আইএমএফ বলেছে, বাংলাদেশের অর্থনীতি নানাদিক থেকে এখনো চাপের মধ্যে রয়েছে। রিজার্ভ পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। কর জিডিপি অনুপাত এখন প্রত্যাশার চেয়ে অনেক কম। দারিদ্র্য বিমোচনে যথেষ্ট অর্থ খরচ করতে পারছে না। অবস্থা পুনরুদ্ধারের জন্য সংস্কার কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। এর মধ্যে ডলারের বাজারভিত্তিক বিনিময় হার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক হবে। যা আগামীতে অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। রাজস্ব আয় বাড়াতে হবে। সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমের ওপরই চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নির্ভর করবে। শর্ত বাস্তবায়ন না হলে ঋণের অর্থ ছাড় নাও হতে পারে। জানা গেছে, সরকার ও আইএমএফ একটি সমঝোতায় পৌঁছেছে। এর বাস্তবায়নের দিকটি বিবেচনায় করেই কিস্তি পাস হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাদের উদ্দেশ্যে বলেন, ‘ইতিহাসে চিরন্তনভাবে থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে, পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে। এরমাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।' মোদির উদ্দেশ্যে শাহবাজ বলেন, ‘বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। যা মোদির কাছ থেকে আসছে।’ শাহবাজ বলেন, ‘যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে। তাহলে জেনে রাখুন: পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা। যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না।’ আরো বলেন, ‘মোদি, আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান। তাহলে আপনারা ধারণার বাইরের পরিণতি ভোগ করবেন।’
পাকিস্তানকে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ বয়কট করছেন ভারতীয় পর্যটকেরা। বুকিং সংস্থাগুলো বুধবার জানিয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুকিং সংস্থা মেকমাইট্রিপ-এর এক মুখপাত্র জানান, গত এক সপ্তাহে তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ সংক্রান্ত বুকিং ৬০ শতাংশ কমেছে এবং বাতিলের হার ২৫০ শতাংশ বেড়েছে। ইজিমাইট্রিপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রিকান্ত পিটি বলেন, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তুরস্কের জন্য ২২ শতাংশ এবং আজারবাইজানের জন্য ৩০ শতাংশ ভ্রমণ বাতিল হয়েছে।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনভাবেই প্রত্যাশিত নয়।’ আরও লিখেছেন, ‘আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন। কিন্তু এ ধরনের উগ্র ও হঠকারী আচরণ গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে।’ হাসনাত লিখেছেন, ‘মাহফুজ আলম আইনি পথে হাঁটবে কি না জানি না, তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া। তিনি বলেন, 'সরকারের আচরণও সন্দেহজনক। সকল জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট। জবি শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলেও সেটির বিষয়ে কেন এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, সেটিও এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে।’
উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজকে থেকে ‘চল চল যমুনা যাই’-এই রাজনীতি আর হতে দেব না। ন্যায্য দাবিদাওয়া হলে সরকার আলোচনার জায়গা প্রথম থেকেই খোলা রেখেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ভেতর যারা আজ হেনস্থা করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। যারা স্যাবোটাজের অভিপ্রায়ে এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদের বর্জন করা। তাদের শাস্তির আওতায় আনতে হবে। একটি অংশ রয়েছে আন্দোলনে, যাদের আমি স্যাবোট্যুর মনে করি। যারা স্যাবোটাজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢোকে। আমি তাদের নাম আজ আর উল্লেখ করব না। গত ৮ মাস থেকে তারা একজন ব্যক্তির পেছনে লেগে আছে। মিডিয়া ও প্রশাসনের দায়িত্ব তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে। উপদেষ্টা মাহফুজ বলেন, আন্দোলনকারীরা তিনটি দাবি দিয়েছেন। সরকার খুব আন্তরিক বলে জানান।
বুধবার বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’র বাধা, হামলা ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। সাত নেতাকর্মী আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, উদীচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পালটা পালটি কর্মসূচিতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ অবস্থান নেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনের এক কর্মকর্তাকে মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপের অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়। তবে অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিপিপিএ-এর পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশব্যাপী সরকারি