গাজায় ইসরাইল কর্তৃক মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত গণহত্যা চালানো ও চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ এবং শান্তিপূর্ণ মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টাফরা এতে উপস্থিত ছিলেন।
সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট করা জুতা অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দেখে পুলিশ ক্রেতা সেজে বিক্রেতাকে ধরে ফেলে এবং কিছু জুতা উদ্ধার করে। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ অভিযান চালিয়ে আরও ১৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মো. রাজন (১৯), কাজীটুলা ২. অরুণ মালাকার (৩৫), জানাইয়া, বিশ্বনাথ ৩. সুমন মিয়া রুপন (৩৫), সিদ্দরপাশা, জগন্নাথপুর, সুনামগঞ্জ ৪. মিজান আহমদ (৩০) ৫. মো. আব্দুল মোতালেব (৩৫), সওদাগরটুলা ৬. সাব্বির আহমদ (১৯), গোয়াইটুলা ৭. জুনাইদ আহমদ (১৯), কোম্পানীগঞ্জ ৮. মো. রবিন মিয়া (২০), মিরের ময়দান ৯. মোস্তাকিন আহমদ তুহিন (১৯), শাহী ঈদগাহ ১০. মো. দেলোয়ার হোসেন (৩০), দরগাহ গেইট ১১. মো. রিয়াদ (২৪), শেখঘাট ১২. মো. তুহিন (২৪), বালুচর নতুন বাজার ১৩. আল নাফিউ (১৯), বটেশ্বর বাজার ১৪. সৈয়দ আল আমিন তুষার (২৯), নোয়াখালী ১৫. মো. সোহেল খান (৪২), গোবিন্দ্রশ্রী, বিয়ানীবাজার ১৬. মো. রাকিব (১৯) ১৭. ইমন (১৯), কাজীটুলা সোমবার রাতে শুরু হওয়া এই অভিযানে মঙ্গলবার বিকেল পর্যন্ত বেশ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি জড়িতদের ধরতে অভিযান ও অনলাইনে নজরদারি অব্যাহত রয়েছে।
উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমরা একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের জন্য ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবেন। জেলেদের উদ্দেশে বলেন, ইলিশের মালিক আপনারা। আপনার নিশ্চয়তা দিলে জাটকা অবশ্যই ইলিশে পরিণত হবে। জাটকা না ধরলে নদীতে জাল ফেললে ইলিশ ভরে উঠবে। উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি ভোলা আর ইলিশের বিভাগ হচ্ছে বরিশাল। বরিশাল বিভাগে মোট ইলিশের ৬৫.৮৮ ভাগ উৎপাদন হয়ে থাকে। আগামী ৩০ জুন পর্যন্ত, জাটকা সংরক্ষণে আমাদের কার্যক্রম চলবে। এ সময় জাটকা সংরক্ষণে যে জেলা সফল হবে তাদের স্বীকৃতি দেওয়া হবে। এই সময় উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়!
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশে যারা দুর্নীতিবাজ আছে তারা কিন্তু শিক্ষিত, বেস্ট রেজাল্ট, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে; কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ায় তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, গত ১৬ বছর দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি হয়নি। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আরো বলেন, তোমরা যারা এখানে আছো তোমাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত হয়ে সৎমানুষ হতে হবে। পরীক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এটি তোমাদের প্রস্তুতি পর্ব। তোমরা যখন কোনো সমাজে যাবে তখন কেউ তোমাদের পরিচয় করিয়ে দেবে- সে ঢাবির ছাত্র, সে বুয়েটের ছাত্র, তখন তোমার প্রতি অন্যদের আলাদা একটি নজর থাকবে। আরো বলেন, সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতি না করা কিন্তু এক সমান নয়। যে সুযোগ পেয়েও দুর্নীতি করে না তারাই সমাজের বেস্ট পারসন।
ইসরাইলের সামরিক খাতে ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফটে এআই প্রযুক্তি। এ নিয়ে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বিল গেটসের সামনে প্রতিবাদ জানিয়েছেন দুই কর্মী—ইবতিহাল আবুসাদ এবং বানিয়া আগারওয়াল। চ্যাটবট কো-পাইলটের নানা ফিচার উপস্থাপন করছিলেন এআই সিইও মুস্তাফা সুলেমান। এমন সময় ইবতিহাল আবুসাদ নামের এক কর্মী মঞ্চের দিকে এগোতে এগোতে তিনি বলেন, মুস্তাফা, তোমার লজ্জা হওয়া উচিত। দাবি করছ যে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে তোমরা মানবজাতির কল্যাণের জন্য ব্যবহার করো। কিন্তু সাধারণ মানুষকে মারতে, ইসরাইলের অস্ত্রকে আরও উন্নত করতে, তেল আবিবকে কৃত্রিম বুদ্ধিমত্তা সরবরাহ করো তোমরা। ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে, আর তোমরা সেই কাজকে উৎসাহিত করছ, সহযোগিতা করছ! ফিলিস্তিনের প্রতীক কিফায়া ছুড়ে চিৎকার করে বলেন, আমাদের এলাকায় গণহত্যা চালাতে এআইয়ের ব্যবহার বন্ধ করো, মুস্তাফা। প্রতিষ্ঠানটির আরেক কর্মী বানিয়া আগারওয়াল। চিৎকার করে তিনি বলেন, ‘তোমাদের ধিক্কার। তোমরা ভণ্ড।’ দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
দুই পরাশক্তির পরিবর্তনশীল অবস্থায় যেকোনো সিদ্ধান্ত নেওয়া জটিল বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন। তিনি বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে যে চিঠি দেওয়া হয়েছে তার ইতিবাচক প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত রেসপন্স পাওয়া যায়নি। তিনি বলেছেন, আমাদের মূল বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। আমরা ওটার ওপরেই কাজ করছি। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা গতকালই ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছে। আমরা রেসপন্স করেছি, আমরা পজিটিভ কিছু প্রত্যাশা করছি। আমরাও সহযোগিতা করবো তারাও সহযোগিতা করবে। একটা উইন উইন অবস্থা।
