জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকাল ৪টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আমার বাংলাদেশ পার্টির সাবেক প্রধান উপদেষ্টাও ছিলেন তিনি।
তারেক রহমান বলেন, আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে, সাংবাদিকেরা ভয়হীনভাবে কাজ করতে পারবেন। ফেসবুকে তিনি ২০০৯ সালে বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে আঁকা মেহেদী হকের একটি ব্যঙ্গচিত্র যুক্ত করে লেখেন, সাংবাদিকেরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের স্বাধীনতা রক্ষা করা না গেলে গণতন্ত্রও টিকবে না। বাংলাদেশে সম্প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতা ভয়াবহভাবে হুমকির মুখে পড়েছে। ক্ষমতাচ্যুত শাসকের পৃষ্ঠপোষকতায় দমনপীড়ন চালানো হয়েছে। তিনি জানান, নানা বাধার মধ্যেও কিছু সাহসী সাংবাদিক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, আর্থসামাজিক ব্যর্থতার মতো বিষয়ে আলোকপাত করেছেন। এই সাহসী সাংবাদিকদের অবদান তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
বিএনপি নেতা আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশে বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগ্রহ রয়েছে রাশিয়ার । আরও বলেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে, সে সম্পর্কেও জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত। আলোচনায় রাশিয়া-বাংলাদেশের জ্বালানি খাতেও সহযোগিতার বিষয় উঠে এসেছে। খসরু বলেন, রাশিয়া একটি জ্বালানি সমৃদ্ধ দেশ। এ খাতে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে বৈঠকে। উল্লেখ্য, এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি টিমের সাথে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, প্রাথমিক শিক্ষার প্রতি যত্নশীল না হলে অদক্ষ লোক তৈরি হবে, অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যেখানে আপনার ভূমিকা আছে সেখানে আপনি তা চালু করেন। যেন প্রাথমিক শিক্ষার উন্নতি ঘটে। এটা না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারবে না। আরও বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা কতটুকু পারে সেদিকে নজর দেবেন। বাচ্চাটা পড়াশোনা পারে কিনা তার ওপর বেশি গুরুত্ব দেবেন। যদি কোন বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি কারণ দর্শাবেন স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নিবেন।
বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি। ফজলুর রহমান তার পোস্টে বলেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’ ফজলুর রহমানকে উদ্দেশ্য করে ওয়াইসি বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে যে একটি স্বাধীন দেশ হিসেবে আপনার অস্তিত্ব ভারতের কাছে ঋণী।’ পাকিস্তানের সমালোচনা করে তিনি বলেন, ‘এরা একটি ব্যর্থ জাতি। যারা ভারতকে কখনো শান্তিপূর্ণভাবে থাকতে দেবে না। তবে ভারত পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী এবং সর্বদা তাই থাকবে।'
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ে নিঃসন্দেহে গণমাধ্যমের স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি। তবে একটি সংবাদ গোষ্ঠী আরেকটি গোষ্ঠীকে আক্রমণ করে এবং তাতে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীও যুক্ত হয়। সংবাদপত্রের স্বাধীনতায় সে নানা কিছু বলবে। কিন্তু সেটা গ্রহণ না করে সংবাদপত্র গুঁড়িয়ে দেওয়াটা আমরা সমর্থন করি না। তিনি বলেন, বিএনপিই প্রথম সংবাদপত্রের স্বাধীনতাকে ১৯৭৫ সালে ওপেন করেছিল। তার আগে বাকশালের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে নস্যাৎ করা হয়েছিল। তাই বলে আমরা ধোয়া তুলসি পাতা নই। কিন্তু, এটা বলতে পারি যে, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ আগের তুলনায় অনেকটাই কমে গেছে। ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর যে দলীয়করণ নীতি চালিয়েছে, গণমাধ্যমও তার বাইরে ছিল না। তিনি বলেন, গণমাধ্যমকে এই ফ্যাসিজমের ভেতর থেকে বের করে আনতে আমাদের সুনির্দিষ্ট রূপরেখা প্রয়োজন। কারণ, বিগত সময়ে মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক ছিল, সেই আধিপত্য থেকে যদি মিডিয়া বের না হয়, তাহলে জুলাই পরবর্তী যে মুক্ত গণমাধ্যমের চিন্তা আমরা করছি, তা নিশ্চিত করা সম্ভব হবে না। আহ্বায়ক বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে গণমাধ্যমে বিভিন্ন ভুল তথ্য প্রকাশিত হতে দেখেছি। এ বিষয়ে গণমাধ্যমগুলোর আরও পেশাদারিত্ব দেখানো প্রয়োজন। আরও বলেন, গণমাধ্যমের মালিকানার বিষয়টি আরও সুস্পষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ, অনেক কর্পোরেট মালিক বা একটি গোষ্ঠী গণমাধ্যমকে ব্যবহার করে। ফলে, তাতে গণমানুষের কথা না