কেনাকাটায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেমের শতভাগ কাভারেজ নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিপিপিএর সিইও মির্জা আশফাকুর রহমান সভায় জানান, মূল্যমানের দিক থেকে বর্তমানে দেশের মোট সরকারি ক্রয়ের ৬৫ শতাংশ ই-জিপি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। উপদেষ্টা বলেন, ই-জিপির আওতা ১০০ শতাংশে উন্নীত করতে হবে এবং এ লক্ষ্যে বিপিপিএর সিইওকে সংশি্লষ্ট কার্যক্রম ও সম্পদ পরিকল্পিতভাবে পরিচালনার নির্দেশনা দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগে দ্রুত উদ্ধার সহায়তায় ৬০ সদস্যের বিশেষ ফোর্স ও বিভাগীয় শহরে ২০ জনের বিশেষ টিম গঠন করা হচ্ছে। ডিজি বলেন, ভূমিকম্প হলে আমাদের অধিদপ্তরও আক্রান্ত হতে পারে। তাই বলে উদ্ধার অভিযান দলকে আক্রান্ত হতে দেওয়া যাবে না। তাই আমাদের কমান্ডিং ফোর্সকে আলাদা করা হচ্ছে। আরও বলেন, প্রতি বিভাগীয় শহরে ২০ জনের একটা করে বিশেষ টিম গঠন করা হচ্ছে। যদি চট্টগ্রামে ভূমিকম্প হয়, ওই টিম যেন দ্রুত মুভ ও রেসপন্স করতে পারে। পাশাপাশি ঢাকার ৬০ জনের বিশেষ টিমকেও সেখানে পাঠানো যাবে। ডিজি বলেন, বর্তমানে ঢাকায় ১৮/২০টা স্টেশন আছে। বড় ভূমিকম্প হলে ৮/১০টা স্টেশন ক্ষতিগ্রস্ত হতে পারে। বাকি স্টেশনগুলো তখন বিশেষ ফোর্সের সঙ্গে সহায়তা করবে।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশে এ মুহূর্তে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। বাংলাদেশ খাদ্যশস্য বিশেষত গম ও সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করে। দেশে বর্তমানে গমের চাহিদা ৭০ লাখ টন। নিজস্ব উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন আমদানি করতে হয়। তিনি দুদেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
স্বামীর বিরুদ্ধে কয়েক মাস পর পর মোট ৯ বিয়ের অভিযোগ করেছেন সাবেক অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেন হ্যাপি। তার আইনজীবী বলেন, গত ৭ বছর আগে নড়াইলের সাবেক এমপি প্রয়াত মুফতি শহিদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তালহা প্রায়ই হ্যাপি ও তার সন্তানের ওপর নির্যাতন করেন। সামান্য কথার বিপরীত হলেই গায়ে হাত তুলতেন তালহা। হ্যাপি বলেন, তার আসল চরিত্র প্রকাশ হওয়ার পর থেকেই আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাকের কথা অসংখ্যবার বলেছি। যতবারই আমি তালাকের কথা বলতাম ততবারই তিনি আমাকে অমানুষিক নির্যাতন করেছে। তালাকের শরীয়তসম্মত অধিকারটা আমার কাছে নেই। গত পরশু মামলা করার পর রাতেই তালহা বাসায় লোকজন নিয়ে এসে আমার ৫০-৬০ লাখ টাকার ব্যবসায়িক মালামাল নিয়ে যায়। এছাড়া মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন বলেছেন, অনেকে সংস্কারের কথা বলেন, কিন্তু অতীতের দিকে তাকিয়ে দেখেন সংস্কারের দলই হচ্ছে বিএনপি। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রথম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনীতির শৃঙ্খলা ও সংস্কার শুরু করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি ফর্ম অব গভর্মেন্ট এটি অত্যন্ত বড় সংস্কার ছিল। জাহিদ বলেন, নারীদের ক্ষমতায়নের প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বিএনপির। বিএনপি সেই দল যে দল দেশের মানুষকে ফেলে পালিয়ে যায় না। যে দলের নেত্রী অনেক প্রলোভন অনেক সুযোগ সুবিধার প্রস্তাবনা আসার পরেও শত বাধাবিপত্তির মুখেও বাংলাদেশে থেকেছেন। এই সময় তিনি মানুষের অধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার দাবি জানান।
বুধবার রাতে ৮টা ২০ মিনিটে সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। 'সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ঢাবি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাসের পাশাপাশি মিছিল থেকে ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, শেখ হাসিনা গত ১৬ বছর ধরে তাদের দমন করেছে। জুলাই বিপ্লবের যারা শহিদ হয়েছেন, তাদের একটাই দাবি— নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন চায়। তিনি বলেন, ‘জনগণকে একটি নির্বাচন রোডম্যাপ দিন, তারা সে অনুযায়ী প্রস্তুতি নেবে। ফারুক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ এবং ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো সংস্কার বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। শেখ হাসিনার নির্দেশে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জুলাই মাসে যে নিপীড়ন চালিয়েছে, তার বিচার অবশ্যই করতে হবে। ফারুক বলেন, শেখ মুজিব গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার কন্যা শেখ হাসিনা সেই পথেই হেঁটেছেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে গত ৮ মে একইভাবে দুইটি পত্রে প্রতিষ্ঠানটির ১৮ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি ও প্রকল্প এলাকায় নিষেধাজ্ঞা দেয়া হয়। অভিযোগ উঠেছে শৃঙ্খলাবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১০ দিনের মধ্যে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।