮টি আসন জিতে প্রথমবার দিল্লিতে ক্ষমতায় বসেন। ১৫ সালে পান রেকর্ড ৬৭টি আসন। ২০ সালের নির্বাচনে ৬২টি আসন জিতে বিজয়ী হয়েছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা অতিশী তাদের দলের বিজয়ে এখনো আশাবাদী। তবে কেজরিওয়াল ও অতিশী নিজ আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে পিছিয়ে আছেন।
সুপ্রিম কোর্টের সামনে ম্যুরাল ভাঙা হতে পারে খবরে ওই এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল দশটা থেকে ঘিরে রাখা হয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে ৫ ফেব্রুয়ারি হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। বত্রিশ নম্বর বাড়িসহ সারাদেশে লাগাতার আওয়ামী স্থাপনায় ভাঙচুর করা হয়। আন্দোলনকারীরা বলেছে, এই মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। আওয়ামী লীগের কিবলা অবশিষ্ট রাখব না। বত্রিশ নম্বর বাড়ির ক্রেন দিয়ে ভাঙা হলে ঐ সময় জনতা উচ্ছাসে ফেটে পড়েন। এর আগে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ছাত্র জনতা লঙ মার্চ টু ধানমণ্ডি-৩২ নামের কর্মসূচি ঘোষণা করে।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে দেখা করবে বিএনপি। আগামীকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির একটি দল নির্বাচন কমিশনে গিয়ে সিইসির সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করবে। অপরদিকে ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে দদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে দলটির দেখা করার কথা রয়েছে। শুক্রবার বিএনপির জরুরি বৈঠকে এইসব সিদ্ধান্ত হয়েছে। জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। আগামী রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমেরিকা থেকে দেশে ফিরবেন, এরপর বিএনপির একটি দল উপদেষ্টার সঙ্গে দেখা করবে।
জাতীয় নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেও অন্তবর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা রয়েছে, একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে, ৮ ফেব্রুয়ারি সকালে এক নাগরিক সভায় এই মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি আরো বলেন, জনগণ আশা করেছিল পটপরিবর্তনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। কিন্তু দুঃখজনক, সেই উদ্যোগ দেখা যাচ্ছে না। একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপও পাওয়া যায়নি। ফ্যাসিবাদী শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতো। তিনি প্রশ্ন করেন, অন্তবর্তী সরকারের সময়েও কারা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পায়? এই সময়ে এই বিএনপি নেতা দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রতি।
শুক্রবার রাত ১১টার দিকে পটুয়াখালীতে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের প্রতিবাদ করাতে কিশোরীর মা ও ফুপুকে মারধর করা হয়েছে। মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধর্ষককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃতরা হলেন সেলিম হাওলাদার ও হাসান হাওলাদার। এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন হাওলাদার এখনও পলাতক। শুক্রবার রাতেই পুলিশ কিশোরীকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কিশোরীর মা দুপুরে মেয়েকে রেখে পাশের বাড়িতে গেলে হোসেন হাওলাদার মেয়েটিকে ডেকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে মা ছুটে আসলে পালিয়ে যায় আসামি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব বাদ দিয়ে "বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়" (বিএমইউ) নামে ব্যানার টাঙানো হয়েছে। টানিয়েছে বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা -কর্মচারীরা! তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কিছু জানাতে পারেনি। ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, নতুন নামের ব্যানার আজ সকালে এসে দেখতে পেলাম। এটা সহ আরো কিছু নাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তাবনায় আছে। আগামী ২-৩ দিনের মধ্যে আসবে দাপ্তরিক সিদ্ধান্ত। এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১২ টার দিকে খুলে ফেলা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্বলিত সাইনবোর্ড!
ফরিদপুরে বোলমারী উপজেলার চৌরাস্তায় শেখ মুজিবের ছবি এবং নৌকা সম্বলিত স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৮ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে একদল পুলিশ গিয়ে ভাঙচুরে বাঁধা দিলে উত্তেজনা বাড়ে। পুলিশকে লক্ষ্য করে 'দালাল, দালাল, আওয়ামী লীগের দালাল ' স্লোগান দিতে শুরু করে শিক্ষার্থীরা। এরপরই পুলিশ পিছু হটে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ওসি গোলাম রসুল কোনো মন্তব্য করতে রাজি হননি।
ছাত্রদলের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসাইন মিথুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলার ঘটনায় অভিযুক্ত আরো ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন বিলাল ও আল ওয়াসি। পুলিশ জানিয়েছে, গত ১০ জানুয়ারি এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কম্পিউটার সোসাইটির সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এই ঘটনায় মিথুনের সংশ্লিষ্টতা পেয়ে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে থানার সামনে পুলিশের উপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে পাঁচজন পুলিশ আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়। মিথুনসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়!
ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অপরাধ আদালতকে দেওয়া নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, হুমকিতে পড়বে আইসিসির স্বাধীনতা। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দ্য হেগের আদালত ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞার প্রভাব পড়বে ইউক্রেনে চলমান তদন্ত ও অনান্য কার্যক্রমে। ইইউ এই নির্বাহী আদেশের প্রভাব পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে বলে জানিয়েছে মুখপাত্র। যুক্তরাষ্ট্রের দাবি আইসিসি অবৈধ ও ভিত্তিহীন কার্যক্রমে লিপ্ত হয়েছে। আফগানিস্তানে মার্কিনি ও গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের বিষয়ে দেশ দুটিকে লক্ষ্যবস্তু করেছে। যদিও দেশ দুটি আইসিসির সদস্য নয়। তদন্ত কার্যক্রমে সহায়তা করছে এমন ব্যক্তিদেরকেও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।
শুক্রবার রাত ৯টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রক্টর ড. আমজাদ হোসেনসহ অন্তত ৮ জন আহত হয়েছে। শোনা গেছে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়ার প্রস্তুতি চলেছে। শিক্ষার্থীদের একটি অংশ কমিটি না চাওয়াকে কেন্দ্র করে গত দুই দিন ধরে চলছিল উত্তেজনা! শুক্রবার রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীদের সাথে প্রধান ফটকের সামনে সিএসই বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে দুই পক্ষ প্রক্টর অফিসে যায়। সেখানেই সিএসই এর শিক্ষার্থীরা চড়াও হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর। দু'পক্ষের মধ্যে ইটপাটকেল ছুঁড়তে দেখাও যায়। এই ঘটনায় প্রক্টরসহ ৮ জন আহত হয়েছেন।
রুদ্ধশ্বাস ফাইনালের মাধ্যমে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। শুরুর দিকে টিকিট বিক্রি নিয়ে অব্যবস্থাপনা থাকলেও রেকর্ড পরিমাণ আয় করেছে এবারের বিপিএল। বিসিবি দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টিকিট বিক্রি থেকে আয় ছাড়িয়ে যায় ১২ কোটি টাকা। ফাইনালে টিকিটের দাম বেশি হলেও আগ্রহ কমেনি দর্শকদের, আয়োজকদের ধারণা টিকিট বিক্রি হতে আয় ১৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিসিবির স্টেকহোল্ডারদের জন্য ফাইনালে ৬ হাজার টিকিট সংরক্ষিত ছিল, বাকি ১৬ হাজার টিকিট অনলাইন, ব্যাংক ও বুথের মাধ্যমে বিক্রি করা হয়। টিকিট বিক্রির নিয়ন্ত্রণ বিসিবির হাতে ছিল না বলে গত ৪ আসরে আয় ছিল গড়ে ৪ কোটি টাকার মতো। এবার বেড়েছে তা তিনগুণেরও বেশি। আয়ের পনের শতাংশ যাবে রাজস্ব খাতে।
পররাষ্ট্র উপদেষ্টা ভূরাজনৈতিক উত্তেজনা স্বত্বেও ভারত ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মিত্রতার কথা বলে তিনটি দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, ড. ইউনুস বিদেশি দেশগুলোর কাছে এই বিশ্বাস অর্জন করেছেন যে বাংলাদেশ ঠিক পথে আছে। গত ছয় মাসে সরকারের অর্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অর্থনীতি হোক বা রাজনীতি, দেশ সঠিক পথে এগিয়ে চলছে। পাকিস্তানের সাথে বৈরিতার সম্পর্ক বজায় রাখার কোনো কারণ নেই। আওয়ামী লীগ আমলে এই টানাপোড়েন ছিল উদ্দেশ্যপ্রণোদিত। সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছেন। ভারতের সঙ্গে হাসিনার আশ্রয় নেওয়ায় সম্পর্কে জটিলতাকে স্বীকার করে উপদেষ্টা বলেছেন, উন্নত পারস্পরিক স্বার্থের সম্পর্ক তৈরির চেষ্টা করছি। চীনের সাথে উন্নয়ন ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে, একসাথে কাজ করবে দুই দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আগের মতোই থাকবে, প্রভাব ফেলবে না, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।