বিএফডিসি পরিদর্শন শেষে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। শুটিং-এডিটিংসহ চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সব কাজ যেন বিএফডিসিতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা করবে। ঢাকার প্রাণকেন্দ্রে বিএফডিসির অবস্থান হওয়ায় এখানে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করার কথা জানিয়েছে জান্তা সরকার। তবে রাখাইনের যে অবস্থা তাতে করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখনই করা সম্ভব নয়। তিনি বলেন, আমরা চেয়েছি তাদের মুখ থেকে কথা আসুক। তারা স্পষ্ট করেছে, আড়াই লাখের মধ্যে তারা এক লাখ ৮০ হাজার তারা ক্লিয়ার করেছে এবং বাকি ৭০ হাজারকে তারা রিভিউ করছে। তিনি আরও বলেন, আমরা সেই সঙ্গে তাদের কাছে দাবি জানিয়েছি, আরও ৭-৮ লাখ যেটা আছে সেটা যেন তারা ত্বরান্বিত করে। এই তালিকা অ্যাপ্রুভ করা মানে এই নয় যে, কালকে তারা চলে যেতে পারবে। আন্তর্জাতিক সম্প্রদায়সহ সবাই মিলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহায়ক পরিবেশ সৃষ্টি করা হোক এবং নিরাপত্তা ও অধিকার নিয়ে যেন তারা যেতে পারে।
৫৪ তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করেছেন বাংলাদেশ। ২০২০ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিগুলো হলো একটি অ-বান্ধনযোগ্য বহুপাক্ষিক ব্যবস্থার একটি সিরিজ; যার লক্ষ্য হলো মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই সহযোগিতা। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল; যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চৌধুরী আশিক বলেন, ‘এই স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে বাংলাদেশ তার মহাকাশ গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে পারবে।’
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেটের জামায়াত নেতারা। মঙ্গলবার বিকালে বন্দরবাজারের বাটা শু স্টোর, বনফুল, পিউরিয়া, মিরবক্সটুলার হোটেল রয়েল মার্কসহ ভাঙচুরকৃত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, ভাঙচুর-লুটপাটে জড়িত দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। এরা তৌহিদী জনতা হতে পারে না। এদের একটাই পরিচয় এরা দুর্বৃত্ত। ভাঙচুরকৃত সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। এসব সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরোক্ষভাবে ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যা ও সামরিক আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচিতে তিনি বলেন, ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি খুব শিগগিরই কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করবে। শুধু নিন্দা নয়, যারা ইসরাইলকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে, সেই পরাশক্তিগুলোর বিরুদ্ধেও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের ভূমিকাও এ ঘটনায় প্রশ্নবিদ্ধ। ইসরাইল কখনোই জাতিসংঘের কোনো প্রস্তাব বা সিদ্ধান্তের প্রতি সম্মান দেখায়নি। এটি আন্তর্জাতিক ন্যায়বিচারের চরম অবমূল্যায়ন। তিনি দেশবাসীসহ বিশ্ববাসীকে ইসরাইলের এ গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান!
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. তৈয়ব (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের ডান পায়ের গোড়ালি বিছিন্ন হয়ে গেছে। জানা গেছে, জারুলিয়াছড়ি সীমান্ত পিলারের কাছে নোম্যান্স ল্যান্ডে যান তৈয়ব। এ সময় আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর আগেও সীমান্তে একাধিক এমন ঘটনা ঘটেছে!
ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে ঢাকার আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। বাদী উল্লেখ করেন, তিনি খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কমেন্ট করেন, যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এর জেরে তিনি এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।
চীনা পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে মঙ্গলবার চীন জানিয়েছে, তারা ‘শেষ পর্যন্ত লড়বে’। এতে বিশ্ববাজারে আরও ধস নেমেছে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর চীন পাল্টা ঘোষণা দেয় যে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এরপর ট্রাম্প হুমকি দেন যে চীন যদি পিছু না হটে, তাহলে সবমিলিয়ে চীনা পণ্যের উপর মোট শুল্ক হবে ১০৪ শতাংশ। চীনা মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজের পথে হাঁটতেই থাকে, চীন শেষ পর্যন্ত লড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি আবারও যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিংয়ের প্রকৃতি উন্মোচন করল।’
যৌতুক দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় নাছিমা আক্তার (৪৪) নামে এক বাদীকে সাজা দিয়েছেন আদালত। রায়ে ওই বাদীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই নারীর সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে খালাস দেওয়া হয়েছে। নাছিমা আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। তবে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।