সোমবার বিকেল ৪টা থেকে কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে ৩২ শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনরত শিক্ষার্থীরা বলেন, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতরা হামলা করলেও কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অজ্ঞাত পরিচয় লোকজনের বিরুদ্ধে দায়সারা একটি মামলা করেছে কুয়েট প্রশাসন। হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। কুয়েট কর্তৃপক্ষ ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। এরমধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীও রয়েছে।
ওয়ার্কশপে কাজ করে হাত হারানো ১০ বছর বয়সী নাইম হাসানকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়া সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি ৮ মে পর্যন্ত শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট হিসাব করে দেওয়ার রায় পালন না করায় তলবে আপিল বিভাগে হাজির হন কারখানা মালিক। আইনজীবী ওমর ফারুক বলেন, ‘আদালত সব কিছু দেখেছেন। কারখানা মালিকপক্ষের আইনজীবী বলেছেন-রিভিউ ফাইল করেছেন। এবং রেডি টু পে। এই কথার আলোকে কোর্ট আজকে ৮ মে পর্যন্ত মুলতবি করেছেন। আমরা মনে করি ৮ তারিখে তারা টাকা নিয়ে আসবে, আদেশ পালন করে কোর্টের সামনে আসবে-এটুকু প্রত্যাশা।'
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা জাহাঙ্গীর আলম ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের ভিসা ঢাকা থেকে ইস্যু করা হয় না, সেসব দেশের জন্য ঢাকায় ভিসা সেন্টার খোলার অনুরোধ করেছেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চাইলে ইইউ প্রয়োজনীয় দক্ষতা, সামর্থ্য, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা দিয়ে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারে। বাংলাদেশে এ বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ জনবলের ঘাটতি রয়েছে বিধায় উপদেষ্টা সংশ্লিষ্টদের জন্য ইইউভুক্ত দেশে এসব বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের অনুরোধ করেন। রাষ্ট্রদূত বলেন, যত বেশি সঠিক তথ্য জনগণকে সরবরাহ করা হবে, তত বেশি অপতথ্যের বিস্তার দূরীভূত হবে। উপদেষ্টা বলেন, আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি আমাদের মিডিয়াকে সব সময় সঠিক তথ্য পরিবেশনের জন্য অনুরোধ জানিয়ে আসছি।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী সাবেক মন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী মালবিকা মুনশির নামে থাকা ১২টি ব্যাংক হিসাব, ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও দুটি গাড়ি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে টিপু মুনশির উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছার থানার ৯১ শতাংশ জমি এবং স্ত্রী মালবিকা মুনশির গুলশানের জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, আসামি পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্বে থেকে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক লেবার পার্টির একজন সংসদ সদস্য। ২০১৭ সালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি।’ তবে সরকারি নথি বলছে—টিউলিপ রিজওয়ানা সিদ্দিক একজন বাংলাদেশি নাগরিক। তার নামে রয়েছে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কর শনাক্তকরণ নম্বরেও। এমনকি তিনি জমা দিয়েছেন আয়কর রিটার্নও। এসব প্রমাণপত্র বলছে, তিনি একজন বাংলাদেশি নাগরিক ও ভোটার। ২০১১ সালের ৩ জানুয়ারি এনআইডি ইস্যু করা হয়েছিল। ঠিকানা শেখ হাসিনার বাসভবন সুধা সদন। সম্প্রতি তার এনআইডি লক করে দেওয়া হয়েছে।
হংকং ইস্যুতে ছয়জন মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রধানের বিরুদ্ধে পালটা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপমূলক আচরণ’কে তীব্রভাবে নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যদি এমন পদক্ষেপ অব্যাহত থাকে, চীন আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। আগে যুক্তরাষ্ট্র চীন ও হংকংয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল, যারা হংকংয়ে গণতন্ত্রপন্থিদের দমন করতে জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এ দ্বন্দ্ব দুই দেশের মধ্যে শুল্ক আরোপ নিয়েও নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে সব শ্রমিকের অধিকারের আইনি সুরক্ষা, মর্যাদাপূর্ণ জাতীয় ও খাতভিত্তিক মজুরি নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, শ্রমিক-সহশ্রমশক্তির নিবন্ধন ও তথ্য ভান্ডার তৈরি এবং ট্রেড ইউনিয়নের অধিকার শিথিল করে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো নিশ্চিতের সুপারিশ করেছে কমিশন। এছাড়া স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ রয়েছে প্রতিবেদনে। সরকারকে দেশে বিদেশে কর্মসংস্থান ও দক্ষ শ্রমিক তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে হবে। যুবশক্তি ও উদ্যোক্তা তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে। শ্রমিকদের জন্য আপদকালীন তহবিল গঠন ছাড়াও বিদ্যমান তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করা, চব্বিশের গণঅভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহত সব শ্রমিককে শহিদ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। শ্রমখাতে দুর্ঘটনা বা অবহেলাজনিত কারণে নিহত হলে বিচার ও ক্ষতিপূরণ এবং মৌলিক অধিকারের প্রতি জোর দেওয়া হয়েছে। মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি এবং যৌন নিপীড়ন ও সহিংসতা বিরোধী নীতিমালা প্রণয়ন করতে বলা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অভিযোগ করেছে সংবিধান লঙ্ঘন করে ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দাবি, ক্যাম্পাস বিক্ষোভ নিয়ে ফেডারেল দাবিতে সাড়া না দেওয়ায় প্রতিশোধমূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিশুদের ক্যান্সার, সংক্রামক রোগ ও প্রাক্তন সেনাদের চিকিৎসা সংক্রান্ত জরুরি গবেষণা হুমকির মুখে পড়েছে। মামলায় বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত ও ইহুদি বিদ্বেষ বা একাডেমিক আচরণের মধ্যে কোনো যুক্তিসঙ্গত সম্পর্ক নেই।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে চীন বাংলাদেশের স্বাস্থ্যখাতে ১৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। অধ্যাপক জুয়েশান বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করেছে। তিনি চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা ও উচ্চতর চিকিৎসা শিক্ষার দিকগুলো তুলে ধরেন। অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই সমঝোতার মাধ্যমে গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, অবকাঠামো উন্নয়নসহ চিকিৎসা খাতের আধুনিকায়নে বড় ধরনের অগ্রগতি হবে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইয়াফা ও সামাদ-১ ড্রোন ব্যবহার করে ইসরাইলের আশকেলন বন্দরে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও উম্ম আল-রাশরাশ বন্দরের একটি সামরিক টার্গেটে দুটি পৃথক হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি জানান, মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগরে ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩০ ঘণ্টার ‘ইস্টার যুদ্ধবিরতি’ শেষ হতেই সোমবার ফের রাশিয়ার হামলায় তিন ইউক্রেনীয় নিহত হয়েছে। এর আগে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার পর্ব উপলক্ষ্যে শনিবার মস্কোর সন্ধ্যা থেকে পরদিন রোববার মধ্যরাত পর্যন্ত এই একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন পুতিন। ইউক্রেন জানিয়েছিল, তারাও এটি মেনে চলবে। এরপর পরস্পর এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর তৎপরতা কমেছে, এটি সত্য হলেও যুদ্ধ থামেনি।
অধিকৃত পশ্চিম তীরের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইলি বাহিনী। সোমবার রামাল্লা এবং হেবরন গভর্নরেটে দুটি বাড়ি ধ্বংস করা হয়েছে। একটি আবাসিক ভবনও বিধ্বস্ত করেছে দখলদাররা। এছাড়াও ফিলিস্তিনিদের যানবাহন, জলপাই গাছসহ বিভিন্ন সম্পত্তির ক্ষতি করেছে। সফারখা গ্রামে এবং বিদ্দ্যা শহরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি দখলদাররা। জাতিসংঘ বলেছে, ২১ জানুয়ারি পশ্চিম তীরে ইসরাইল নতুন সামরিক অভিযান শুরু করার পর থেকে সহিংসতা প্রায় ৪০,০০০ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে।
ওয়ামি কর্তৃক পিতৃহীন ও আর্থিকভাবে অস্বচ্ছল ৬০ জোড়া নবদম্পতির শুভ বিবাহ দেয়া হয়। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তির জন্য বিয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, হাদীসে আছে, যখন কেউ বিয়ে করে সে দ্বীনের অর্ধেকাংশ পূরণ করে, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে। চরিত্র সংরক্ষিত রাখার জন্য বিয়ে অনন্য ব্যবস্থা।
গুম ফেরত ব্যক্তিদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার, তাদের নিরাপত্তা দেওয়া এবং ক্ষতিপূরণ নিশ্চিতসহ গুম-খুনে জড়িতদের বিচার ও আওয়ামী আমলের নির্যাতনমূলক আইন বাতিলের দাবি জানিয়েছে ভয়েড। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তির বিচার নিশ্চিত করতে হবে। সংগঠনটির দাবিগুলো হলো- সংবিধান ও মানবাধিকার পরিপন্থি সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০১৩ বাতিল করতে হবে। বিনা বিচারে হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে করা সব মিথ্যা মামলা অবিলম্বে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে। অপরাধের সব সরকারি নথি প্রকাশ করতে হবে, যাতে সত্য জনগণের সামনে আসে। রাষ্ট্র ও রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ভিকটিমদের পরিবার ও পুরো জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
রোববার দক্ষিণ আফ্রিকার বিমানবন্দরে ৪৭ বাংলাদেশিসহ শতাধিক যাত্রী আটক হয়েছেন। ইমিগ্রেশন হয়ে ব্যাগেজ কালেকশন করার পরেও অনেকেই বর্ডার গার্ডের হাতে আটক হয়েছে। কী অপরাধে আটক করা হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে বলা হয়নি। সবাইকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আটকে রেখেছেন। সম্ভাবনা রয়েছে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।