উঠে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য ধারণ করে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তারা ফিরে যাবে। তিনি বলেন, নিরাপত্তা সংকটের আমরা এখনও একটি কার্যকর সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে দুটি দিক রয়েছে। একটি হলো অধিকার, অন্যটি নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না। তবে আমরা কোনো অযৌক্তিক প্রত্যাশায় নেই। যেই নির্যাতন থেকে তারা বাঁচতে চেয়েছিল, আমরা কি তাদের সেই জায়গায় ফেরত পাঠাব? আরো বলেন, মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এ বিষয়ে বাস্তব কোনো ফল আসবে না। রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে একটি রোডম্যাপ থাকা দরকার বলেও অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। এতে তিনি আরাকান আর্মি, জান্তা সরকার ও জাতীয় ঐক্য সরকারকে যুক্ত করে ব্যবস্থা নিতে হবে বলে জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন বলেন, মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে, যা কখনো কাম্য নয়। রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না উল্লেখ করে ড. আরো বলেন, যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে। এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান উপদেষ্টা।
সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস লিখিতভাবে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগকে জানিয়েছে, এই নামে কেউ কখনো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও কোনো তথ্য নেই। ব্যারিস্টার অনীক আর হক বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উল্লেখ্য, আদালত তা আবার ফিরিয়ে দেয়!
ডিএমপি'র প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত ২৯ এপ্রিল মিডিয়ায়'পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুসের গোপন মিশন' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। অভিযোগ সমূহ তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্ন লিখিত কর্মকর্তাদের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির সদস্যরা হলেন, ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিশন) রাশেদ হোসেন পরাগ।
১২ দলীয় জোটের সাথে বৈঠকের আগে অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যাঁরা সংগ্রামে আছেন, যাঁরা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সঙ্গে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন—কী করে আমরা এক জায়গায় আসতে পারি' তিনি বলেন, ‘আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারব না, কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক জায়গাগুলোতে আমাদের একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’ চলতি মে মাসের মাঝামাঝি দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হবে, সেগুলোর ভিত্তিতে জাতীয় সনদ তৈরি হবে।’
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গ্রিগোরিভিচ খোজিন সাক্ষাৎ করেছেন। বিএনপি মহাসচিব ছাড়া স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নিয়েছেন বৈঠকে।
রাশিয়া এখনো কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি। ভলোদিমির জেলেনস্কি পুতিনের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘নাটক’ বলে প্রত্যাখ্যান করেছেন। কিয়েভ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না, যাতে পুতিন ৯ মে’র অনুষ্ঠান উপলক্ষে নিজের একঘেয়েমি কাটিয়ে উঠতে পারেন।’ ওই দিন রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদ্যাপনে কিছু বিদেশি নেতা মস্কো সফরে যাচ্ছেন। ক্রেমলিন জানিয়েছে, প্রায় ২০টি দেশের নেতা, যার মধ্যে চীনের শি জিনপিংও রয়েছেন! জেলেনস্কি বলছেন ঐদিনে রাশিয়ার ঘটনার দায় ইউক্রেন নেবে না, ‘রাশিয়া নিজেই আগুন, বিস্ফোরণ ইত্যাদি ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাতে পারে।
বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান লেখেন, ‘কাতারের সরকার, রাজপরিবার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের ইন্টেরিম গভর্নমেন্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিএনপির আবেদনে, ইউনূস সরকারের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন।’ আরও লেখেন, ‘চিকিৎসার উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার লন্ডন যাওয়া এবং সেখান থেকে ফেরার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় অতি উন্নত প্রযুক্তি ও বহুবিধ সুবিধাসম্বলিত এই এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত হওয়ায় আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।’
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।