সোমবার ১০ ফেব্রুয়ারি বিবিসি জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জিম্মি বিনিময় স্থগিত করেছে। অভিযোগ, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে। এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, গত তিন সপ্তাহে ইসরায়েল চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। বাস্তচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ, এমনকি চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। বিপরীতে প্রতিরোধ বাহিনী সব শর্ত মেনেছে এবং ইসরায়েল সমস্ত শর্ত না মানা পর্যন্ত জিম্মি বিনিময় হবে না জানিয়েছে হামাস।
আহত শিক্ষার্থীদের নিয়ে ‘দ্য হিরোস অফ ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। এই সময়ে উপদেষ্টা শহীদ ও আহতদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যে ফ্যাসিস্ট দোসররা আস্ফালন করছে এদেরকে কাঠগড়ায় তোলা হবে। জুলাইকে না ভোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই এখনো শেষ হয়নি, আন্দোলনের ধরন পরিবর্তন হয়েছে। এই অনুষ্ঠানে সারজিস আলম অপারেশন ডেভিল হান্টে অপরাধী সমন্বয়ক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হাসনাত আব্দুল্লাহ মাদার সংগঠন নয়, ডাকসু কেন্দ্রীক রাজনীতি করতে বলেছেন।
প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইওকে বাংলাদেশের পক্ষে কথা বলার এবং অন্তবর্তী সরকারের সংস্কার কর্মসূচি বহির্বিশ্বে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার উল্লেখ করে এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান উপদেষ্টা সিইও বিল উইন্টার্সের সহায়তা কামনা করেন। আপনার কণ্ঠস্বর মূল্যবান বলে ক্ষমতাচ্যুত লুটেরা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দ্বারা পাচার হওয়া অর্থ শনাক্ত করতে এবং ফিরিয়ে আনতে উপদেষ্টা চার্টাড ব্যাংকের সহযোগিতা আহ্বান করেছেন। জানিয়েছেন, তার সরকার এ অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
মিরপুরে চাঁদাবাজি অভিযোগে জামাল হোসেন রানা নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ দুপুরে মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে চাঁদাবাজি করার সময় জনতা খবর দিলে তাকে আটক করা হয়। জানা যায় এই যুবক মাছের আড়ত ও আড়তদার সমিতি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। একটি মাছের আড়তে গিয়ে চাঁদা ও ব্যবসায়ের ভাগ চাইলে ব্যবসায়ী দিতে অস্বীকৃতি জানালে দেখে নেওয়ার হুমকি দেন আটককৃত যুবক। টাকা না পেয়ে আড়তদারদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে অভিযুক্ত ব্যক্তি, জানিয়েছেন আড়ত ব্যবসায়ীরা।
জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কবে নাগাদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিবেন এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, এটা সরকার দেবেন। ১৫ তারিখের মধ্যে দিতে পারেন বলে তিনি তথ্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা নূন্যতম সংস্কারের পর দ্রুত নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেও তিনি অবগত করেন। ডেভিল হান্টে যেন ইনোসেন্ট মানুষ আক্রান্তের শিকার না হয় এ নিয়ে সচেতন করেছেন।
চট্রগ্রাম লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। এই মামলায় সোমবার বেলা ৩টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর তিনি পলাতক ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব বন্ধ করেন, না করা হলে আপনাদেরকেও ডেভিল হিসেবে চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজকের পর থেকে আর সতর্কও করা হবে না বলে তিনি অবগত করেন। সোমবার রাতে তার ফেসবুক পেজে এই উপদেষ্টা আরো বলেন, কথিত আন্দোলন বা মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। জুলুম করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে।
