Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ফারাক্কার বিরূপ প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদের প্রাণ-প্রকৃতি, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের অন্তত ছয় কোটি মানুষ সেচ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গঙ্গা-পদ্মার প্রায় দুই হাজার কিলোমিটার নৌপথ অকার্যকর হয়ে পড়েছে। লবণাক্ততার কারণে খুলনা অঞ্চলে ধান উৎপাদন কমে গেছে। সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। গনি চৌধুরী বলেন, ভারত উজানের রাষ্ট্র হিসেবে ভাটির দেশ বাংলাদেশের সঙ্গে সৎ প্রতিবেশী হিসেবে আচরণ করতে ব্যর্থ হয়েছে। ফারাক্কা সমস্যা সমাধানে ব্যর্থ সরকারগুলো টিপাইমুখ বাঁধ নির্মাণের পক্ষে দেশের স্বার্থবিরোধী ওকালতি করেছে। ফারাক্কা, টিপাইমুখসহ ভারতের অব্যাহত পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই। ভারতের এই পানি নিয়ে অপরাজনীতি বন্ধ করতে বাধ্য করতে হবে।

Card image

জাতিসংঘ জানিয়েছে, নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। তাদেরকে কেবল জীবনরক্ষাকারী জ্যাকেট দেওয়া হয়। রোহিঙ্গা শরণার্থীদের আইনজীবী জানান, ভুক্তভোগী পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছে, যাতে ভারত সরকারকে তাদের পরিবারদের দিল্লিতে ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া ভারত শরণার্থীদের বাংলাদেশে পুশইন করা শুরু করেছে!

Card image

খেলাফত মজলিস বিবৃতিতে বলেছে, সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে তথাকথিত মানবিক করিডোর প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতায় ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশি রাষ্ট্র কিংবা বহুজাতিক গোষ্ঠীর কাছে লিজ দেওয়ার বিষয়ে প্রকাশ্যে ও গোপনে নানা আলোচনা ও প্রস্তুতি চলমান রয়েছে। এতে আমরা উদ্বিগ্ন। সংগঠনটি বলছে, এ ধরনের তৎপরতা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূ-রাজনৈতিক স্বার্থের প্রতি মারাত্মক হুমকিস্বরূপ। এছাড়া রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর সংক্রান্ত সব আলোচনা, চুক্তি ও প্রস্তুতি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

Card image

সারা দেশে পৃথক বজ্রপাতের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় তিনজন, কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরে দুই গৃহবধূ, কিশোরগঞ্জের ইটনায় কৃষক, ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্র, টাঙ্গাইলের কালিহাতীতে শিশু, শেরপুরের শ্রীবরদীতে শ্রমিক ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কৃষক নিহত হয়েছেন। ঝড়ের সময় বাইরে কাজ করতে গিয়ে, কেউ বা স্বজনকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে দুর্যোগের শিকার হয়েছেন।

Card image

আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, কাউকেই আর ফেরানো যাবে না। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। করিডর ইস্যুতে ফারুক বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া। যদি তা হয়, তাহলে জুলাই আন্দোলনে শহিদদের আত্মা শান্তি পাবে।

Card image

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘সিএস খতিয়ান অনুযায়ী ঢাকা সিটির খালের দৈর্ঘ্য ছিল প্রায় ৩৪০ কিলোমিটার এরমধ্যে ১২০ কিলোমিটার চলে গেছে বিভিন্ন সড়ক ও রাস্তার নিচে। এই তিন মাসে প্রবহমান করতে পেরেছি ১০৮ কিলোমিটার। তবে এই বছরের মধ্যে আমরা বাকি ১১২ কিলোমিটার খাল বেদখল এবং খননের কাজ সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।’ এজাজ জানান, ‘রাজধানীর খালগুলোকে নিয়ে প্রথমত পরিকল্পনা হচ্ছে জলাবদ্ধতা দূরীকরণের জন্য খালের প্রবাহ বৃদ্ধি করা, যেটা আগে ছিল না। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে ১০৮ কিলোমিটার খাল খনন করেছি। প্রাথমিক উদ্দেশ্য ছিল এবারের বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে নিয়ে আসা।’ এছাড়া তিনি জানান, অল্প টাকাতেই তারা এইসব উন্নয়মূলক কাজ করতে সক্ষম হচ্ছেন।

Card image

এনসিপির যুব শাখা হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় যুবশক্তি’। নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়। বিকেলে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করা হয়।

Card image

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ২ দিনের ‘অর্ধদিবস’ কর্মবিরতি ঘোষণা দিয়েছে। রেজোয়ান খন্দকার বলেন, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ৫ মে সারা দেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা নিজ নিজ আদালত প্রাঙ্গণে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। তবে আমাদের দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ২২ ও ২৩ জুন ২ দিন সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা ‘অর্ধদিবস’ সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন। জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান এবং ব্লকপদ বিলুপ্ত করে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুদফা দাবি পূরণ না হওয়ায় নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Card image

