শনিবার বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা. জোবাইদা রহমান। কোকোর কবরে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও মোনাজাত করেন জোবাইদা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ফরহাদ মজহার ভাই, বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই।...আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব।’।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়। সমস্যা মনমানসিকতার। পাকিস্তান সৃষ্টির মূল কারিগর ছিল মুসলিম লীগ। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জাসদও বড় দল ছিল। আজ কয়েক ভাগে বিভক্ত। ভাসানী-কাজী জাফরের নেতৃত্বাধীন ইউপিপিও বিলীন হয়ে গেছে। জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতেই বিলীন হয়ে যায়। গয়েশ্বর বলেন, ‘আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করে কারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারাটি কী? আওয়ামী লীগ যদি দেশ ও গণতন্ত্রের জন্য পয়জম হয়, মানুষ যদি মনে করে আওয়ামী লীগ দেশের জন্য, গণতন্ত্রের পয়জম, তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দেবে।’ তিনি বলেন, জামায়াত এখনো নিষিদ্ধ দল। এখনো তারা নিবন্ধন ফিরে পায়নি। তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। এই জামায়াত কীভাবে নিষিদ্ধ হয়েছিল?
ভারতের সঙ্গে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছুক্ষণ পরই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সবধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। দেশের সব বিমানবন্দর স্বাভাবিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় বলেছেন যে, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার জানান, প্রাথমিক স্কুলে ফের বৃত্তি পরীক্ষা চালুর ব্যাপারে সরকার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আবরার বলেন, শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তাদের যথাযথ মর্যাদা দিতে যা যা করণীয় তা বর্তমান সরকার করে যাচ্ছে। তিনি বলেন, সরকারের দায়িত্ব আজকের শিশু কিশোরদের প্রতিভার উন্মেষ ঘটিয়ে আগামীর জন্য প্রস্তুত করা, যা আমরা করে যাচ্ছি। উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় বলেন, দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শিক্ষকদের নামে যেনতেনভাবে মামলা দেওয়ায় স্কুল পরিচালনায় বিঘ্ন ঘটছে। উল্লেখ্য, শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৪ ক্যাটাগরিতে ১৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরণের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে। দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে! দুই ডিজিএমও আবার ১২ তারিখ, সোমবার দুপুর ১২টার সময়ে কথা বলবেন বলে জানান মিশ্রি। উল্লেখ্য, এর আগে যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও দুরদৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা!’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। একই সঙ্গে তিনি গত ৪৮ ঘণ্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ১৫-১৬ বছর আগে গুম হওয়া সুমনের বাসায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। অথচ হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে সেদিকে তাদের দৃষ্টি নেই। সরকার প্রকারান্তরে কোনো না কোনোভাবে প্রকৃত ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করছেন কিনা এই ধরনের সংশয় তৈরি হয়েছে। রিজভী বলেন, একটা দায়িত্বশীল নির্বাচিত সরকার থাকলেই তাদের জনগণের কাছে জবাবদিহি থাকে শেখ হাসিনার সেটি ছিল না। তার উদ্দেশ্য ছিল তোরা যে যাই বলিস আমি আমার ক্ষমতা ছাড়ছি না যার ফলে শেখ হাসিনা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করতো। এখনো কিন্তু নানাভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তাহলে তো একইভাবে শেখ হাসিনারই পুনরাবৃত্তি হচ্ছে! আরো বলেন, আদাবর এলাকায় সারারাত বিদ্যুৎ ছিল না এর জন্য আমরা কাকে বলবো? নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা করার জন্য মেয়র সংসদ সদস্য থাকতো!
শনিবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী মুস্তাফা জামান আব্বাসী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্ম নেওয়া বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পীর গান ও গবেষণা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে। প্রসঙ্গত, শনিবার ভোরে বনানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংস্কৃতিক অঙ্গনের এই বরেণ্য ব্যক্তিত্ব।
শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি লঞ্চ। ৩০০ থেকে ৪০০ জন উঠতি বয়সি ছেলেমেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে লঞ্চটি ভাড়া করে। ছেলে-মেয়েরা লঞ্চের ছাদে গান, বাজনা ও নাচের আয়োজন করে। লঞ্চটি রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থামে। পরে লঞ্চঘাটে থাকা অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন লঞ্চে উঠে ছেলে-মেয়েদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই নারীকে মারধর করে এক যুবক। এক ভিডিওতে দেখা যায়, গণহারে অপ্রাপ্তবয়স্ক পুরুষ যাত্রীদের পেটাচ্ছেন ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। দুই নারীকে পেটানো যুবক নেহাল আহমেদ বলেন, মব নিবৃত্ত করতে পিটিয়েছেন এবং ৮টি মোবাইল পুনরুদ্ধার করে ফেরত দিয়েছেন। ঘটনায় অনুতপ্ত বলেও জানান।
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত চারটি নয়, এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে পাল্টা পদক্ষেপ। ডিসমিস ল্যাব শুক্রবার জানিয়েছিল যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব। শনিবার জানিয়েছে, বাংলাদেশের আরও দুটি টেলিভিশন চ্যানেল-সময় টিভি এবং ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে।
ডিএমপি সবার অবগতির জন্য জানিয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’ পার্শবর্তী এলাকা হলো- হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড! এর আগেও দুইবার যমুনা ও সচিবালয়কে কেন্দ্র করে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছিল ডিএমপি।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। এহেন উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।
গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘প্রিয় দেশবাসী, আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত দুই দিন ধরে ছাত্র-জনতা রাস্তায় অবস্থান করছে। ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি।’ তিনি বলেন, ‘গত দুই দিনে এই আন্দোলনকে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই আন্দোলন কোনো একক দলের বা মতের নয়। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র-জনতা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে। সবার ঐক্যমতের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে পালিত হবে।’ এই সময় তিনি সবাইকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে কথা বলেছেন। ’ আরও বলা হয়েছে, ‘রুবিও উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করে যাচ্ছেন এবং ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করার জন্য মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন। ’
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।