রোববার রাত ৯টার দিকে রাজবাড়ী জেলা কারাগারে আলেয়া বেগম নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়। রাজবাড়ী জেলা কারাগার জানিয়েছে, গোয়ালন্দ উপজেলার বাসিন্দা ছিলেন তিনি। জেলা কারাগারের তথ্যমতে, আলেয়া বেগমকে গত ২৩ জানুয়ারি একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। রোববার রাত পৌনে ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা উঠে তার। জেল কর্তৃপক্ষ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতির অভিযোগে অনেক আসামি বিদেশে। অনেক বড় অভিযুক্তরা পাশের দেশে, তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে। দুদক কর্মকর্তাদের এক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতির একটি বড় উৎস হচ্ছে সরকারি ক্রয়। ক্রয় পদ্ধতি, বাজার দাম এবং উপযোগের পরিমাণ বিষয়ে সচেতন করতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দুদক কর্মকর্তাদের। অপারেশন ডেভিল হান্ট থেকে দুদক বেনিফিট পেতে পারে বলেও জানান তিনি। উল্লেখ্য, দুদকের এই প্রশিক্ষণে ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
৬৫ অভিবাসী নিয়ে একটি জাহাজ লিবিয়া উপকূলে ডুবে গেছে, এমন তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় বেশ কয়েকজন পাকিস্তানের নাগরিকের পরিচয় শনাক্ত করা গেলেও বাকিদের পরিচয় শনাক্ত করা যায় নি। ৬৫ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায় লিবিয়ার জাওইয়া শহরের মারশা দেলা বন্দরের কাছে। মৃতদের পরিচয় শনাক্ত করতে পাকিস্তানি দূতাবাস একটি দল প্রেরণ করেছে। এর আগে স্পেন যাওয়ার পথে ৮৬ জন যাত্রী বহনকারী একটি জাহাজ ডুবে গিয়েছিল জানুয়ারিতে, সেইখানেও ৬৬ জন ছিলেন পাকিস্তানের নাগরিক। উন্নত জীবনের আশায় অভিবাসনের যাত্রা পথে এই ধরনের দুর্ঘটনা ঘটে।
মাংস ও ডিম আমদানি নিরুৎসাহিত করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো অবস্থাতেই আমরা মাংস-ডিম আমদানি করতে চাই না। এ আমদানির ফলে সংক্রামক রোগ জুনেটিক ডিজিজ দেশে প্রবেশের সম্ভাবনা থাকে। দেশীয় খামার ধ্বংস হয়ে যাবে বলে ব্যবসায়ী এবং রাষ্ট্রদূতদের অনুরোধ স্বত্বেও তিনি আমদানি না করার কথা জানান।এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারকে সহযোগিতা করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর হচ্ছে। ঐ অধিদপ্তরের সাথে সহযোগিতা পূর্ণ কাজ করতে তিনি প্রাণীসম্পদ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন।
নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ডিসেম্বরের যেন নির্বাচন হয় সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি রাজনৈতিক বিভিন্ন মহলের সহায়তা কামনা করেন। এক্সারসাইজ শেষ, সংস্কার প্রতিবেদন অনুযায়ী রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কাজ করার কথা জানান। এবার প্রথমবারের মতো ১৬ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও তিনি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, তাৎক্ষণিক বিচার প্রায়শই অবিচার সৃষ্টি করে। ঢাকার তেজগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি সুবিচারের জন্য যথাযথ তদন্তের গুরুত্ব তুলে ধরেন। ইউনূস বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি, তবে নিরপরাধদের সঠিক পথে পরিচালিত করা উচিত। সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন এবং তাদের পরিবারকে জাতির ইতিহাসের অংশ হিসেবে স্বীকৃতি দেন।
ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়। বেনজীরের বিরুদ্ধে ৳৯.৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৳২.৬২ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তার পরিবারের বিরুদ্ধে মোট ৳৬২ কোটি টাকার দুর্নীতির মামলা হয়েছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি তার দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে তার অপরাধ ও সাম্প্রতিক বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের নিন্দা জানিয়েছে।
লন্ডনের হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনের দ্বিভাষিক (বাংলা-ইংরেজি) নামফলক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যখন ব্রিটিশ এমপি রুপার্ট লোউ দাবি করেন যে স্টেশনের নাম শুধু ইংরেজিতে লেখা উচিত। তিনি নামফলকের ছবি পোস্ট করে লেখেন, “এটি লন্ডন—নামফলক কেবল ইংরেজিতে থাকা উচিত!” তার মন্তব্য দ্রুত ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। টেক বিলিয়নিয়ার ইলন মাস্কও সংক্ষেপে লোউর বক্তব্যকে সমর্থন জানান। তবে ভাষাগত অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে বিতর্ক এখনো চলছে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।