সিলেট অঞ্চলের সীমান্তে বিএসএফের অপতৎপরতা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক পুশইনের মাধ্যমে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে শত শত মানুষকে। এ বিষয়ে সীমান্তজুড়ে সতর্কতা ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। কুলাউড়ার মুরাইছড়া সীমান্ত দিয়ে ১৪ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এর আগের দিন বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঢুকিয়ে দেয় বিএসএফ। লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মূলত কুড়িগ্রাম ও যশোর জেলার বাসিন্দা। দীর্ঘদিন ভারতে বসবাস করলেও সম্প্রতি দেশটির পুলিশ ও সীমান্ত রক্ষীরা কঠোর অবস্থান নিয়ে তাদের ধরে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে সুযোগ বুঝে পুশইন করা হচ্ছে বাংলাদেশে। এছাড়া ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় আন্তর্জাতিক সীমান্তজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এজন্য টহল বাড়িয়েছে বিজিবি।

Card image

প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন কুরবানি ঈদ উপলক্ষ্যে সব হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে। সেখানে ভেটেরিনারি সার্জন থাকবেন, তারা চিকিৎসাসেবা প্রদান করবেন। তিনি বলেন, গবাদিপশুর পাশাপাশি মানুষেরও কিছু চিকিৎসাসেবা থাকা দরকার। গরু-ছাগলের পেছনে যে মানুষ কাজ করেন, তারা যেন নিরাপদে আসতে পারেন, নিরাপদে ফেরত যেতে পারেন সেটারও আমরা ব্যবস্থা নিচ্ছি। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজিবি ও নৌপুলিশকে এ বিষয়ে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যেন ঈদে অবৈধভাবে পণ্য না আসে। তিনি বলেন, কৃষিতে যে হারে বিদ্যুৎ বিল নেওয়া হয় একই হারে মৎস্য ও প্রাণিসম্পদে নেওয়া হয় না। এতে ছোট ছোট খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Card image

ভারতীয় পানি আগ্রাসন নীতি রুখতে ও সর্বত্র প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গণসমাবেশ হয়েছে। বিএনপি নেতা আবদুল মঈন খান বলেন, ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত ৩৬টি নদীর ওপর ভারত সরকার আন্তর্জাতিক পানিবন্টন চুক্তি আইন লঙ্ঘন করে ৫৪টি অবৈধ বাঁধ নির্মাণ করেছে। যার ফলে বাংলাদেশের নদীর পানি শুকিয়ে ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদীদের সঙ্গে এ যাবৎ সম্পাদিত সব অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের পানি আগ্রাসন নীতি রুখতে সর্বত্র প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের। ভাসানীর দৌহিত্র আজাদ খান ভাসানী বলেন, পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, দিলি­র দাসত্ব মেনে নেব না। প্রয়োজনে যুদ্ধ করে, লড়াই করে আমরা আমাদের পানির ন্যায্য হিসাব আদায় করে ছাড়ব।

Card image

জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, যা শিগগিরই শুরু হবে। আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে, ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, আমরা সারাদিন এটা নিয়ে আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কাজ করেছি। আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য গণঅনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমাদের চতুর্থ দাবি ছিলো আমাদের ওপর হামলায় জড়িতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হামলার ঘটনায় পুলিশ দু:খ প্রকাশ করেছে। সাত দিনের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।

Card image

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যা করার ইতিহাস, এক দলীয় শাসনতন্ত্র কায়েম করার ইতিহাস। ২০১৪ থেকে প্রবঞ্চনামূলক নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আওয়ামী লীগের আমলে ট্যাক্স ছাড়ের নামে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা যদি অর্ধেকও রোধ করা যেত, তাহলে জাতীয় শিক্ষা ও স্বাস্থ্য বাজেট আরও তিনগুণ করা যেত। আরো বলেন, ১৮ কোটি মানুষের মধ্যে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা বছরের পর বছর ঝুলে থাকলে দেশে অশান্তি বিরাজ করতেই থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতা রাখতেই ন্যাশনাল রিকনসিলিয়েশনের ধারণা দিয়েছে বিএনপি।

Card image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সরকার ডিজিটাল রূপান্তরের সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জনগণের সরকারি সেবা প্রাপ্তি সহজতর করতে ও হয়রানি কমাতে ডিজিটাল সেবাকেন্দ্র ‘নাগরিক সেবা’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন নাগরিক সেবাকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবা চালু করা হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং ট্রেনিং এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য শি-এসটিইএম ট্রেনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে, যা প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলসহ সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

Card image

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ সম্পন্ন হয়েছে। এর ঘোষণাপত্রে বলা হয়, আমাদের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম কোনোটাই সরল নয়, সমরূপী নয়। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজে ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। আমরা মনে করিয়ে দিতে চাই, কৃষকের ভূমির অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটিই নারী-সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায়ভিত্তিক সমাজের নির্ণায়ক। সমাজের সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত না করে সবার জন্য মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত করা যায় না। ঘোষণাপত্রে নারী কমিশনের বিরুদ্ধাচরণ ও নারীদের অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে। সর্বত্র নারীর হক্ব প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে। নারী কমিশনের উপর কদাকার শব্দচয়নের বিরুদ্ধে সরকারের নিরবতার নিন্দা জানানো হয়েছে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।